অনেক আকাঙ্ক্ষার এক সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি স্বপ্নে দেখি ভারত-পাকিস্তান ফাইনাল’—একজনের নয়, কোটি জনতার মনের প্রার্থনা। ক্রিকেট রোমান্টিকদের আকাঙ্ক্ষার কিছুটা হলেও পূরণ করে দিল এবারের বিশ্বকাপ। ফাইনাল না হোক, আধা ফাইনাল, মানে সেমিফাইনালেই মুখোমুখি দুই চির বৈরী প্রতিবেশী।আগের দিন মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্ষেত্রটা তৈরি করে রেখেছিল পাকিস্তান। পরশু আহমেদাবাদে বিশ্বকাপে ‘অবধ্য’ অস্ট্রেলিয়াকে পরাভূত করে সেই সম্ভাবনাকে মাঠে টেনে আনল মহেন্দ্র সিং ধোনির দল। এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেট রোমাঞ্চে ডুব দেওয়ার পালা। আগামী ৩০ মার্চ মোহালিতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটা ভারত-পাকিস্তানের চির রোমাঞ্চকর দ্বৈরথ।রোমাঞ্চের গ্যারান্টি পেয়ে ক্রিকেটপ্রেমীদের শরীরে লেগেছে কাঁপন। কাঁপছেন দুই দলের ক্রিকেটাররাও। ভারত অধিনায়ক ধোনি তো পরশু ম্যাচ শেষের পুরস্কার বিতরণী মঞ্চেই বলে দিলেন, ‘ভারত-পাকিস্তান সেমিফাইনাল...এর চেয়ে ভালো আর হয় না!’ এই সর্বোচ্চ ভালোটার জন্য একরকম প্রার্থনাই করেছিলেন পাকিস্তান কিংবদন্তি ইমরান খান। শহীদ আফ্রিদিদের সেমিফাইনালে দেখেই তিনি বলে দেন, ‘আমার ধারণা, ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে।’মঞ্চ প্রস্তুত। ক্রিকেটাররা প্রস্তুত। ধোনি যেমন বলছেন, পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত তাঁরাও, ‘অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান, সত্যিটা হলো নিরপেক্ষ দৃষ্টিতে প্রতিটা ম্যাচই আমাদের কাছে সমান। এটা ভারতের খেলার অবিচ্ছেদ্য অংশ। কাজটা কঠিন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা কাজটা ভালোভাবেই করছে।’ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ মানেই রুদ্ধশ্বাস লড়াই। অতীত বলছে, তাতে যারাই হারুক-জিতুক, জেতে ক্রিকেট, জয় হয় ক্রিকেটপ্রেমীদের। সুতরাং, এবারও উত্তেজনাকর লড়াই নিশ্চিত। মোহালিতে জিতে শিরোপার শেষ ধাপে পা ফেলবে কে—সেটা বলে দেবে সময়। তবে অতীত স্বাগতিক ভারতের দিকে তাকিয়ে হাসছে। বিশ্বকাপে এর আগে দুই দলের চারবারের সাক্ষাতেই জয়ী দলের নাম ভারত!এই চারটি ম্যাচেই খেলেছেন শচীন টেন্ডুলকার, যার দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ। সেই টেন্ডুলকার এবারও পাদপ্রদীপের আলোয়। পাকিস্তান কি পারবে ভারতের মাটিতে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে আগের সব হারের জ্বালা মেটাতে? নাকি ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে ভারতই স্বপ্নযাত্রায় এগিয়ে যাবে? ওয়েবসাইট।