অনেক বিস্ময় জমিয়ে রেখেছে বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রু স্ট্রাউস যেন একটু লজ্জা পেয়ে গেলেন। যেভাবে হাসলেন, তার মানে হতে পারে একটাই—‘কী যে বলেন!’কীভাবে যেন এটা ছড়িয়ে গেছে, উইনস্টন চার্চিলকে আদর্শ মানেন ইংল্যান্ড অধিনায়ক। টানা দুটো অ্যাশেজ জয়ের পর চার্চিলের নেতৃত্বের সঙ্গেও তুলনা শুরু হয়ে গেছে। স্ট্রাউসের আপত্তি ওখানেই, ‘ইংল্যান্ডের আরও অনেকের মতো আমিও চার্চিলের গুণমুগ্ধ। কিন্তু তুলনা হয় কীভাবে? একটা ক্রিকেট টিম চালানো আর পুরো দেশ চালানো কি এক নাকি? দেশ চালানো অনেক কঠিন!’ কথাটা শুনলে স্ট্রাউসকে নির্ঘাত ঈর্ষা হবে শহীদ আফ্রিদি আর মহেন্দ্র সিং ধোনির। বিশ্বকাপে প্রত্যাশার যে বিশাল চাপ, দেশ চালানো এই মুহূর্তে অনেক সহজ মনে হতে পারে ভারত-পাকিস্তানের অধিনায়কের। ভারত এবার ফেবারিট তালিকার শীর্ষে, পাকিস্তান বড়জোর ‘ডার্ক হর্স’। কিন্তু সাম্প্রতিক ফর্ম এই দুই দেশের ক্রিকেটানুরাগীদের কাছে খুব একটা পাত্তা পায় না কখনো। যেকোনো বিশ্বকাপেই চ্যাম্পিয়নের চেয়ে কম কিছু হওয়া মানেই এখানে ব্যর্থতা। আর এবার তো উপমহাদেশে বিশ্বকাপ! এই তালিকায় শ্রীলঙ্কাকেও যোগ করা যেত। প্রত্যাশার চাপ ওখানেও কম নয়। কিন্তু কুমার সাঙ্গাকারা জানেন, শিরোপা না জিতলেও তাঁকে অন্তত তুলাধোনা হতে হবে না।সাকিব আল হাসানকেও যোগ করা যায় তাঁদের সঙ্গে। প্রত্যাশার ফানুস যেভাবে উড়ছে, কোয়ার্টার ফাইনাল তো বটেই, ২ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি হাতে সাকিবের ছবিটিও অনেকে কল্পনা করে ফেলেছেন। বাংলাদেশ যদি না পারে প্রত্যাশা পূরণ করতে, তাহলে? অনেক দুর্ভাবনা ভিড় করে মনে। অথচ স্ট্রাউস নির্বিকার বলে দিলেন, ‘আমাদের ওপর আসলে প্রত্যাশার চাপ এতটা নেই। যত চাপ তো ভারত, শ্রীলঙ্কা আর বাংলাদেশের ওপর।’ভারত-বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডের ওপর চাপ কম, এটা বুঝতে ‘স্ট্রাউস’ হতে হয় না। মোটামুটি সবারই জানা। তবে স্ট্রাউস যেমনটা দাবি করছেন, আসলে কি তাই? বিশ্বকাপ ট্রফির জন্য হাহাকার কি নেই ইংল্যান্ডে? ওয়ানডের জন্মই হলো তাদের হাত ধরে, বিশ্বকাপের প্রথম ম্যাচও খেলেছে তারা। কিন্তু ওয়ানডের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটাই যে ছোঁয়া হয়নি এখনো! বিশ্বকাপ যেন ইংল্যান্ডের কাছে জটিল এক রহস্য। প্রথম পাঁচ বিশ্বকাপেই সেমিফাইনালে খেলেছে ইংল্যান্ড। এই পাঁচবারের তিনবার আবার গিয়েছিল ফাইনালেও। কিন্তু ইংলিশদের সঙ্গী হয়েছে তিনবার ফাইনালে হারা একমাত্র দলের অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ১৯৯২ বিশ্বকাপের পর আর সেমিফাইনালেই ওঠা হয়নি। অনুভূতির ‘প্রত্যাশা’ নামক জায়গাটা তাই ভোঁতা হয়ে যাওয়ার কথা ইংলিশদের।