অনেক পাকিস্তানি মনে করে দেশটি তাদের নয়: চমস্কি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক নোয়াম চমস্কি বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নয়, বরং জাতিকে ঐক্যবদ্ধ করাই এখন পাকিস্তানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, দেশটির জনগণের একটি বড় অংশ মনে করে দেশটি তাদের নয়। পাকিস্তানের জাতীয় নির্বাচন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রে ভূমিকা, তালেবান প্রশ্ন ইত্যাদি বিষয় কেন্দ্র করে ‘দ্য ডন’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি সম্প্রতি এসব কথা বলেন।বর্তমান বিশ্বের আলোচিত পণ্ডিতদের অন্যতম চমস্কি। ভাষাবিজ্ঞান তাঁর ভিত্তিভূমি হলেও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, গণমাধ্যমের ভূমিকা এবং নৈরাজ্যকর দর্শন নিয়ে তিনি কাজ করে চলেছেন। ‘আধুনিক ভাষাতত্ত্বের জনক’ চমস্কি ১৯৬০-র দশকে ভিয়েতনাম যুদ্ধ বন্ধের দাবি তুলেছিলেন। এর পর থেকে জাতীয় মুক্তি সংগ্রামের পক্ষে নিজের অবস্থান বারবার পরিষ্কার করেছেন। ‘মার্কিন সাম্রাজ্যবাদের’ একজন জোরালো সমালোচকও তিনি। পাকিস্তানের ওপর মার্কিন প্রভাব ও এর ফলাফল নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন ‘দ্য ডন’কে দেওয়া সাক্ষাত্কারে।চমস্কি বলেন, পাকিস্তান যে স্বৈরশাসনের পথ থেকে সরে গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে, এটা ‘ইতিবাচক দিক’। তবে তিনি বলেন, আরও বেশ কিছু বিষয়ে আশু পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, ‘দেশটির আন্তর্জাতিক সমস্যা ছাড়াও এমন কিছু প্রকট সমস্যা আছে, যেগুলো ভেতর থেকে ঠিক করা দরকার।’ জাতীয় ঐক্যচমস্কি আরও বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করাই এখন দেশটির নেতাদের প্রধান কাজ। তিনি বলেন, ‘পাকিস্তানে একতা নেই। দেশটির জনগণের একটি বিরাট অংশ মনে করে, দেশটি তাদের নয় এবং রাষ্ট্রটি চলাচ্ছে পাঞ্জাবিরা।’ সাক্ষাত্কারে তিনি ভুট্টোর আমলের প্রাদেশিক সরকারনীতির প্রশংসা করেন। তিনি বলেন, ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের দূরত্ব কমে এসেছিল।আন্তর্জাতিক সম্পর্কভারতের সঙ্গে পাকিস্তানের কলহকেই চমস্কি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সবচেয়ে বড় জটিলতা বলে মনে করছেন। তিনি বলেন, ‘যদি এভাবে চলতে থাকে, তবে পাকিস্তান টিকে থাকতে পারবে না। পাকিস্তান কখনোই ভারতের সমান সামরিক ক্ষমতা অর্জন করতে পারবে না এবং সমান ক্ষমতা অর্জনের জন্য পাকিস্তানকে যা করতে হচ্ছে, তার জন্য দেশটির সমাজকে কঠিন মূল্য দিতে হচ্ছে।’ ভারতের সমান পারমাণবিক ক্ষমতা অর্জনের জন্য পাকিস্তান যে তত্পরতা চালাচ্ছে, সেটিকেও তিনি যৌক্তিক বলে মনে করছেন না। তিনি আরও মনে করেন, ভারতের সঙ্গে সংঘাত কমানোর জন্য পাকিস্তানের উচিত কাশ্মীর সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া।কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানকে আরও একটি বিষয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন চমস্কি। এটি হলো প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান। তিনি বলেন, ‘পাকিস্তানির একটি বড় অংশ এখন মার্কিন ড্রোনের হামলায় বিধ্বস্ত। দেশটিতে “মহাশক্তিধর সন্ত্রাসীরাও” লাগাতার হামলা চলাচ্ছে। তাই এটি কোন মামুলি সমস্যা নয়।’সামরিক বাহিনীর ভূমিকাসামরিক বাহিনীর ভূমিকা প্রশ্নে চমস্কি তুরস্কের প্রসঙ্গ টেনে বলেছেন, পাকিস্তান যদি তার গণতান্ত্রিক কার্যক্রম জারি রাখতে পারে, তবে কৌশল নির্ধারণের খবরদারিতে সামরিক কর্মকর্তাদের প্রতিস্থাপিত করতে পারবেন রাজনীতিকেরা। তিনি বলেন, ‘আমি আশা করছি এবং কিছু বোঝাও যাচ্ছে যে, অর্থনৈতিক ক্ষমতার ক্ষেত্রে নয় বরং কৌশল নির্ধারণে সামরিক বাহিনী পিছু হটছে। যদি এমনটাই হতে থাকে বা সম্ভবত এমনটাই হবে, তাহলে এটা ইতিবাচক উন্নতি।’ তিনি বলেন, তুরস্কেও সামরিক বাহিনী দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থেকে দেশটির রাজনৈতিক অর্থনীতিকে পরিচালিত করেছে। তবে এক দশক ধরে বেসামরিক সরকারের স্বাধীনচেতা আচরণ ও স্বাতন্ত্র্যের কারণে সামরিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গেছে। জনগণতন্ত্রসামনের নির্বাচনে যদি কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তবে দেশটিতে জোট সরকার গঠন করা ছাড়া উপায় থাকবে না। চমস্কি মনে করছেন, নওয়াজ শরিফের নেতৃত্বে যদি সরকার গঠিত হয়, তবে তাতে খুব বেশি আশান্বিত হওয়ার কিছু নেই। কারণ, এর আগে শরিফ যে সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, সেটি ছিল দুর্নীতিবাজ ও অত্যাচারী। তিনি বলেন, ‘তবে এটি সত্যি যে, জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হলে পরিস্থিতি বদলাতে পারে। পরিবর্তন তেমনটি করেই হতে পারে, যেমনটি হয়েছে উত্তর আফ্রিকায়। বদলানোর নিয়মটি হলো, পরিবর্তন ওপর থেকে হয় না, এটি হয় জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে।’আফগান প্রশ্নআফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা বা না-করা পাকিস্তানের ওপর কতটুকু প্রভাব ফেলবে, এমন প্রশ্নের জবাবে চমস্কি বলেন, পাকিস্তানের নির্বাচনে কোনো প্রার্থীর প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব না থাকলেও পাকিস্তানকে মার্কিনরা নিয়ন্ত্রণ করতে চায়। তিনি বলেন, ‘এটি (যুক্তরাষ্ট্র) চায়, পাকিস্তান তার নিজের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রকে আগ্রাসী ও সহিংস আক্রমণ চালাতে দিক। যুক্তরাষ্ট্র চায় আফগানিস্তানে মার্কিন স্বার্থের পক্ষে দাঁড়াক পাকিস্তান। ইরানের সঙ্গে পাকিস্তানের আচরণ নিয়েও চাওয়া-পাওয়া আছে যুক্তরাষ্ট্রের।’ কয়েক বছর ধরে মার্কিন বাধা উপেক্ষা করে পাকিস্তান ইরানের সঙ্গে সম্পর্ককে অনেক দৃঢ় করেছে। চমস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র খুব করে চায় যে পাকিস্তান ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক। তবে এ ক্ষেত্রে তারা (পাকিস্তান) নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়েছে।’ বেলুচিস্তান সমস্যাবেলুচিস্তান সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে চমস্কি বলেন, ‘বেলুচিস্তান এবং সিন্ধুর মানুষের মধ্যে একটি বিষয় খুব চোখে পড়ে। তাঁরা মনে করে, পাকিস্তানের সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে তাদের কোন অংশীদারত্ব নেই, উল্টো দেশ চলছে পাঞ্জাবিদের স্বৈরশাসনে। এ এলাকা খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও স্থানীয়রা সে সবের কোনো সুবিধা পায় না। যত দিন এসব চলবে, তত দিনই জোরালো বিদ্রোহ ও জঙ্গিবাদ বাড়ার সুযোগ জারি থাকবে।’তালেবান ও সিআইএপাকিস্তানের প্রেক্ষাপটে তালেবানদের অবস্থান প্রসঙ্গে চমস্কি বলেন, অনেকে মনে করেন, সবকিছুতেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হাত আছে। এমনটা মনে করা আহাম্মকি। তারা (সিআইএ) একটি দানব (জঙ্গি গোষ্ঠী) তৈরি করেছে, আর এখন নিজেরাই সে দানবের ভয়ে ভিত। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে এ সংস্থাটির শিকড় গাড়া আছে। তিনি বলেন, জেনারেল জিয়ার আমল থেকে যে ইসলামীকরণ প্রক্রিয়া শুরু হয়, সেটি ছিল ভয়ংকর। এর জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি এলাকার মানুষ। সবচেয়ে বড় ফাঁদে পড়েছে পশতুনরা। তারা কখনো ডুরান্ড লাইন (পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা নির্ধারণী রেখা) মেনে নেয়নি এবং কোনো আফগান সরকারও তা মানেনি। পাকিস্তান ও আফগানিস্তানে লোকজনের যাতায়াতকে ক্রমে দুঃসাধ্য করার চেষ্টা করা হয়েছে। এ সীমান্তের কোনো মানে হয় না। সাম্রাজ্যবাদী ব্রিটিশরা নিজেদের স্বার্থে এ রেখা আরোপ করেছে, আর এখন এর ধকল পোহাতে হচ্ছে। এ সমস্যার সমাধানে নিজেদেরই করতে হবে। এর জন্য সিআইএ দায়ী নয়।