অনেক কর্মকর্তারই রাষ্ট্রের প্রতি আনুগত্য নেই
সরকারি অনেক কর্মকর্তারই রাষ্ট্রের প্রতি আনুগত্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। আজ বৃহস্পতিবার ‘সরকারি কর্মচারী আইনের খসড়ার বিষয়ে মতবিনিময়’ সভায় তিনি এই মন্তব্য করেন।জনপ্রশাসন মন্ত্রণালয় ও ইউএনডিপি যৌথভাবে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই মতবিনিময়ের আয়োজন করে। এতে প্রজাতন্ত্রের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তাঁরা প্রায় সবাই আইনটি করার বিষয়ে একমত পোষণ করেছেন; তবে কিছু সুপারিশও তাঁরা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, ‘আউটসোর্সিং’ ব্যবস্থা না রাখা; কোটা-পদ্ধতি বিলুপ্ত করা না গেলেও মেধা কোটা বাড়ানোর চেষ্টা করা; সরকারি কর্মকর্তাদের ফৌজদারি মামলায় গ্রেপ্তারের আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান রাখা; ডেপুটেশন বাতিল করা ইত্যাদি।প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, সরকারি চাকরিতে (সিভিল সার্ভিস) পদোন্নতির ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতা একমাত্র বা প্রধান নিয়ামক হতে পারে না। মেধা, দক্ষতা, সততা, রাষ্ট্রের প্রতি আনুগত্য, জ্যেষ্ঠতা—সব বিচার-বিবেচনা করে পদোন্নতি দেওয়া উচিত বলে তিনি মনে করেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বেসরকারি প্রতিষ্ঠানে এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সরকারি প্রতিষ্ঠানে ‘লেটারাল এন্ট্রি’র ভিত্তিতে কাজ করার সুযোগ সৃষ্টির সুপারিশ করেন। তিনি মনে করেন, এটি করা হলে সরকার সমৃদ্ধ হবে।মতবিনিময় সভায় বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা ও কর্মচারীরা ‘আউটসোর্সিং’ ব্যবস্থা বাতিল করার দাবি জানান। তাঁদের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে এইচ টি ইমাম বলেন, ‘কিছু ক্ষেত্রে দক্ষ জনশক্তির জন্য আউটসোর্সিং করতেই হবে। তা ছাড়া দেশ যত দিন বৈদেশিক সাহায্যনির্ভর থাকবে, তত দিন চাইলেও আউটসোর্সিং বন্ধ করা যাবে না।’প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা গওহর রিজভীও আউটসোর্সিংয়ের বিষয়ে অনেকটা একই মত দেন। কোটাব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘সবাই মেধাভিত্তিক আমলাতন্ত্র চায়। কিন্তু যত দিন সবার জন্য “ইক্যুয়াল লেভেল প্লেয়িং ফিল্ড” না হবে, তত দিন অনগ্রসর জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ সুবিধা রাখতেই হবে।’অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার সভাপতিত্ব করেন।