অনেক অভিযোগের পরও স্কুলবাস চান সবাই
চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলেকে নিয়ে বিশেষ স্কুলবাসের জন্য সকাল সাতটা থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন হুমায়ুন কবির। আধাঘণ্টা অপেক্ষার পরও সেই বাসের দেখা নেই। দেরি হয়ে যাওয়ার ভয়ে ছেলেকে নিয়ে একটি লোকাল বাসে চড়ে বসলেন তিনি।গতকাল রোববারের ঘটনা এটি। হুমায়ুন কবিরের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় বেলা সাড়ে ১১টার দিকে। একটি স্কুলবাসের মধ্যেই। প্রথম আলোকে সকালের দুর্ভোগের কথা তখনই জানালেন হুমায়ুন কবির। উদ্যোগটির প্রশংসা করে তিনি বলেন, স্কুলবাস হওয়াতে বাচ্চাকে নিয়ে ধাক্কাধাক্কি করে গাড়িতে ওঠার ঝামেলা অনেক কমে গেছে। কিন্তু ঠিক সময়ে বাস পাওয়া যায় না। এ জন্য গাড়ির সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।অন্য অনেক অভিভাবকের মনের কথাও তাই। হুমায়ুন কবির কথা বলার সময় চারদিক থেকে বাসযাত্রী অভিভাবকেরা তাঁর কথায় সায় দিচ্ছিলেন। জেসমিন সুলতানা নামে একজন বললেন, ‘সময় মানার ব্যাপারটা বাদ দিলে এ বাসের সেবা ভালো। ১০ মিনিট পর পর বাস ছাড়ার কথা থাকলেও তা মানা হয় বলে মনে হয় না। ২০-২৫ মিনিট দাঁড়িয়ে থেকেও গাড়ি পাই না।’ স্কুলবাসটির সহকারী (কনডাক্টর) তারিকুল ইসলাম এ সময় বলেন, বেশির ভাগ ক্ষেত্রে রাস্তায় যানজটের কারণেই বাস পৌঁছাতে দেরি হয়।তবে সময়সূচিসহ খুঁটিনাটি সমস্যা সত্ত্বেও শিক্ষার্থী ও অভিভাবকেরা এ সার্ভিসকে স্বাগত জানিয়ে বলেছেন, এ সেবা যাতে অব্যাহত থাকে সেটাই তাঁদের চাওয়া। ১৬ জানুয়ারি থেকে ১৪টি স্কুলবাস নেমেছে রাজধানীর পথে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) তত্ত্বাবধানে প্রাথমিকভাবে পল্লবী থেকে টেকনিক্যাল হয়ে আজিমপুর পর্যন্ত চলছে বাসগুলো। ব্যক্তিগত গাড়ির ব্যবহারে নিরুৎসাহিত করে যানজট কমানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কল্যাণপুর থেকে যেসব শিক্ষার্থী ও অভিভাবক ওঠেন, তাঁদেরই সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। গভ. বয়েজ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সাকিব আহমেদ জানায়, গতকাল সকালে কল্যাণপুর বাসস্ট্যান্ডে ২০ মিনিট অপেক্ষা করেও সে বাস পায়নি। কয়েকজন এর চেয়ে বেশি অপেক্ষার কথাও জানিয়েছে।দিবা শাখা বঞ্চিত: বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে গতকাল কথা বলে জানা যায়, মূলত যে ২৬টি স্কুলের শিক্ষার্থীরা এই স্কুলবাসের সেবা পাচ্ছে, সেগুলোতে দিবা শাখার ক্লাস সাড়ে ১২টায় শুরু হয়ে পাঁচটা পর্যন্ত চলে। আর সর্বশেষ স্কুলবাসটি আজিমপুর থেকে পল্লবীর উদ্দেশে ছেড়ে যায় বেলা তিনটায়। ফলে চার কিংবা পাঁচটায় ছুটি হওয়া দিবা শাখার শিক্ষার্থীরা ফেরার সময় এ সেবা পাচ্ছে না। এমনকি সময়সূচির কারণেই ক্লাসে যাওয়ার সময়ও তারা বাস পায় না বললেই চলে। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (দিবা শাখা) পঞ্চম শ্রেণীর ছাত্র শাহরিয়ার মুবাশ্বির, সাজিন রেজা ও চতুর্থ শ্রেণীর ছাত্র তানজীমুল হাসান প্রথম আলোকে জানায়, সময়সূচি না মেলার কারণে স্কুলে যাওয়ার সময় তারা বাসে উঠতে পারে না। আবার তাদের স্কুল যখন ছুটি হয় তখন এই বাসই চলে না।শারমীন আক্তার নামের এক অভিভাবক মত দিলেন, বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সময়সূচির সঙ্গে মিলিয়ে স্কুলবাসের সময়সূচি স্থির করা উচিত। বিকেল পাঁচটা পর্যন্ত বাসটি চলা দরকার বলেও মন্তব্য করেন তিনি।গাড়ি রেখে বাসে: স্কুলবাসে বসে কথা হয় গভ. বয়েজ স্কুলের দশম শ্রেণীর ছাত্র জারিফ উল আলম ও তানভীর আহমেদের সঙ্গে। জারিফের বাসা মিরপুর-১৩ নম্বর সেকশনে। সকালে সে ব্যক্তিগত গাড়িতে চড়ে বিদ্যালয়ে এসেছে। ফিরতি পথে জারিফ বলল, ‘ঠিকমতো পাওয়া গেলে আমি বাসে চড়তে রাজি। বেলা সাড়ে ১২টার মধ্যে পেলে এবং ভিড় না থাকলে বাসে চড়ব।’ একই মত তানভীরের।অভিভাবকেরাও বলছেন, ভালো সেবা দিলে সন্তানদের ব্যক্তিগত গাড়িতে বিদ্যালয়ে পাঠানোর প্রবণতা কমে যাবে, যা যানজট কমাতে সাহায্য করবে।অভিযোগ সত্ত্বেও বাসের পক্ষে: বাসে চড়া পঞ্চম শ্রেণীর ছাত্র শাহরিয়ার মুবাশ্বির এ প্রতিবেদককে বলে, ‘বাসে ওঠার জন্য ধাক্কাধাক্কি করতে হয় না। আঙ্কেল, একটু ভালো করে লেখেন যেন এই বাসটা বন্ধ হয়ে না যায়।’ সাজিন রেজা, তানজীমুল হাসান নামে আরও দুই শিক্ষার্থী বলল একই কথা। বাসকর্মীদের ব্যবহার ও সেবায়ও তারা খুশি। বাসে চড়ে দেখা গেছে, চালক ও তাঁর সহকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। শিক্ষার্থীদের হাত ধরে নামিয়ে দিচ্ছেন সহকারী।একটি বাসের চালক আনিসুর রহমান বলেন, তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে গাড়ি চালান। নির্দিষ্ট স্থানে বাস থামিয়ে কোনো শিক্ষার্থী আছে কি না তাও তাঁরা খুঁজে দেখেন।কর্তৃপক্ষের কথা: বাস না পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল আকতার কামাল সম্পদের সীমাবদ্ধতার কথা বলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘১৪টা বাস দিয়ে সবগুলো বিদ্যালয়ের বাচ্চাদের সেবা দেওয়া সম্ভব নয়। তারপরও আমরা সর্বোচ্চ সেবা দিতে চাই।’বিআরটিসির পরিচালক আরও বলেন, ক্লাস শুরুর সময় ও ছাত্রদের বাসে ওঠার স্থানের বিষয়ে জানানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষগুলোকে কিছু ফরম দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো পূরণ করে বিআরটিসির কাছে পাঠানো হয়নি। এ কারণে সময়সূচি নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে।বাস থামার স্থান: একাধিক অভিভাবক গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, তাঁরা এখনো ঠিকমতো জানেন না কোন কোন জায়গায় স্কুলবাসগুলো থামে।কর্তৃপক্ষের দেওয়া তালিকা অনুযায়ী বর্তমানে স্কুলবাস থামছে—পল্লবী ঈদগাহ মাঠ, মিরপুর-১১ বাংলা উচ্চবিদ্যালয়ের সামনে, মিরপুর-১০ ডায়াবেটিক হাসপাতালের সামনে, মিরপুর-২ ইউসেপ স্কুলের সামনে, দারুস সালাম রোডে পাইকপাড়া মডেল একাডেমির সামনে, কল্যাণপুর মিজান টাওয়ারের কাছের যাত্রী ছাউনিতে, শ্যামলী বাসস্ট্যান্ড, কলেজ গেট, আসাদ গেট বাসস্ট্যান্ড, ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের সামনে, হোটেল নীদ মহলের কাছে, কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে, ঢাকা কলেজের বিপরীতে পেট্রোল পাম্পের কাছে, গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনে, ব্যানবেইসের সামনে, সলিমুল্লাহ মুসলিম এতিম খানার সামনে, আজিমপুর কমিউনিটি সেন্টার, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ, ধানমন্ডি ক্লাবের কাছে (৮ নম্বর রোডের মাথায়), সোবহানবাগ সরকারি কলোনির উল্টোদিকে খাজানার পাশে, সানরাইজ প্লাজা, আসাদগেট যাত্রী ছাউনি, রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে, শ্যামলী ফুটওভারব্রিজের কাছে, কল্যাণপুরে ইবনেসিনা ডায়াগনোস্টিক সেন্টার, টোলারবাগ আবাসিক এলাকা, পাইকপাড়া আনসার ক্যাম্প, মিরপুর-১ মুক্তবাংলা মার্কেটের সামনে, মিরপুর-২ ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের সামনে, মিরপুর-১০ ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারের সামনের যাত্রী ছাউনি ও পল্লবী বাসস্ট্যান্ডে (বিআরটিসির বাস ডিপো)।প্র্রতি ১০ মিনিট পরপর সকাল ছয়টা (শীতকালে সাড়ে ছয়টা) থেকে নয়টা; আবার ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত শিক্ষার্থীদের আনা-নেওয়া করছে বাসগুলো। থামছে মোট ৩৩টি নির্দিষ্ট স্থানে।