ভারত ও বাংলাদেশের সীমানা বিরোধ নিষ্পত্তি-সংক্রান্ত মুজিব-ইন্দিরা চুক্তি ৩৮ বছর পর অনুসমর্থনের জন্য ভারতের লোকসভার আগামী অধিবেশনে উত্থাপন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফর এবং দিল্লিতে ভারত-বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিতীয় বৈঠকে সে দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এ আশ্বাস দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।ওই প্রতিবেদনে বলা হয়, সফরকালে সাহারা খাতুন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে তিনি ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুমোদনের জন্য অনুরোধ করেন। এটি ভারতের লোকসভার আগামী অধিবেশনে উপস্থাপন এবং আলোচনা করা হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে আত্মগোপনে থাকা বঙ্গবন্ধুর দুই খুনি ক্যাপ্টেন মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিনকে ফেরত পাঠানোর ব্যাপারে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা হয়। ভারত দুই খুনিকে ফেরত পাঠানোর ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছে।মন্ত্রিপরিষদ সচিব জানান, ভারত সীমান্তে ১৬৭টি কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তাব করলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে যে নিয়মে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে খুঁটি দিয়ে সীমান্ত নির্ধারণের বিষয়টি আগে ভূমি মন্ত্রণালয় তদারকি করত। এখন তা বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) তদারকি করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে জানান।মোশাররাফ হোসাইন ভূইঞা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানান। এ সময় ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। সফরকালে তিনি ভারতের ভিসা পাওয়ার জটিলতা নিয়েও আলোচনা করেন এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। ভারত সরকার বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে এবং তা সমাধানের আশ্বাস দিয়েছে।এ ছাড়া ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে ভারতে অফিস করতে পারেন এবং ব্যাংক হিসাব খুলতে পারেন, সে ব্যাপারে অনুরোধ করা হয়েছে। ভারত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। সন্ত্রাস দমন ও মাদকদ্রব্য পাচার বন্ধে দুই দেশ একসঙ্গে কাজ করার ক্ষেত্রেও একমত পোষণ করেছে।১০ হাজার টাকা পর্যন্ত সম্মানীর উৎসে করমুক্ত: বেতার-টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চসহ যেকোনো মাধ্যমে কর্মরত যে শিল্পীরা ১০ হাজার টাকা পর্যন্ত সম্মানী পান, তাঁদের ক্ষেত্রে উৎসে করমুক্ত করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। একই পরিমাণ আয়ের অনুষ্ঠান নির্মাতা, ক্রেতা, নাট্যকার ও পরিচালকদেরও উৎসে করের আওতামুক্ত করা হচ্ছে।এ-সংক্রান্ত আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর সংশোধন প্রস্তাব অনুমোদন হয়েছে। বর্তমান বিধান অনুযায়ী, শিল্পী ও অনুষ্ঠান নির্মাতা, ক্রেতারা ১০ শতাংশ উৎসে কর দেন। তবে ১০ হাজার টাকার ওপর যাঁরা সম্মানী পান তাঁদের ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য হবে না। তাঁদের ১০ শতাংশ উৎসে কর দিতে হবে।আপসের সুযোগ বাড়ছে: বাদী ও বিবাদী আদালতের বাইরে আপসে দেওয়ানি মামলা নিষ্পত্তির আবেদন করলে তা গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। এ-সংক্রান্ত ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি সংশোধনের একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় ও দীর্ঘসূত্রতা কমিয়ে আনার জন্য এই সংশোধনী আনা হয়েছে। বিদ্যমান বিধান অনুযায়ী, বাদী-বিবাদী একসঙ্গে আদালতে এসে মামলা প্রত্যাহারের আবেদন করলে সেই আবেদন আদালত গ্রহণ করবেন কি না, তা আদালতের এখতিয়ার। সংশোধনীতে বাদী-বিবাদীর আবেদন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।এ ছাড়া মামলা দায়েরের পাঁচ দিনের মধ্যে সমন জারি না হলে সংশ্লিষ্ট কর্মচারীর অসদাচরণ বলে গণ্য হবে। কুরিয়ার সার্ভিস বা পত্রিকার মাধ্যমে সমন জারি করা যাবে। বিবাদী বিদেশে থাকলে কুরিয়ার সার্ভিস, ফ্যাক্স, ই-মেইলের মাধ্যমে সমন জারি করা যেতে পারে। কোনো সমন বিনা জারিতে ফেরত এলে তিন মাসের মধ্যে আবেদন করার বিধান রয়েছে। এটা কমিয়ে এক মাস করা হয়েছে। এক মাসের মধ্যে আবেদন না করলে মামলা খারিজ হয়ে যাবে।মন্ত্রিপরিষদ সচিব জানান, এই বিধানগুলো কার্যকর হলে বিদ্যমান মামলা নিষ্পত্তির গতি ত্বরান্বিত হবে। বর্তমানে নিম্ন আদালতে ছয় লাখ ৩৪ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।