অনেক ভুয়া মুক্তিযোদ্ধার নাম চলে এসেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ভুয়া মুক্তিযোদ্ধার নাম চলে এসেছে। অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাচ্ছেন। তিনি বলেন, এখানে যাঁরা মুক্তিযোদ্ধা রয়েছেন, তাঁদের অনুরোধ করব—যাঁরা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছেন, তাঁদের চিনিয়ে দেওয়ার জন্য। প্রকৃত মুক্তিযোদ্ধারাই যেন এই সুবিধা পান।আজ সোমবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। একটি বেসরকারি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় স্বাধীনতার ঘোষণা দেন। শত্রুকে বিতাড়িত করার জন্য তিনি মুক্তিযুদ্ধের আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উপহার হিসেবে দেশে তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ উপহার দেন।