অনেক আলো, একটু অন্ধকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলা ভেঙে গেছে। আট দেশের ১৫০ কোটি মানুষের ক্রীড়াযজ্ঞের মশাল নিভে গেছে। কিন্তু এখনো চোখে লেগে রয়েছে দক্ষিণ এশীয় গেমসের আবাহনের আলো, সমাপনী অনুষ্ঠানের আলোকচ্ছটা। মেলা ভেঙে যাওয়ার পর ছেঁড়া পাতারা ওড়াওড়ি করে বিদায় ব্যথার ভৈরবী বাজিয়ে যায় মনের মধ্যে। বুকের মধ্যে এখনো সেই ব্যথা।অবশ্য মনে নয়, গেমস শেষের পরও নয়। কয়েকজন নেপালি খেলোয়াড় ও কর্মকর্তা ব্যথা পেলেন শরীরে এবং গেমস বোধনের মাত্রই কয়েক ঘণ্টা আগে। যে হোটেলে তারা উঠেছিলেন সেখান থেকে বেরোতে গেলেন। সিঁড়ি ভেঙেও নামা যেত, কিন্তু হোটেল কর্তৃপক্ষ যেহেতু প্রযুক্তির ব্যবহার করেছে, সেটির সুবিধা নিতে তো সমস্যা নেই। তারা লিফটে চাপলেন, আর অমনি হুড়মুড় করে সেটির তার ছিঁড়ে পড়লেন মাটিতে। সেখান থেকে গেলেন হাসপাতালে। দুজন খেলোয়াড়ের আর অংশই নেওয়া হলো না গেমসে। হাসপাতালের বিছানায় শুয়ে তাঁরা যন্ত্রণায় কাতরান, কিন্তু আয়োজকদের আবাসনবিষয়ক কমিটির দেখা মেলে না কোথাও। উল্টোপাল্টা কথা বলে যেতে থাকে হোটেল কর্তৃপক্ষ।গেমসের চতুর্থ দিনে, দেশের ও আয়োজকদের মান-সম্মানটাই উল্টিয়ে দিলেন সাইক্লিংয়ের এক কর্মকর্তা। সাবেক সাধারণ সম্পাদক তিনি ফেডারেশনের। নিজে ইভেন্টের টার্নিং কমিশিয়ার, সাঁইসাঁই করে ছুটে চলা সাইক্লিস্টদের সঙ্গে পাশাপাশি দৌড়াচ্ছেন মোটরসাইকেলে। ভাবলেন, ‘আমার দেশের মেয়েকে ঠেলে দিয়ে সোনা জিতিয়ে দেখিয়ে দেব, ফেডারেশনের জন্য আমার দরদ কত বেশি।’ অথবা অন্তর্ঘাতমূলক তত্পরতা চালালেন, ‘ফেডারেশনের চেয়ারে আমি যেহেতু নেই, আমার চোখের সামনে দিয়ে সোনা জয়ের কৃতিত্ব ছিনতাই করতে দেব না এই কমিটিকে।’ চিংবাই মারমা সোনা জয়ের সম্ভাবনা নিয়েই দৌড়াচ্ছিলেন, পেছন থেকে তাঁর সাইকেলকে ঠেলে দিলেন ওই কর্মকর্তা। হিতে হলো বিপরীত। সবার আগে শেষ রেখা ছুঁয়েও চিংবাই অযোগ্য ঘোষিত হলেন। দেশের মুখে পড়ল চুন-কালি। নির্দোষ পাহাড়ি মেয়েটি বলি হলো আরেকজনের পাপের। উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি সুপারিশ করল, এ পাপ আসলে যূথবদ্ধ। অতএব ওই কর্মকর্তা, ফেডারেশন ও প্রতিযোগীকে কঠোর শাস্তি দেওয়া হোক। এই তদন্ত কমিটি তাও তদন্ত রিপোর্ট তাড়াতাড়ি জমা দিয়েছে। আরেকটি তদন্ত কমিটি এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে, কেন শেষ দিনে ম্যারাথনে ‘বিশ্ব রেকর্ড’ দেখল এসএ গেমস! কমিটি বলে দিয়েছে, তদন্ত শেষ হতে অন্যূন ১০ দিন লাগবে। গেমসের মশাল নিভেছে ৯ ফেব্রুয়ারি, ওই দিন থেকে