তবে ইংল্যান্ডের পারফরম্যান্সেই সেই ভোঁতা জায়গাটা আবার নাড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের পারফরম্যান্স। বছর দুয়েক ধরেই ইংলিশ ক্রিকেটে নতুন জোয়ার এসেছে। বিশ্বকাপ তো বটেই, গত বছরের আগ পর্যন্ত কোনো বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপাও ছিল না ইংল্যান্ডের। সেই অপূর্ণতা ঘুচেছে গত বছর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। এই শিরোপা সবচেয়ে বড় যে কাজটা করেছে তা হলো, মানসিক বাধাটা সরিয়ে ফেলেছে। ইংলিশরা এখন বিশ্বাস করতে পারে, ‘বড় টুর্নামেন্টের শিরোপা আমরাও জিততে পারি।’ পারফরম্যান্সের কারণেই তাই অলক্ষ্যে একটা চাপ ঠিকই বসে গেছে স্ট্রাউসের দলের ওপর। হয়তো এবারই অবসান হবে প্রতীক্ষার! স্ট্রাউস হয়তো তাই কথাগুলো বলেছেন খুব ভেবেচিন্তেই, দলের ওপর থেকে সেই চাপটুকু সরিয়ে নিতে।স্ট্রাউসের কাজটা হয়তো আরেকটু সহজ করে দিয়েছে অ্যাশেজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জয়ের পর একটা ধারণাও ছড়িয়ে গিয়েছিল, ‘সব অসম্ভবকে সম্ভব করতে পারে এই ইংল্যান্ড দল।’ ওয়ানডে সিরিজ ৬-১-এ হারার পর নিশ্চিতভাবেই বাস্তবের জমিতে নেমে এসেছে ইংলিশরা। চাপ তো কমেছেই, এই হারের মাঝে প্রাপ্তিও দেখছেন স্ট্রাউস, ‘পরাজয়টা অনেক সময় পরবর্তী পরীক্ষার জন্য অনুপ্রেরণা জোগায়, আরও তাতিয়ে দেয়। যতক্ষণ না আত্মবিশ্বাসে খুব বেশি প্রভাব ফেলে।’ অস্ট্রেলিয়ায় সিরিজ হারের আগে নিজেদের ইতিহাসে প্রথমবার টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। এক সিরিজের পরাজয়ে আত্মবিশ্বাসে নিশ্চয়ই খুব বেশি চিড় ধরেনি!স্ট্রাউসের এই কথার খেলার একটা অংশ সুধাবর্ষণ করতে পারেন বাংলাদেশ সমর্থকদের কানে। ইংল্যান্ডের গত বাংলাদেশ সফরে আসেননি স্ট্রাউস। ফিরতি সফরে বাংলাদেশ ইংল্যান্ড যাওয়ার পর খুব ভালোভাবে দেখেছেন বর্তমান বাংলাদেশকে। খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশ ক্রিকেটের দিনবদলের প্রতিনিধি তামিম-সাকিবদের। তা থেকে ইংল্যান্ড অধিনায়কের উপলব্ধি, ‘বাংলাদেশ দারুণ বিপজ্জনক দল। বেশ কিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটার আছে দলে। ঘরের মাটিতে তাদের হারানো কঠিন হবে। কোনো দল তাদের হালকাভাবে নিতে পারবে না। বিশ্বকাপে তারা হতে পারে সারপ্রাইজ প্যাকেজ।’সত্যি, যদি ‘সত্যি’ হয় স্ট্রাউসের কথা!