অনেক টানাহেঁচড়ার পর লিমন আবার ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাবের গুলিতে পা হারানো লিমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বদলে বাড়ি পাঠাতে চেয়েছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। কিন্তু লিমনের পরিবারের আপত্তির মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। অনেক টানাহেঁচড়ার পর শেষ পর্যন্ত গতকাল রাতে আবার তাকে ঢাকায় এনে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ৪৫ দিন আটক থাকার পর গত সোমবার জামিনে মুক্তি পায় লিমন। মুক্ত হওয়া লিমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানোর আশ্বাস দেন চিকিৎসকেরা। কিন্তু গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসকেরা তা লিখতে অস্বীকার করেন। চিকিৎসকদের বক্তব্য হলো, লিমনের অবস্থা আগের চেয়ে অনেক উন্নতির দিকে। এ অবস্থায় উন্নত চিকিৎসার কথা বলে তাকে পঙ্গু হাসপাতালে পাঠালে তাঁদের সমস্যা হবে। এখন কেবল তাঁরা বাড়ি পাঠানোর ছাড়পত্র দিতে পারবেন। কোনো হাসপাতালে পাঠানোর কথা তাঁরা লিখিতভাবে বলতে পারবেন না। লিমনের পরিবার এ নিয়ে জোর আপত্তি জানায়। এরপর লিমন ও তার পরিবারের কাছ থেকে একটি লিখিত আবেদন নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেই আবেদনের ভিত্তিতে লিমনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। জানতে চাইলে বরিশাল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুজ্জামান শাহীন প্রথম আলোকে বলেন, লিমনের পরিবারের পক্ষ থেকে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানোর জন্য লিখিত আবেদন করা হয়। ওই আবেদনের ওপর ভিত্তি করেই তাকে ঢাকায় পাঠানো হয়। লিমনের মা হেনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘কাইল (গতকাল) ডাক্তাররা কইছিল (বলছিল) লিমনকে ঢাকায় পঙ্গুতে পাডাইবে। আইজ হ্যা (তা) লেইখ্যা (লিখে) দেতে রাজি হয় নাই। আমরা জোরাজুরি কইর্যা কইছি। হ্যারপর লেইখ্যা দেছে।’৫ মে উচ্চ আদালত লিমনের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। ওই আদেশের অনুলিপি মঙ্গলবার আদালতের মাধ্যমে ঝালকাঠি কারাগারে আসে। এরপর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে লিমনকে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৩ মার্চ ঝালকাঠির সাতুরিয়া গ্রামে কলেজছাত্র লিমন হোসেন বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে আহত হয়। পরে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তার এক পা কেটে ফেলেন।