হিসাব করলে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে ১৯ ফেব্রুয়ারি। তার মানে পরবর্তী এসএ গেমস, যা ২০১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে হবে বলে আপাতত ঠিক হয়ে আছে, একটু কাছে এসে যাবে। তা কী তদন্ত করে দেখা হবে? দেখা হবে, কী করে ‘বিশ্ব রেকর্ড’ গড়ে সোনা জিতে নিলেন নেপালি দৌড়বিদ রাজেন্দ্র ভান্ডারি? কেন ৪২ কিলোমিটারের জায়গায় দৌড়ের দৈর্ঘ্য সাত কিলোমিটার কমে গেল। হয়তো গজ-ফিতা দিয়ে মেপে দেখার বাধ্যবাধকতা আছে, তা না হলে ১০ দিন সময় চাওয়া হতো না তদন্ত কাজের জন্য। দূর, কেন যে কলম নেতিবাচক মানসিকতায় আক্রান্ত হলো! তবে কলমের আর দোষ কী। বিদায়-ব্যথার সূত্রে নেপালিদের শারীরিক ব্যথার প্রসঙ্গ যে উঠল শুরুতেই! অথচ নেপালি ক্রীড়াবিদ, কর্মকর্তা, সাংবাদিকেরা আগাগোড়াই তাদের মুগ্ধতার কথা বলে গেছেন এই আয়োজন নিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানের আলো ১২ দিনের ক্রীড়াযজ্ঞের শেষ দিনটি পর্যন্তও ঝকমক করেছে তাদের চোখের তারায়। খেলা শুরুর আগে ভুলভালজাতীয় সংগীত বেজেছে, দেশের পতাকা উত্তোলনের সময় হাতের ভারসাম্য ঠিক রাখা যায়নি—এ নিয়েও তাদের ক্ষোভ ধূমায়িত হয়েছে। কিন্তু সব ক্ষোভ উড়িয়ে দিয়েছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আলো। এমন অনুষ্ঠান নাকি তারা কখনো দেখেনি আগে! কে বলেছে কখনো দেখা যায়নি! ১৯৮৫ সালে দ্বিতীয় সাফ গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আলো দিয়েই বাংলাদেশ বুঝিয়েছে, উত্সবপ্রিয় বাঙালির রক্তে আছে এমন আয়োজনের সামর্থ্য। ঢোলে বাড়ি পড়লে এ জাতি আনন্দে নেচে ওঠে। তাই মাঠের খেলা বাদ রেখে উত্সবের দিকে ঝোঁক আমাদের বেশি। ওই যে, ম্যারাথনের দৈর্ঘ্য সাত কিলোমিটার কমে গেল, সে নাকি সমাপনী অনুষ্ঠানের কারণেই। মূল ভেনুতে দৌড়টা শেষ করা গেলে ম্যারাথনের দৈর্ঘ্য ৪২ কিলোমিটারই হয়। কিন্তু তাহলে যে সমাপনী অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজে ব্যাঘাত ঘটত। সুতরাং উত্সব কমিটি পরামর্শ দিল, ম্যারাথন শেষ হবে অন্য জায়গায়। তা অনুষ্ঠানের দিকে ঝুঁকে একদিক দিয়ে ভালোই হয়েছে। ওপরে আর নিচে ঝলমলে মোড়ক দিয়ে গেমসকে সাজিয়ে দেওয়া গেছে সম্ভব সর্বোচ্চ ঔজ্জ্বল্যে। মোড়কটা ভালো হলে ভেতরে কী থাকল, সেটি প্রথমেই কেউ খুঁজে দেখতে যায় না। টাকা ছিল অঢেল, ৪০ কোটি। দু হাতে ওড়ানোর জন্য যথেষ্ট। তবে একটা কাজ হয়েছে, দক্ষিণ এশিয়ায় অ্যাকুয়াটিক প্রদর্শনীর প্রথম আয়োজক হিসেবে ইতিহাসে তো ঢুকে পড়া