অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য মহানগর পুলিশের উপকমিশনারকে আদেশ দেওয়া হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেত্রী ফেরদৌস বেগম আজ বৃহস্পতিবার আদালতে মানহানির মামলা করলে মহানগর হাকিম আজিজুল হক এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, মহানগর হাকিম আজিজুল হক ফৌজদারি কার্যবিধির ২০২ ধারা অনুযায়ী ফেরদৌস বেগমের অভিযোগের ওপর অনুসন্ধান প্রতিবেদন দাখিলের করতে পুলিশের উপকমিশনারকে আদেশ দেন। একজন হাকিম নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, পুলিশের প্রতিবেদনের ওপর নির্ভর করছে মামলাটি আমলে নেওয়া যাবে কি না।মামলার আরজিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরতলির বালুছড়া এলাকায় জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নবায়নের কর্মসূচি ছিল। অনুষ্ঠানে উপস্থিত নগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মহিউদ্দিন চৌধুরী স্থানীয় মহিলা কাউন্সিলর ও বায়েজিদ থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফেরদৌস বেগমের সঙ্গে অশোভন আচরণ করেন। উপস্থিত দলীয় নেতা-কর্মীদের সামনে ফেরদৌস বেগমকে হাত ধরে টেনে-হিঁচড়ে সরিয়ে তাঁর বসার চেয়ারও মেয়র ছুড়ে মারেন, যা ছিল শিষ্টাচারবহির্ভূত।আদালত সূত্র জানায়, মেয়রের এই অশোভন আচরণের প্রতিকার চেয়ে ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম গতকাল ৫০০ ধারায় মহানগর হাকিম আদালতে মানহানি মামলা করেন। বাদীর পক্ষে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত এবং মেয়রের পক্ষে চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ গতকাল সকালে শুনানিতে অংশ নেন। মামলার বাদী ফেরদৌস বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মেয়র নারীদের সঙ্গে যে ভাষায় কথা বলেন, তাতে মনে হয়, তাঁর মা-বোন বলতে কিছু নেই। নির্বাচিত প্রতিনিধি হয়ে আমরা ১০ বছর ধরে তাঁর অনেক অশোভন আচরণ সহ্য করেছি। এবার আর কোনো সহ্য নয়। তাই প্রতিবাদ করতে মাঠে নেমেছি। পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাব। সিটি করপোরেশনের বেশির ভাগ কাউন্সিলর আমাকে সহায়তা করতে এগিয়ে এসেছেন। দলীয় নেতা-কর্মীরাও আমার সঙ্গে আছেন।’মানহানির মামলা প্রসঙ্গে মেয়র মহিউদ্দিন চৌধুরী আজ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। তবে মেয়রের ব্যক্তিগত সহকারী সাংবাদিকদের কাছে কাউন্সিলর ফেরদৌস বেগমের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত একটি আপত্তিকর সংবাদের ফটোকপি সরবরাহ করেন।