টেরিটাওয়েল (তোয়ালেজাতীয় পণ্য) উৎপাদক বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে পাঁচটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন অনুসন্ধান দল গঠন করে। দুদক সূত্র জানায়, দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মো তৌফিকুল ইসলাম ও মো. গুলশান আনোয়ার প্রধান এবং উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ ও মো. আল আমিন। একই সঙ্গে বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী ও তাঁর স্ত্রী এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওরীন হাসিবকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে তাঁরা পলাতক বলে জানা গেছে।বিসমিল্লাহ গ্রুপ জালিয়াতি করে জনতা ব্যাংক থেকে ৩৯২ কোটি ৫৭ লাখ টাকা, প্রাইম ব্যাংকের এক শাখাতেই ৩০৬ কোটি ২২ লাখ টাকা, যমুনা ব্যাংকে ১৬৩ কোটি ৭৯ লাখ টাকা, শাহজালাল ব্যাংকে ১৪৮ কোটি ৭৯ লাখ টাকা ও প্রিমিয়ার ব্যাংকের ৬২ কোটি ৯৭ লাখ টাকা তুলে নিয়েছে।