অনেক প্রাণীই এখন চিড়িয়াখানার বোঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানার অনেক প্রাণীই বয়সের আগে বুড়ো হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নিম্নমানের খাবার সরবরাহের কারণে অপুষ্টির শিকার হচ্ছে প্রাণীগুলো। এতে বয়সের আগেই বার্ধক্যে পৌঁছে প্রাণী মারা যাচ্ছে, পাশাপাশি স্থানস্বল্পতায় ঢাকা চিড়িয়াখানায় প্রাণীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা যাচ্ছে না। অনেক প্রাণীই এখন চিড়িয়াখানার জন্য বোঝা হয়ে উঠেছে।চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন প্রজাতির ৪২টি প্রাণীর আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এর মধ্যে রয়েছে হাতি, গন্ডার, জলহস্তী, বেঙ্গল টাইগার, সিংহ, শিম্পাঞ্জি, হায়েনা, ভালুক, ভোঁদড়সহ বিভিন্ন প্রজাতির বানর ও সাপ।জানা গেছে, চিড়িয়াখানার গন্ডার, জলহস্তী, নীলগাই, চিত্রা হায়েনা, শিম্পাঞ্জি, বাগডাশ, অজগর ও কয়েক প্রজাতির সাপ বয়সের আগেই বুড়ো হয়ে গেছে। চিড়িয়াখানার বন্য প্রাণী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক শিংওয়ালা গন্ডারটির বয়স ১৮ বছর। চিড়িয়াখানায় এরা ৩০ বছর পর্যন্ত বাঁচে। গন্ডারটির আয়ুষ্কাল শেষ হয়নি। পায়োমেট্রা রোগাক্রান্ত প্রাণীটি যেকোনো সময় মারা যেতে পারে।পুরুষ জলহস্তীটির বয়স ২৮ বছর। এরা চিড়িয়াখানায় ৩৫ বছর পর্যন্ত বাঁচে। আয়ুষ্কালের আগেই এটি বুড়িয়ে গেছে।নীলগাই ২২-২৩ বছর পর্যন্ত বাঁচে। তবে এই প্রাণীটি বয়স ১৮ হতেই মৃত্যুর প্রহর গুনছে। আফ্রিকার চিত্রা হায়েনাটির বয়স ২০ বছর এক মাস। চিড়িয়াখানায় প্রাণীটি ২৫ বছর পর্যন্ত বাঁচে। বার্ধক্যে পৌঁছে যাওয়ায় হায়েনাটি যেকোনো সময় মারা যেতে পারে। বুড়ো বাগডাশের বয়স ২১ বছর। চিড়িয়াখানায় ২৮ বছর পর্যন্ত বাঁচতে পারে প্রাণীটি। অনেক প্রাণীই বোঝা: চিড়িয়াখানায় বর্তমানে ১৭টি অজগর, ১৭টি সিংহ, ১৪টি বাঘ, নয়টি জলহস্তী এবং অনেকগুলো হরিণ রয়েছে। এসব প্রাণীর অনেকগুলোই বয়সে ভারাক্রান্ত। এদের এমনিতেই জায়গা বেশি লাগে। তার ওপর বাঘ ও গন্ডার বাচ্চা দিয়েছে। কিন্তু এদের একসঙ্গেই রাখা হচ্ছে।একজন বন্য প্রাণী কর্মকর্তা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের চিড়িয়াখানায় পূর্ণাঙ্গ বয়সের প্রাণী ও এদের বাচ্চাদের রাখার জন্য আলাদা খাঁচার ব্যবস্থা করা হয়, কিন্তু এখানে তা করা যাচ্ছে না। বাঘিনী কিংবা সিংহীর সঙ্গে এর বাচ্চাকে একই খাঁচায় রাখা যায়। কিন্তু পুরুষ বাঘ কিংবা সিংহের সঙ্গে বাচ্চা রাখলে বাচ্চা মেরে ফেলার আশঙ্কা থাকে।চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর এ বি এম শহিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, চিড়িয়াখানায় খাঁচার স্বল্পতা রয়েছে। সব প্রাণী ঠিকমতো রাখা সম্ভব হয় না। তাই কিছু কিছু প্রাণী চিড়িয়াখানার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।গত বছর মারা গেছে অন্তত ৩০টি প্রাণী: জানা যায়, ২০০৯ সালে চিড়িয়াখানায় অন্তত ৩০টি প্রাণী মারা গেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যেই মারা গেছে ২২টি প্রাণী। ফেব্রুয়ারিতে মারা গেছে বেঙ্গল টাইগার, কুমির, জেব্রা ও সারস। মার্চে বেবুন, ওয়াইল্ড বিস্ট, টাপির, আগস্টে অ্যারাবিয়ান হর্স, চিতাবাঘ ও সেপ্টেম্বরে বেঙ্গল টাইগার, সিংহ ও জিরাফ মারা গেছে।একটি সূত্র জানায়, গত বছরের অক্টোবরে চিড়িয়াখানায় প্রাণী ছিল দুই হাজার ১২৮টি। এখন রয়েছে দুই হাজার ৮২টি। এই সময়ের মধ্যে ৪৬টি প্রাণী মারা গেছে। তবে এর বেশির ভাগই ক্ষুদ্র প্রাণী ও পাখি হওয়ায় তা নজরে আসেনি।বিশ্বের অনেক দেশেই স্বাভাবিক বয়সসীমা পেরিয়ে যাওয়া প্রাণীকে শান্তিপূর্ণ মৃত্যু দেওয়ার বিধান রয়েছে। তবে দেশে এ ধরনের আইন না থাকায় এসব প্রাণীর শান্তিপূর্ণ মৃত্যু নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে চিড়িয়াখানায় প্রতিবছরই প্রাণী মৃত্যুর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে দুর্নাম হচ্ছে জাতীয় চিড়িয়াখানার।