অনেক দিন পর অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক সাদা পাতায় কালো দাগ। এটির নাট্যরূপ দিয়েছেন জাহিদুল ইসলাম এবং পরিচালনা করেছেন কাফী বীর। নাটকটিতে অভিনয় করেছেন ঈশিতা। কথা হলো তাঁর সঙ্গে।‘সাদা পাতায় কালো দাগ’ নাটকে কবে কাজ করেছেন?চার বছর আগে। এরপর হঠাৎ নাটকটির শুটিং বন্ধ হয়ে যায়। এখন নাটকটির প্রচার শুরু হয়েছে। আমি মাঝে বেশ কয়েক মাস দেশের বাইরে ছিলাম; থাইল্যান্ড আর যুক্তরাষ্ট্রে। সেখান থেকে এসে গত মাসে আবার নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছি। আসলে দীর্ঘ বিরতির পর শুটিং করলে নানা সমস্যা হয়। ধারাবাহিকের ক্ষেত্রে এ সমস্যাটা একটু বেশিই বলতে পারেন। কারণ, চরিত্রগুলোর ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয় না। এই নাটকে কাজের অভিজ্ঞতার কথা বলুন?নাটকটিতে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। এখানে আমি বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিল্পীর সঙ্গে অভিনয় করছি। তাঁদের সঙ্গে কাজ করার আনন্দই আলাদা। তবে আরও ভালো হতো যদি একবারে নাটকটির কাজ শেষ করতে পারতাম।এবার ঈদে কী কাজ করেছেন?কয়েক মাস দেশের বাইরে থাকার কারণে ঈদের কাজ খুব বেশি করা হয়নি। ফিরে এসে দু-একটি কাজ করেছি। জয় ও কায়সার আহমেদের নাটকে অভিনয় করেছি। এনটিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। এখানে আমার সঙ্গে ছিলেন তারিন। আমরা একসঙ্গে বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ছিলাম। অনেক দিন পর দুজন একই অনুষ্ঠানে অংশ নিয়েছি; বেশ ভালো লেগেছে। এ ছাড়া ইত্যাদিতেও অংশ নিয়েছি। একটি নাচের অনুষ্ঠান করেছি। এটি এনটিভিতে দেখানো হবে। আপনি তো অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন। এবার ঈদের জন্য কিছু করতে পারিনি। তবে ঈদুল আজহায় নাটক পরিচালনার কথা ভাবছি।এবার উপস্থাপনার কথা বলুন।বিটিভির জন্য একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। চলচ্চিত্রে স্মরণীয় বরণীয় নামের এ অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন করে চলচ্চিত্র-ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়। উপস্থাপনা করতে ভালোই লাগছে।