ছায়ানটের ৫০ বছর পূর্তি হচ্ছে এবার। এ উপলক্ষে ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজন করা হয়েছে দুই দিনের অনুষ্ঠান ‘স্থির প্রত্যয়ে যাত্রা’। আজ শুক্রবার সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত হবে ‘আনন্দ সম্মিলন’। কাল শনিবার সন্ধ্যা ছয়টায় হবে প্রাক্তনীদের অংশগ্রহণে অনুষ্ঠান। পুরো আয়োজন নিয়ে বললেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল।ছায়ানটের ৫০ বছর পূর্তি উপলক্ষে আপনাদের অভিনন্দন।ধন্যবাদ। আত্মপরিচয়ের সন্ধানে বাঙালি যে দীর্ঘপথ অতিক্রম করেছে, ছায়ানট অর্ধশত বছর ধরে বাঙালির সংস্কৃতির পরিচয় সাধন, সংগীতচর্চা, অনুষ্ঠান, শিশুশিক্ষা, ভাষা-সাহিত্য শিক্ষা এবং শিশুদের জন্য দেশীয় ঐতিহ্যের পরিচিতিমূলক ও অটিস্টিক শিশুদের জন্য সুর ও রঙের খেলাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্থির প্রত্যয়ে সে যাত্রাপথে সাথি হয়েছে। আর এ জাতীয় কর্তব্যে ছায়ানটের সঙ্গী হয়েছে দেশের অগণিত মানুষ। সবার প্রতি রইল আমাদের শুভেচ্ছা।৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের আয়োজন নিয়ে কিছু বলুন।আজ সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে দুই দিনের আয়োজন। ছায়ানটের ভবনজুড়েই উৎসবের একটা আবহ থাকবে। সারা দিন সব কক্ষেই থাকবে বিভিন্ন পরিবেশনা। হবে প্রদর্শনী। সন্ধ্যায় হবে প্রাক্তনী সম্মিলন। শনিবার সন্ধ্যায় প্রাক্তনী এবং আমন্ত্রিত শিল্পীরা গান করবেন, আবৃত্তি ও নাচ করবেন।উৎসবের শিরোনাম ‘স্থির প্রত্যয়ে যাত্রা’। কেন?এতটা বছরেও আমরা শিকড় থেকে সরে যাইনি। যে উদ্দেশ্য নিয়ে ছায়ানট গঠন করা হয়েছিল, দৃঢ়তার সঙ্গে সেই কাজগুলো করে আসছি। সামনেও তা অব্যাহত থাকবে। আর ছায়ানট এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমরা শিরোনাম করেছি ‘স্থির প্রত্যয়ে যাত্রা’।এই ৫০ বছরে ছায়ানটের অর্জনগুলো কী কী?সবচেয়ে বড় অর্জন, মানুষের ভালোবাসা। ছায়ানট গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল, বাঙলির সংস্কৃতি বাঙালির কাছে শুদ্ধভাবে পরিচয় করিয়ে দেওয়া। এই কাজটি ছায়ানট করতে পেরেছে। আর বাংলা নতুন বছরকে সংগীতের মধ্য দিয়ে বরণ করার যে সংস্কৃতি ছায়ানট শুরু করেছিল, তা আজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ ছাড়া আরও অর্জন রয়েছে। এই দুটি উল্লেখযোগ্য।আগামী দিনের জন্য কী ভাবছেন?যে কাজগুলো করছি, তা অব্যাহত রাখা। আমরা চাই, আজকের এবং আগামী প্রজন্ম বিশ্বাস করুক, বাঙালির নিজস্ব একটা সংস্কৃতি আছে। আর তা যথেষ্ট সমৃদ্ধ, যা নিয়ে সে গর্ববোধ করতে পারে। আমাদের অনেক অর্জন হয়েছে, আরও অনেকটা বাকি আছে। তা পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।