গেছে। উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠান ভালো তো আপনি সফল আয়োজক। এই সাফল্য আনতে কত হাজার স্কুল-কলেজে পড়ুয়া বোন সাধারণ ২০০ টাকা দামের একটা শাড়ি পেয়ে গ্যালারিতে নিশ্চল ছবি হয়ে রইল, তা ভেবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কত পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়ে খেয়ে না খেয়ে সামান্য পারিশ্রমিক প্রাপ্তির প্রতিশ্রুতি (প্রতিশ্রুতিই—এখন পর্যন্ত শোনা যায়নি সবাই পারিশ্রমিক পেয়েছে) পেয়ে অসাধারণ পারফরম্যান্স করে গেল তা ভেবে মূল্যবান সময়ের অপচয় আপনি নাই বা করলেন। আসল কথা হলো, ঝা চকচকে আয়োজন। অনুষ্ঠানের আলো সবার চোখ ধাঁধিয়ে দিয়েছে, এটাই সত্য। তা ছাড়া মাঠের সাফল্যেই বা বাংলাদেশ কম গেল কিসে? সেই ১৯৮৫—দ্বিতীয় দক্ষিণ এশীয় গেমসে নয়টি সোনা পেয়ে বাংলাদেশ পদক তালিকায় তৃতীয় হয়েছিল ভারত ও পাকিস্তানের পরে নাম লিখিয়ে। ২৫ বছর আর সাতটি গেমসের পর আবার বাংলাদেশ তৃতীয় স্থান পেল ১৮টি সোনা জিতে। তা যতই একটা সোনার পদকের দাম ১১কোটি টাকারও বেশি পড়ুক না কেন। সাঁতার ও অ্যাথলেটিকস যদি কথার ফুলঝুরি না ছুটিয়ে আর দুটি সোনা জিতে আনত, তাহলে তো পাকিস্তানকে হটিয়ে দ্বিতীয়স্থানেই নাম লেখাতে পারতাম আমরা। অনেক কিছুই আমরা পেয়েছি। গেমস ইতিহাসের ক্রিকেট ও গলফের প্রথম সোনা জিতেছি, ১০ বছর পর ফিরে পেয়েছি ফুটবলের সোনা। হকিতে একদা বিশ্বসেরা ভারতকে পরাজয়ের দুয়ার দেখিয়ে তাদের ড্র করতে বাধ্য করেছি। আমাদের নারী প্রতিযোগীরা দেখিয়ে দিয়েছেন, অবলা তারা নন। তায়কোয়ান্দো, কারাতে, উশুর মতো মার্শাল আর্টভিত্তিক খেলায় প্রতিপক্ষকে ঘায়েল করেছেন হাত-পায়ের যুদ্ধে। আমরা বিশ্ববিদ্যালয়-কলেজে পড়ুয়া তরুণ-তরুণীদের স্বেচ্ছাসেবক করে দেখিয়ে দিতে পেরেছি, সেবাব্রতে আমরা কতটা মহান। এই গেমসটা আমরা যে সময়ে আয়োজন করলাম, সে সময়ে আরও বড় পৃথিবীর দিকেই এগিয়ে যেতে পারতাম। ২০১০ সালের এশিয়ান গেমসের আয়োজনের দাবিই কি জানাতে পারতাম না আমরা!এখানেই মনে হয় মাঠের আলোটা বড্ড জরুরি। এখানে ক্রীড়া প্রতিমন্ত্রী একজন আবদুর রহমানকে স্থাপনা নির্মাণের জন্য ধন্যবাদ দিয়ে পার পাবেন না। এই স্থাপনায় ক্রীড়াবিদদের অনুশীলনের আগুনে পুড়ে সোনা জয়ের সামর্থ্য অর্জন করতে হয়। শুধু উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠানের মোড়ক দিয়ে, ‘মাইঝ্যা ভাই সাইজ্যা ভাই’ গানের কোরিওগ্রাফি দিয়ে ওই বড় পৃথিবীর দিকে এগোনোর সাহস হয় না। একাদশ এসএ গেমস অনেক আলোর মধ্যেও সেই টুকরো অন্ধকারকে চোখের সামনে তুলে ধরেছে।