নিম্নমানের খাবার: ২০০৯-১০ অর্থবছরে চিড়িয়াখানার বাজেট নয় কোটি ৬৭ লাখ ৭৯ হাজার টাকা। এর মধ্যে তিন কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় প্রাণীদের খাবারের জন্য।চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার, সিংহ, চিতা, বাঘডাশ, মেছো বাঘ, হায়েনা, কুমির, শিয়াল, গন্ধগোকুল, চিল, ইগল, শকুনসহ মাংসাশী প্রাণীদের গরুর মাংস দেওয়া হয়। হাতি, জলহস্তী, গন্ডার, হরিণ, ওয়াইল্ড বিস্ট, টাপির, ইম্পালা, নীলগাইসহ বেশ কিছু প্রজাতির প্রাণীকে দেওয়া হয় ঘাস। বাঘডাশসহ কিছু প্রজাতির বক ও পাখিকে খাওয়ানো হয় মাছ।কর্তৃপক্ষ জানায়, প্রতি রোববার মাংসাশী প্রাণীকে জীবন্ত মুরগি এবং সব প্রজাতির সাপকে জীবন্ত প্রাণী খেতে দেওয়া হয়। বেঙ্গল টাইগারকে প্রতিদিন ১২ কেজি, সিংহকে ১০ কেজি মাংস দেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রাণীদের প্রায়ই নিম্নমানের ও বাসি খাবার সরবরাহ করা হয়। তা ছাড়া নির্ধারিত পরিমাণের চেয়ে কম খাবার দেওয়ার অভিযোগও রয়েছে। প্রাণীবিশেষজ্ঞরা জানান, নিম্নমানের খাবার খেলে প্রাণীর দেহে বিষক্রিয়া দেখা দেয়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে।সরেজমিনে চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে, রয়েল বেঙ্গল টাইগার ও সিংহের খাঁচায় নিম্নমানের মাংস পড়ে আছে। প্রাণীগুলো মাংসের সামনে চলাফেরা করলেও তাতে মুখ দিচ্ছে না। যেসব মাংস লোকে কেনে না, বেশির ভাগ ক্ষেত্রে কম দামে সেসব মাংস চিড়িয়াখানার প্রাণীদের জন্য কেনা হয় বলে একটি সূত্র জানায়।খাবারের মান সম্পর্কে বৈজ্ঞানিক কর্মকর্তা শফিক উল আজম প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন সকালে মান যাচাই করে খাবার নেওয়া হয় এবং সময়মতো এসব খাবার প্রাণীদের খেতে দেওয়া হয়। তবে বিশাল এই চিড়িয়াখানা চালানোর জন্য বাজেটের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন।’জনবসতির কারণে প্রাণীরা ঝুঁকিতে: সাধারণত চিড়িয়াখানার আশপাশে জনবসতি থাকে না। ঢাকা চিড়িয়াখানার সীমানাদেয়ালের বাইরে জনবসতি গড়ে উঠেছে। এখানে প্রাণীদের প্রতিরোধক (ভ্যাকসিন) দেওয়া হয় না। কোনো প্রাণী রোগাক্রান্ত হলে তা সহজেই অন্যদের মধ্যে সংক্রমিত হয়। ফলে প্রাণীগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।একটি সূত্র জানায়, জনবসতির কারণে কিছুদিন পর পরই চিড়িয়াখানায় ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। এতে প্রধানত প্রাণ হারায় পাখিগুলো। কর্তৃপক্ষ সব সময় সংক্রমণের বিষয়টি এড়িয়ে যায়। চিড়িয়াখানা আইন ঝুলে আছে: জানা যায়, ২০০৫ সালে চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানা আইনের একটি খসড়া প্রণয়ন করে পশুসম্পদ অধিদপ্তরে পাঠায়। পরে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পাঁচ বছরেও আইনটি চূড়ান্ত কিংবা পাস হয়নি।চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর এ বি এম শহিদ উল্লাহ প্রথম আলোকে জানান, বেশির ভাগ প্রাণীই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছে। খাঁচার স্বল্পতাও রয়েছে। সব প্রাণীকে ভালোভাবে রাখা সম্ভব হয় না। তাই কিছু কিছু প্রাণী চিড়িয়াখানার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীর স্বল্পতায় দৈনন্দিন কাজ চালাতে সমস্যা হচ্ছে। চিড়িয়াখানা আইন প্রসঙ্গে তিনি জানান, একটি খসড়া প্রাণিসম্পদ অধিদপ্তর ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনটি এখনো পাস হয়নি। এ কারণে চাইলেও চিড়িয়াখানার উন্নয়নে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না।এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রথম আলোকে বলেন, শিগগিরই আন্তমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে। সেখানে চিড়িয়াখানা আইন চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে।