অনেক দেশেই একাধিক সিটি করপোরেশন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে দুটি সিটি করপোরেশন করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কারণ নেই। পৃথিবীর অনেক শহরেই একাধিক সিটি করপোরেশন আছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তাঁরা এ কাজ করেছেন। কেবল নাগরিক সুবিধার দিকে লক্ষ্য রেখেই ঢাকায় দুটি সিটি করপোরেশন করা হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। জাতীয় সংসদে আজ উপজেলা পরিষদ সংশোধন বিল-২০১১ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০০১ পাসের পর তাত্ক্ষণিক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সৈয়দ আশরাফ বলেন, ‘আশা করেছিলাম, যাঁরা সংশোধনী এনেছিলেন, তাঁরা উপস্থিত থাকবেন, সংসদে প্রাণবন্ত আলোচনা হবে। এমনকি তাঁদের যুক্তিসংগত সংশোধনী গ্রহণ করতেও প্রস্তুত ছিলাম। কিন্তু সংশোধনী উত্থাপিত না হওয়ায় রেওয়াজ অনুযায়ী মন্ত্রী বক্তৃতা করতে পারেন না।’সৈয়দ আশরাফ সিটি করপোরেশন ভাগ নিয়ে সমালোচনার জবাবে বলেন, কেউ কেউ বলছেন, পৃথিবীর কোথাও এক শহরে দুই সিটি করপোরেশন নেই। এটা আন্দাজ-নির্ভর কথা। লন্ডন শহরে দুটি সিটি করপোরেশন আছে। দুটির দপ্তরও আলাদা। সেখানে ৩৬টা বার কাউন্সিলে ৩৬ জন মেয়র আছে। এক সিডনি শহরে পাঁচটি সিটি করপোরেশন আছে। সৈয়দ আশরাফ বলেন, সিটি করপোরেশন ভাগ করে রাজধানীকে ভাগ করা হয়নি। রাজধানীতে ঢাকাতেই আছে। আর প্রশাসক দিয়ে সিটি করপোরেশন চালানোর ইচ্ছা থাকলে আইনে নির্বাচনের বিধান রাখা হতো না। বিএনপি ক্ষমতায় এলে সিটি করপোরেশন আবার এক করা হবে বলে সাদেক হোসেন খোকার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘জনগণের রায় নিয়ে এলে মেনে নেব।’দুই সিটি করপোরেশন করার পক্ষে যুক্তি দেখিয়ে সৈয়দ আশরাফ বলেন, ঢাকা সিটির পার্শ্ববর্তী এলাকার ভাসমান লোক সেবা নেয়। এখানে ১৭টা ইউনিয়ন আছে। আবার ক্যান্টনমেন্ট বোর্ড ও ডিওএইচএসের বাসিন্দারা সিটি করপোরেশনের আওতায় নয়। কিন্তু তারা সিটি করপোরেশনের রাস্তা ব্যবহারসহ নানা সুযোগ-সুবিধা নেয়। এতে সিটি করপোরেশনের ওপর বাড়তি চাপ পড়ে। এ-সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, নাগরিক সেবার জন্য ডিওএইচএস এবং ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দাদের সিটি করপোরেশনের আওতায় আসা উচিত।’ সাবেক বড় ১৯ জেলার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ব্যাপারে সরকারের সাধারণ সিদ্ধান্ত আছে বলে সৈয়দ আশরাফ জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, সাংসদ বি এম মোজাম্মেল হক, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ আসলামুল হক ও স্থানীয় সরকারসচিব আবু আলম শহীদ খান উপস্থিত ছিলেন।