অনেক প্রশ্নের জবাব মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরবার হল থেকে মুছে গেছে গুলির চিহ্ন। কিন্তু স্বজনহারাদের হূদয়ের ক্ষত শুকায়নি। পিলখানার রক্তাক্ত দরবার হলে আজ কোনো দরবার হচ্ছে না। সেখানে এখন শোকের ছায়া। গত বছরের (২০০৯) ঠিক এই দিনে (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) পিলখানায় বিদ্রোহী জওয়ানেরা নারকীয় তাণ্ডব চালায়। তাদের হাতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। সেই বিদ্রোহ ২৮টি জেলার বিডিআর স্থাপনায় ছড়িয়ে পড়ে। তবে এসব এলাকায় কেউ হতাহত হয়নি।বছর পেরিয়ে গেলেও এই বিদ্রোহের বিষয়ে নানা প্রশ্নের জবাব এখনো মেলেনি। বিদ্রোহের কারণ সম্পর্কে জওয়ানদের নানা ক্ষোভের কথা বলা হলেও নৃশংস হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো স্পষ্ট হয়নি। জানা যায়নি মূল পরিকল্পনাকারীদের পরিচয়ও। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পর এ ঘটনা তদন্তে গঠিত কমিটির সমন্বয়কারী ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান গত বছরের ১৭ মার্চ সাংবাদিকদের বলেছিলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা পাওয়া গেছে। হত্যাযজ্ঞ ঘটাতে জঙ্গিরা দেশের সুশৃঙ্খল বিডিআর বাহিনীকে ব্যবহার করেছে।’ পরে তিনি এ বক্তব্য তাঁর ব্যক্তিগত বলে জানান।এর আগে ২৭ ফেব্রুয়ারি (২০০৯) ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করে মিরপুর সেনানিবাস থেকে বেরিয়ে আসার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, ‘বিডিআর বিদ্রোহ একার পক্ষে করা সম্ভব নয়। এ ঘটনার পেছনে একটি গোষ্ঠীর ইন্ধন রয়েছে। এদের খুঁজে বের করা হবে।’একই দিন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘বিডিআরের রক্ষক্ষয়ী ঘটনার পেছনে দেশবিরোধী শক্তির ইন্ধন ছিল, ইতিমধ্যে তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে।’আনিস উজ জামানের নেতৃত্বে গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, তদন্ত কমিটি তথ্যপ্রমাণসহ বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদের শনাক্ত করতে পারেনি। এমনকি ঘটনার পেছনের মূল কারণ বা মোটিভও কমিটির পক্ষে উদ্ঘাটন করা সম্ভব হয়নি। গোয়েন্দা সংস্থাগুলোর পর্যাপ্ত সহযোগিতার অভাবের পাশাপাশি কমিটির কাছে সত্য উদ্ঘাটনে উপযুক্ত উপকরণ, প্রযুক্তি ও কৌশল না থাকার কারণে এটা সম্ভব হয়নি বলে প্রতিবেদন প্রকাশের পর সংবাদ সম্মেলনে কমিটির প্রধান জানিয়েছিলেন।মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে গঠিত সেনা তদন্ত আদালতের প্রতিবেদনে বলা হয়, ‘বিডিআর বিদ্রোহের সঙ্গে সম্ভাব্য কোনো বেসামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা প্রমাণে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ, প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই, তথ্যের উেসর সঠিকতা যাচাইয়ের সীমাবদ্ধতার কারণে শনাক্ত করা সম্ভব হয়নি।’বিডিআর বিদ্রোহ মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে জানান, তদন্তের শুরুতে বিদ্রোহের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নানা ধরনের বক্তব্যের কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তদন্তে এসব বক্তব্যের কোনো সত্যতা এখনো খুঁজে পাওয়া যায়নি। দাবিদাওয়া থেকে সৃষ্ট ক্ষোভের কারণেই বিডিআর সদস্যরা সম্মিলিতভাবে বিদ্রোহ করেছে। এতে কারও একক নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ছিল না।বিড়িআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘যারা এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছে, তাদের আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাচ্ছি। সেই সঙ্গে বিডিআর পুনর্গঠনের কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ইতিমধ্যে পিলখানা সদর দপ্তরসহ দেশের বিভিন্ন স্থানে বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের বিচার শুরু হয়েছে। তবে সেনা কর্মকর্তা হত্যা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলার তদন্ত এখনো শেষ করতে পারেনি সিআইডি। এ ছাড়া ঢাকার বাইরে দায়ের করা ৪০টি ফৌজদারি মামলার বিচার আটকে আছে। এসব মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি। বাহিনীর পুনর্গঠনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, তার গতি খুব মন্থর।তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পিলখানায় বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদের হত্যার বিচারকে সরকার এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খুব কম সময়ের মধ্যে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ এই হত্যার বিচার শুরু করতে চায় সরকার। এই ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া সাড়ে চার মাসের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। ২০০২ সালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের ৬ ধারায় হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অস্ত্র-বিস্ফোরকসংক্রান্ত অপরাধের বিচারের সুযোগ রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ঢাকায় চারটি বিশেষ ট্রাইব্যুনাল আছে। এসব ট্রাইব্যুনালে তেমন মামলার চাপ নেই। এসব ট্রাইব্যুনালের যেকোনোটিতে সেনা কর্মকর্তা হত্যার বিচার শুরু হবে।ফৌজদারি আইনে মামলাবিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিউমার্কেট থানায় হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়। মামলায় উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল ইসলাম, নাসির উদ্দিন, হাবিবুর রহমান ও আবদুল জলিল এবং সিপাহী সেলিমের নাম উল্লেখসহ কয়েক হাজার বিডিআর সদস্যকে আসামি করা হয়। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলিবর্ষণের মাধ্যমে সেনা কর্মকর্তা ও অন্যদের হত্যা, গুরুতর জখম, অবৈধ আটক, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ গুম করা, গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে সম্পদের ক্ষতিসাধন করার ১৯টি অভিযোগ আনা হয়। সিআইডি সূত্র জানায়, এক বছরের তদন্তে তারা নিশ্চিত হয়েছে, বিদ্রোহের দিন পিলখানায় আট হাজার ২৯২ জন বিডিআর সদস্য উপস্থিত ছিল। এদের বেশির ভাগ ওই দিন সরাসরি বিদ্রোহে অংশ নেয়। তাদের মধ্যে এ পর্যন্ত দুই হাজার ২০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাত হাজার ৯৭৪ জনকে। এ ছাড়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, হুইপ মির্জা আজম, সাংসদ মাহবুব আরা গিনি, ওয়ারেসাত হোসেন, মেহের আফরোজ, ফজলে নূর তাপসসহ আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।বিডিআর আইনে বিচারবিডিআর বিদ্রোহের ঘটনা দুই আইনে বিচার হচ্ছে। এর মধ্যে সাধারণ বিদ্রোহে জড়িতদের বিচার হচ্ছে বিডিআরের নিজস্ব আইনে। এই আইনে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা হতে পারে।ইতিমধ্যে বিডিআর আইনে বিচার শুরু করতে সারা দেশে ছয়টি আদালত গঠন করা হয়েছে। পিলখানায় একটিসহ পাঁচটি আদালতে বিচার শুরু হয়েছে। গত মঙ্গলবার পিলখানায় বিচারকাজ শুরু হয়েছে। রাঙামাটিতে দুটি, ফেনী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সাতক্ষীরায় বিচার চলছে। কমবেশি ৩০০ জওয়ান দোষ স্বীকার করে বিচারের মুখোমুখি হয়েছে।ঢাকার বাইরে মামলাসদর দপ্তরের মামলার পাশাপাশি ২৮ জেলার ৩৭টি থানায় ৪০টি মামলা করা হয়। এসব মামলায় এক হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে ১৮ জন ডিএডি, ১৫ জন বিডিআরের সাধারণ কর্মচারী ও দুজন সাধারণ লোক রয়েছে। আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ১২০(ক)/ ১২১ ও ২১২(ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছে।তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেও ঢাকার বাইরে বিডিআর বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়নি। আদালত অভিযোগ আমলে নেওয়ায় নালিশি মামলা হয়ে গেছে। এ অবস্থায় বিডিআরের পক্ষ থেকে তদন্তকারী কর্মকর্তা ও আইন কর্মকর্তা নিয়োগের অনুমতি চাওয়া হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারছে না। সংকট নিরসনে আইন মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে আন্তমন্ত্রণালয়ের দুই দফা বৈঠক হয়েছে, কোনো সমাধান মেলেনি।তদন্ত কমিটির প্রতিবেদনবিডিআর বিদ্রোহের পর সাবেক সরকারি কর্মকর্তা আনিস উজ জামানকে প্রধান করে গত বছরের ৩ মার্চ একটি কমিটি গঠন করা হয়। একই সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে একটি সেনা তদন্ত আদালত গঠন করা হয়। গত বছরের ১১ মে সেনা তদন্ত আদালতের প্রতিবেদন সেনাপ্রধানের কাছে জমা দেওয়া হয়। সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয় ২১ মে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়। দুটি কমিটিই ‘অপারেশন ডাল-ভাত কর্মসূচি’ বিডিআর বিদ্রোহের অন্যতম কারণ বলে উল্লেখ করে।পুনর্গঠনবিডিআর বিদ্রোহের পর প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করতে গত বছরের ২৩ মার্চ উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ কমিটির প্রধান ছিলেন। কমিটির তৃতীয় বৈঠকে বিডিআর পুনর্গঠনের ব্যাপারে একটি কমিটি করা হয়। ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি দল কমিটির সহায়তাকারী হিসেবে কাজ করে। কমিটি বিডিআর পুনর্গঠনের ব্যাপারে একটি ছক তৈরি করে জনমত সংগ্রহ করে। সেই মতামতের ভিত্তিতে পুনর্গঠনের রূপরেখা চূড়ান্ত করা হয়। খসড়াটি গত বছরের ২২ জুন উচ্চপর্যায়ের কমিটির কাছে উপস্থাপিত হয়। ১৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে নীতিগত অনুমোদন দেন। তিনি রূপরেখার কিছু বিষয় সংশোধন করতে বলেন। গত বছরের ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী রূপরেখাটি চূড়ান্ত অনুমোদন দেন।রূপরেখায় বিডিআরের নাম বদল করে বর্ডার গার্ডস বাংলাদেশ বা বাংলাদেশ সীমান্ত বাহিনী রাখার প্রস্তাব করা হয়। বাহিনীর পোশাক নির্ধারণ করা হয় চার রঙের সংমিশ্রণে কমব্যাট। পুনর্গঠনের মধ্যে বাহিনীর পোশাকের রং পরিবর্তনের বিষয়টি গত ১৬ সেপ্টেম্বর সরকার অনুমোদন করে। এরপর বাহিনীর সদস্যরা এ পোশাক পরতে শুরু করেন। এরপর আর কোনো কিছুই হয়নি।বিডিআর আইনের পরিবর্তনবিডিআরকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি যুগোপযোগী আইনের খসড়া করে তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। এতে বলা হয়, বিদ্রোহে জড়িত থাকা ও সহযোগিতার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। বাহিনীর বিশেষ আদালত অভিযুক্ত যেকোনো সদস্যকে এ দণ্ড দিতে এবং তা কার্যকর করতে পারবে। শুধু নিজস্ব বাহিনীতে নয়, সেনা, নৌ ও বিমানবাহিনী বা তাদের সহযোগী বাহিনীতে বিদ্রোহের সঙ্গে যেকোনোভাবে জড়িত থাকলে অথবা বিদ্রোহে বাধা না দিলেও এই সাজা পেতে হবে। খসড়ায় সীমান্তে চোরাচালান দমনের জন্য বিডিআরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলা হয়।বিডিআর মহাপরিচালক জানান, ভ্রাম্যমাণ আদালত নিয়ে মন্ত্রণালয়ের আপত্তির কারণে সেটি বাদ দিয়ে খসড়াটি প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে এখনো আন্তমন্ত্রণালয় বৈঠক হয়নি। অভিমতবিডিআর পুনর্গঠনের ব্যাপারে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, পুনর্গঠন করতে সময় লাগবে। তবে সরকার এসব ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিডিআরের মহাপরিচালক মইনুল ইসলাম বলেন, পুনর্গঠন করতে সময় লাগবে। বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিডিআরের পুনর্গঠন এখন খুব জরুরি হয়ে পড়েছে। বিদ্রোহে জড়িতদের বের করে বাহিনীকে ঢেলে সাজাতে হবে।