অনেক প্রশ্নেরই উত্তর মেলে না বাজেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাম মিয়া তিন বছর ধরে ঢাকায় রিকশা চালান। দিন কেমন কাটছে, জানতে চাইলে আয়ের চেয়ে ব্যয় বাড়ার একটা হিসাব দিয়ে দিলেন। জিজ্ঞেস করলাম, সরকার যে বাজেট দিচ্ছে, তাতে কী তাঁর প্রত্যাশা। সালাম মিয়া এবার সামান্য হেসে জানতে চাইলেন, ‘বাজেটে কি তেল-নুনের দাম কমবে?’অধিকাংশ সাধারণ মানুষের কাছে বাজেট মানেই জিনিসপত্রের দাম বাড়া-কমা। চাকরিজীবী পারভীন হোসেনকে অবশ্য উচ্চমধ্যবিত্ত বলা যায়। জানতে চাইলাম বাজেট নিয়ে। তেমন কোনো আগ্রহ না দেখিয়ে বললেন, ‘কী লাভ শুনে, সেই তো গৎবাঁধা কথাবার্তাই বলবে।’হাসিন ইশরাক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র, দ্বিতীয় সেমিস্টার চলছে। অর্থনীতির ছাত্র হিসেবে বাজেট নিয়ে আগ্রহ আছে। কিন্তু অর্থমন্ত্রীর বাজেট-বক্তৃতা তাঁর কাছে দুর্বোধ্য মনে হয়। ‘সুনির্দিষ্ট কিছু পাই না। আমি যা জানতে চাই, তা কোথায় আছে বুঝতে পারি না,’ বললেন হাসিন। বেশির ভাগ মানুষের কাছে বাজেট আসলে তা-ই। একসময় অর্থমন্ত্রীর বাজেট-বক্তৃতা খানিকটা ছোট ছিল। কিন্তু প্রতিবছর বাজেটের আকার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বাজেট-বক্তৃতার আয়তন। তাতে অনেক কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু না-বলা কথার সংখ্যাই যেন বেশি। রবীন্দ্রনাথ যেমনটি বলেছেন, ‘অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি’। আর তাই তো সাধারণ মানুষও রবীন্দ্রনাথের সঙ্গে সুর মিলিয়ে বলছেন, ‘তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি’। বাজেট বোঝার আশা জলাঞ্জলি দেওয়ার পথ আসলে নেই। একটি বাজেট একটি দেশের এক অর্থবছরের অর্থনৈতিক দলিল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটের নাম দিয়েছেন ‘আগামীর পথে অভিযাত্রা: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণকামী দেশ গড়ার লক্ষ্যে’। দেশের মানুষকে নিয়ে যদি এই অভিযাত্রা হয়, তাহলে মানুষকে বাজেট জানার এবং বুঝতে পারার সুযোগ দিতেই হবে। বাজেট উপস্থাপনায় দুটি অংশ থাকে। একটি হলো বাজেট-বক্তৃতা, অন্যটি বাজেট-পরিসংখ্যান। গত ১০ বছরে বাজেট-পরিসংখ্যান উপস্থাপন অনেক সহজ হয়েছে। কিন্তু বাজেট-বক্তৃতা এর সঙ্গে তাল মেলাতে পারেনি। বাজেটে মানুষ যা জানতে চায়, বুঝতে চায়—সেসব এখন আর সহজে পাওয়া যায় না। এর পরিবর্তে বাজেট-বক্তৃতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে মন্ত্রণালয়ভিত্তিক উন্নতির ফিরিস্তি পাওয়া যায়, যা বছরের শুরুতে সংসদ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির বক্তৃতায়ও পাওয়া যায়। অথচ বাজেট থেকে সাধারণ মানুষ কী পাবে, একটি অর্থবছর কীভাবে পরিকল্পনা সাজাতে হবে এবং বাজেটে অর্থমন্ত্রী কেন বিভিন্ন সিদ্ধান্ত নিলেন—সেগুলোই জানতে চান সবাই। কেন টাকা সাদা করার সুযোগ: নতুন অর্থবছরেও কালোটাকা সাদা করার সুযোগ থাকছে। বাজেটে এই সিদ্ধান্ত বলা থাকলেও এটি এখন আর অর্থনৈতিক সিদ্ধান্ত নেই, বরং রাজনৈতিক সিদ্ধান্ত। অর্থাৎ অর্থনৈতিক কারণে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয় না, রাজনৈতিক কারণে দেওয়া হয়। ইতিহাস বলে, অতীতে বারবার এই সুযোগ দেওয়া হলেও খুব সামান্য অর্থই সাদা হয়েছে। তার পরও প্রায় সব সরকারই এই সুযোগ দিতে সদা উৎসাহী। কেন দেওয়া হচ্ছে, তার কোনো ব্যাখা বাজেটে থাকছে না। অথচ পাশের দেশ ভারতে একাধিক বার সরকারের তরফ থেকে কালোটাকা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশেও কালোটাকা নিয়ে বিস্তারিত বক্তব্য বাজেটে থাকা প্রয়োজন বলে অনেকেই মনে করেন। কালোটাকা সাদা করার সুযোগ কেন তেমন কেউ নেন না, তার পরও কেন বারবার একই ধরনের সুযোগ রাখা হচ্ছে তারও একটি বিশ্লেষণ মানুষ জানতে চাইবে বাজেট-বক্তৃতায়।