দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘গহীনে’। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এখানে অভিনয় করছেন বন্যা মির্জা। কথা হলো তাঁর সঙ্গে। ‘গহীনে’ ধারাবাহিকটি নিয়ে কিছু বলুন।নাটকের গল্পটি অসাধারণ। এর দুটি দিক রয়েছে—একটি বর্তমান, অন্যটি অতীত। এই নাটকের চিত্রনাট্য অন্যান্য নাটকের চেয়ে আলাদা। কয়েকটি পর্ব দেখে মনে হয়েছে, নাটকটির জন্য একটু মনোযোগী দর্শক দরকার। আমি বিশ্বাস করি, যারা নিয়মিত নাটকটি দেখবে, তাদের খুব ভালো লাগবে।নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এখানে আমার চরিত্রের নাম জবা। মেয়েটাকে মানসিকভাবে ভারসাম্যহীন মনে হলেও আসলে সে তা নয়। কিন্তু তার আচরণ অস্বাভাবিক। জবার মধ্যে আধ্যাত্মিক কোনো ব্যাপার আছে। আট-নয় বছর বয়সে তাকে দেখা যায় মারা যেতে। কিন্তু যখন তাকে কবর দিতে নিয়ে যাওয়া হয়, তখন সে উঠে বসে। এরপর জবা জগৎটাকে অন্যভাবে দেখতে শুরু করে। জবা লোভী মানুষকে ঘৃণা করে। এই নাটকে কাজ করার কোন ঘটনাটি উল্লেখযোগ্য বলে মনে হয়েছে?গহীনে নাটকে অভিনয় করা একটা উল্লেখযোগ্য ঘটনা। নাটকের দলটি অনেক বড়। এখানে অনেক গুণী অভিনয়শিল্পী কাজ করছেন। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। তাঁদের কারণে নাটকের মহড়া থেকে শুরু করে চরিত্রের মধ্যে থাকার ব্যাপারটা অনেক সহজ হয়। মজার ব্যাপার হলো, এই দলটিতেই পাঁচ বছর ধরে কোনো না কোনোভাবে একসঙ্গে কাজ করছি। এতে করে নিজেদের মধ্যে একটা পারিবারিক বন্ধন তৈরি হয়েছে। ভালো নাটকের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। আর কোনো ধারাবাহিকের কাজ করছেন?সেলিম আল দীনের ‘কীত্তনখোলা’ অবলম্বনে ধারাবাহিক তৈরি হচ্ছে। এ ছাড়া অন্য ধারাবাহিকগুলো হলো বদরুল আনাম সৌদের কোমলবিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দোলা, সৈয়দ শাকিলের হাওয়াই মিঠাই এবং নিমা রহমানের গুলশান এভিনিউ।