অনেক বাসচালকের ড্রাইভিং লাইসেন্স জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসযাত্রীদের নানা ঝুঁকি নিয়ে কথা হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক) ব্যারিস্টার মাহবুবুর রহমানের সঙ্গে। নিরাপদ সড়কের জন্য বাসকর্মী ও যাত্রীদের কিছু পরামর্শও দিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এই শীর্ষ কর্মকর্তা।ঢাকা শহরের বাস স্টপেজগুলোয় ঠিকমতো বাস থামে না। স্টপেজের আগে বা পরে অনেকটা চলন্ত বাসে যাত্রীদের ওঠা-নামা করতে হয়। এই প্রবণতা বন্ধে ডিএমপির ট্রাফিক বিভাগ কী করছে?মাহবুবুর রহমান: এসব অভিযোগে মাঠপর্যায়ে থাকা ট্রাফিক সদস্যরা প্রতিদিন প্রায় আড়াই হাজার মামলা করে থাকেন। বাসও আটক করা হয়। অর্থাৎ আইনি প্রক্রিয়ায় বাসমালিককে ঝক্কি পোহাতে হয়। কিন্তু বাসচালকের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তার পরও নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ডিএমপির ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।বাসচালকদের আইনের আওতায় আনা যাচ্ছে না কেন?মাহবুবুর রহমান: নগরের অনেক বাসচালকের ড্রাইভিং লাইসেন্স জাল। কোনো চালককে আটক করা হলে তাঁর সব কাগজপত্রও আটক করা হয়। পরে চালক হয়তো জামিনে ছাড়া পেলেন। কিন্তু জাল কাগজপত্রের জন্য সেই চালককে আর খুঁজে পাওয়া যায় না। বিআরটিএতে যোগাযোগ করা হলে চালকের কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায় না। এতে চালকেরা সহজেই দায় এড়িয়ে যেতে পারছেন। অন্যদিকে, অভিযুক্ত বাসচালক নতুন একটি জাল লাইসেন্স নিয়ে নিচ্ছেন। এভাবে চালকেরা আইনের আওতার বাইরেই থেকে যাচ্ছেন।বাসচালকদের আইনের আওতায় আনার কোনো ব্যবস্থা কি নেওয়া হবে?মাহবুবুর রহমান: বাসচালকদের দায়বদ্ধতা বাড়ানো এবং অভিযুক্ত বাসচালককে শনাক্ত করতে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি হলো ডিমেরিট লাইসেন্স-পদ্ধতি। এ পদ্ধতিতে একটি লাইসেন্সের জন্য নির্দিষ্ট কিছু পয়েন্ট থাকবে। যেমন, ওভারটেকিংয়ের জন্য পাঁচ, মুঠোফোনে কথা বলার জন্য ১০ পয়েন্ট। দায়িত্বরত কোনো ট্রাফিক সদস্য যদি চালককে ওভারটেকিং করতে দেখেন, তবে তার পাঁচ পয়েন্ট কেটে নেওয়া হবে। এভাবে পয়েন্ট কমতে থাকলে একপর্যায়ে চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে। এই পদ্ধতি প্রবর্তনে কাজ শুরু হয়েছে। আশা করছি, নগরবাসী দ্রুতই এর সুফল পাবে।নিরাপদ সড়কের জন্যে বাসকর্মী ও যাত্রীদের করণীয় কী?মাহবুবুর রহমান: বাসচালক, হেলপার, কন্ডাক্টরদের শিক্ষিত হওয়া দরকার। যাত্রীর নিরাপত্তার বিষয়টি চালকদের মানবিকভাবে চিন্তা করতে হবে। এই চিন্তা যাঁর মধ্যে আছে, তিনি কখনো আচমকা বাস ব্রেক করবেন না। কারণ, তাতে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে আঘাত পেতে পারেন। চলন্ত বাস থেকে যাত্রী ওঠা-নামার বিষয়টি বিপজ্জনক। এ বিষয়টি হেলপারদের মাথায় রাখতে হবে। তবে যাত্রীদেরও উচিত নির্ধারিত স্টপেজে নামা। আইন ভেঙে যেখানে-সেখানে নামা ঠিক নয়। আবার অনেক যাত্রী দ্রুত পৌঁছানোর জন্য বাসচালককে তাড়া দেন। এতে চালক দ্রুত গন্তব্যে পৌঁছাতে চান। এভাবে অনেক সময় দুর্ঘটনা ঘটে।