কতটা কর্মসংস্থান হলো: একটা বাজেটের অন্যতম লক্ষ্য বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং এর মাধ্যমে আয় বাড়ানো। এতেই কমবে দারিদ্র্য। অথচ বাজেটে কত বিনিয়োগ হলো, এতে কতটা কর্মসংস্থান তৈরি হয়েছে, এর ফলে মানুষের আয় কত বেড়েছে, তার কোনো সুনির্দিষ্ট হিসাব বাজেটে কখনোই পাওয়া যায়। দেশে প্রতিবছর শ্রমশক্তির জরিপ হয় না। খানা আয় ও ব্যয় জরিপ হয় পাঁচ বছর পর পর। ফলে কর্মসংস্থান সৃষ্টি আর আয়-ব্যয়ের কোনো হালনাগাদ তথ্য কারও কাছেই নেই। অথচ সব ধরনের অর্থনৈতিক পরিকল্পনার মূল লক্ষ্যই হচ্ছে দারিদ্র্য বিমোচন। আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রী এক লাখ ৯০ হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয় করবে। এর থেকে নতুন কর্মসংস্থান কত হবে মানুষ তা জানতে চাইবে।পিপিপি কেন হলো না: বাজেটে অর্থমন্ত্রীরা অনেক প্রতিশ্রুতি দেন। অনেক ধরনের স্কিমের সিদ্ধান্ত থাকে, বরাদ্দও দেওয়া হয়। কিন্তু এর অনেকগুলোই বাস্তবায়িত হয় না। কিন্তু পরের অর্থবছরের বাজেটে এ নিয়ে তেমন কোনো কথা থাকে না। তবে অবকাঠামো নির্মাণে পিপিপি বা সরকারি-বেসরকারি অংশীদারির উদ্যোগ নিয়ে তিন বছর ধরেই অর্থমন্ত্রী একই ধরনের কথা ও আশাবাদ দিয়ে আসছেন। পিপিপিকে তিনি বলেছিলেন, নতুন দিগন্ত উন্মোচন। আর পিপিপি নিয়ে যে ধারণাপত্রটি তৈরি হয়েছিল, তার শিরোনাম ছিল ‘নব উদ্যোগ বিনিয়োগ প্রয়াস’। কিন্তু এখনো এই প্রয়াস আলোর মুখ দেখেছে বলা যাবে না। পিপিপি কেন কার্যকর হলো না, কে দায়ী, কোথায় আটকে গেল, তার কারণ জানার আগ্রহ ব্যবসায়ীদের আছে। কারণ তাঁরা মনে করেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা অবকাঠামোর সমস্যা। ঝুঁকি মোকাবিলা কেন হলো না: চলতি অর্থবছরের বাজেট দেওয়ার পর গত বছরের ১০ জুন বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, এই বছরটি হবে ঝুঁকি মোকাবিলার বছর। অর্থবছর প্রায় শেষ। দেখা যাচ্ছে, এই অর্থবছরই অর্থনীতি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ছিল। বছরজুড়ে অর্থনীতির ওপর ছিল চাপ। চলতি অর্থবছরের অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছিল মূলত বৈদেশিক খাতের কারণে। কেননা সরকার এ সময় প্রত্যাশিত বৈদেশিক সহায়তা পায়নি। সাহায্য ব্যবহারের অদক্ষতা তো ছিলই, দুর্নীতির কারণে আটকে গেছে পদ্মা সেতুর সাহায্য। পুরো অর্থবছরেই সবচেয়ে আলোচিত বিষয় ছিল এই পদ্মা সেতু; আর এর প্রভাব পড়েছে সার্বিক অর্থনীতিতে। পদ্মা সেতু নিয়ে কেন এই সমস্যা হলো তার একটি গ্রহণযোগ্য ব্যাখ্যাও মানুষ জানতে চাইবে। বাজেটের হিসাব এলোমেলো, কে দায়ী: গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, চলতি অর্থবছরে দেশে রাজস্ব ব্যয়ে বিস্ফোরণ ঘটে গেছে। কারণ এ সময় রাজস্ব আয় বেড়েছে ১৮ শতাংশ, কিন্তু ব্যয় বেড়েছে ৩২ দশমিক ৫০ শতাংশ। এই ব্যয়ের ৭০ শতাংশই হলো ভর্তুকি। এটাই অর্থনীতিকে সবচেয়ে অসুবিধার মধ্যে ফেলেছে। আবার রাজস্ব ব্যয়ের ২০ শতাংশ ব্যয় হয় সুদ পরিশোধে। এটাও নাড়া দিয়ে যাচ্ছে অর্থনীতিকে। অথচ অর্থবছরের শুরুতে সরকারের প্রাক্কলন ছিল অন্য রকম। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকারের সব ধরনের অনুমান ভুল প্রমাণিত হয়েছে। ফলে বাজেট-ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট দেখা দেয়। সিপিডির মতে, অর্থনৈতিক দিক থেকে চলতি অর্থবছর ছিল গত তিন বছরের মধ্যে দুর্বলতম। কেন সব ধরনের হিসাব এলোমেলো হলো, তার একটি ব্যাখ্যাও এবার অর্থমন্ত্রীর কাছ থেকে সবাই প্রত্যাশা করছেন।