অনেক কিছুই মনে করতে পারছেন না নিজামী
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের সহযোগিতা করেছেন। তবে জিজ্ঞাসাবাদে ৪০ বছর আগের অনেক কিছু মনে করতে পারছেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সানাউল হক।আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা সেফ হোমে নিজামীকে জিজ্ঞাসাবাদ করেন। ধানমন্ডির ১৬ নম্বর সড়কে (পুরাতন ২৭ নম্বর) ২০/এ বাড়িতে (সেফ হোম) এ জিজ্ঞাসাবাদ করা হয়।বেলা সোয়া দুইটার দিকে সেফ হোম থেকে বেরিয়ে এসে তদন্ত কর্মকর্তা সানাউল হক জানান, সকাল ১০টায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদের আগে নিজামীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। বেলা একটার সময় বিরতি দেওয়া হয়। এ সময় আবারও তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। পরীক্ষায় নিজামীর রক্তচাপসহ সবকিছু ঠিক ছিল।সানাউল হক বলেন, ‘জিজ্ঞাসাবাদে নিজামী তদন্ত সংস্থাকে সহযোগিতা করেছেন। তবে তাঁর বয়স বেশি হওয়ায় ৪০ বছর আগের অনেক কিছু তিনি মনে করতে পারছেন না। এ জন্য উত্তরগুলো অনেক ধীরে আসছে। ন্যাচারালি তিনি ভয় পেয়েছেন। কিন্তু তাঁকে কোনো নির্যাতন করা হয়নি।’তদন্ত কর্মকর্তা আরও বলেন, নিজামীকে মুক্তিযুদ্ধকালীন কিছু ভিডিও দেখানো হয়েছে। নিজামী বলেছেন, এগুলো গণহত্যার ভিডিও। তবে এর সঙ্গে তাঁর ভূমিকা ছিল কি না, সে সম্পর্কে তিনি কিছু বলেননি। একাত্তরের তাঁর ভূমিকা সম্পর্কে নিজামী তদন্ত কর্মকর্তাদের কাছে কী বলেছেন, সে বিষয়ে মন্তব্য করতে সানাউল হক রাজি হননি।তদন্ত কর্মকর্তা জানান, আজ বিকেল পাঁচটা পর্যন্ত নিজামীকে জিজ্ঞাসাবাদ করা হয়।এর আগে আজ সকালে তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদ কক্ষে শুধু তদন্ত কর্মকর্তারা রয়েছেন। ইলেকট্রনিকস ডিভাইস, রেকর্ডার আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী অভিযুক্তের একজন আইনজীবীও পাশের কক্ষে অবস্থান করবেন।