অনেক দূরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত উৎসব আমাদের প্রাণের উৎসব, উৎসবের সেই রঙিন আঙিনায় উৎফুল্ল জীবনের উচ্ছ্বসিত জয়গান প্রতিধ্বনিত হয়। এবার হয়ে গেল গণিত উৎসবের অষ্টম আসর। জন্মলগ্ন থেকেই গণিত উৎসবের সঙ্গে আছি বললে ভুল হবে, গণিত উৎসবের উজ্জ্বল আলোকের সঙ্গে পরিচিতি হলাম যে বছর, সে বছর ছিল উৎসবের তৃতীয় বছর; জুনিয়র গ্রুপে অংশ নিয়েছিলাম সেবার। সেবারই প্রথম আঞ্চলিক উৎসব হয়েছিল ফরিদপুরে। সেই উৎসবে গিয়েই বুঝতে পারি, ‘গণিতে নেই কোনো ভয়’। সেই উৎসব থেকে পাওয়া আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই পার করেছি এসএসসি-এইচএসসি পরীক্ষার গণিত ও উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষাগুলো। সফলই হয়েছি সেই সব পরীক্ষায়। আর গণিত উৎসবে সাফল্য বলতে আঞ্চলিক উৎসবে একবার দ্বিতীয় রানারআপ হয়ে জাতীয় উৎসবে অংশ নেওয়া। তবে অর্জন শুধু এটুকুই নয়, তৃতীয় থেকে সপ্তম—প্রতিটি উত্সব থেকেই পেয়েছি অসামান্য আনন্দ, প্রতিটি উৎসবেই ছিল অনন্য এক শপথ। প্রশ্নোত্তর পর্ব কিংবা আনন্দময় ‘পরীক্ষা’—সবই ছিল মজার। গণিতের বিশাল জগতের সঙ্গে মধুর এক সম্পর্ক গড়ে উঠেছিল। যখন ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিলাম, সেই সময় থেকেই গড়ে উঠেছে এই দারুণ সম্পর্ক। সময়ের পরিক্রমায় বিদ্যালয়ের দিন পেরিয়ে সরকারি সারদাসুন্দরী মহিলা কলেজের আঙিনায় পা রেখেছি, তবু বছরের সেরা আকর্ষণগুলোর একটি ছিল গণিত উৎসব।সেই সব দিনও পার হয়েছে। আমি এখন দাঁড়িয়ে সম্ভাবনার নতুন এক দুয়ারে, ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের কোর্সে ভর্তি হয়ে, জীবনের নতুন এক সোপানে। এ বছরও উত্সব হয়েছে ফরিদপুরে, উৎসবের আনুষঙ্গিক সবই হয়েছে সেখানে। তবে ছিলাম না আমি, আমার জন্য কোনো গ্রুপই যে নেই গণিত উৎসবে; ভাবতেই কষ্ট হয়! এ কষ্টের উৎপত্তি গণিতের জন্য ভালোবাসা থেকে, যে ভালোবাসা সৃষ্টি হয়েছিল গণিত উৎসবে অংশগ্রহণের মাধ্যমেই। গণিতের জন্য এই ভালোবাসা, গণিত উৎসবের প্রতি আন্তরিক সমর্থন সব সময় থাকবে; তবে আমি আর থাকব না উৎসবে, কুয়াশাঢাকা কোনো ভোরে বেরিয়ে পড়ব না উৎসবকেন্দ্রের উদ্দেশে, দিন শেষে আর অপেক্ষা করব না ফলাফলের জন্য। মাত্রই এক বছরের ব্যবধানে দৃশ্যপটে এই পরিবর্তন, যে পরিবর্তনে খুশি হতে পারছি না একটুও। শুধুই মনে হচ্ছে, উৎসব থেকে আমি দূরে, অনেক দূরে...।রাফিয়া আলমএমবিবিএস প্রথম বর্ষ, ঢাকা মেডিকেল কলেজ।