অনেক সমস্যা নিয়ে সিটি করপোরেশনে ঢুকছে টঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গী পৌরসভা কার্যালয়ে এখন অনেক ব্যস্ততা। সব সময় লোকজন যাচ্ছেন বিভিন্ন কাজে। পৌর মেয়র আজমতউল্লা খানের ব্যস্ততার শেষ নেই। প্রকল্প তৈরি, স্বাক্ষর করা, বিভিন্ন পর্যায়ে বৈঠক। রাতদিন কাজ করেও শেষ করতে পারছেন না। টঙ্গীকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে মেয়রসহ জনপ্রতিনিধিদের মধ্যে এক ধরনের উ ৎ সাহ দেখা গেলেও এ বিষয়ে নাগরিকদের আগ্রহ অনেক কম। সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার চেয়েও রাস্তাঘাটের উন্নয়ন, পানি, বিদ্যু ৎ সহ নাগরিক সেবা পাওয়াটাই তাঁদের কাছে প্রধান বিষয়। তবে জনপ্রতিনিধিরা আশা করছেন, সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলে বরাদ্দ বাড়বে। আর বরাদ্দ বাড়লে এলাকার উন্নয়ন হবে। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের নানা প্রতিশ্রুতি সত্ত্বেও পৌরসভার অধিবাসীরা যথাযথ সেবা পাচ্ছেন না। প্রতিটি এলাকায় প্রধান সড়ক থেকে কিছুটা ভেতরে ঢুকলেই টঙ্গীর আসল রূপ চোখে পড়ে। সেখানে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। খাবার পানির সংকট। রাস্তার ওপর হাটবাজার। যত্রতত্র বাস-ট্রাকস্ট্যান্ড। রাস্তার ওপর ময়লা-আবর্জনা জমে থাকা যেন নিত্যচিত্র। আর এসব সমস্যার পাহাড় মাথায় নিয়েই সিটি করপোরেশনে ঢুকছে টঙ্গী পৌরসভা।বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানি সরানোর চেষ্টা করছিলেন টঙ্গী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আউচপাড়ার বাসিন্দা জসিম উদ্দিন (৬০)। দক্ষিণ আউচপাড়া থেকে এ সড়কটি মিলেছে সুরতরঙ্গ সড়কের সঙ্গে। সামান্য বৃষ্টিতেই এ সড়কটি পানিতে ডুবে যায়। নাগরিক ভোগান্তির শেষ থাকে না। পৌর কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানালেন এলাকার বাসিন্দারা। জসিম উদ্দিন বলেন, ‘আমরা নামেমাত্র সেবা পাই। এলাকার উন্নয়ন না হলে সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়ে লাভ নেই। রাস্তাঘাট, পানি, বিদ্যু ৎ চাই। পৌরসভার বিভিন্ন কর বেড়েছে, অথচ সেবার মান বাড়েনি।’একই এলাকার ডা. আবদুর রশিদ রোডের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল কুদ্দুস (৪২) বলেন, ‘এ সড়কটিতে ইট বিছানো হয়েছিল প্রায় এক যুগ আগে। কিন্তু পিচঢালাই করা হয়নি। দিনে দিনে সড়কটির অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।’২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুদ্দিন আহমেদ (৫৫) বলেন, ‘আউচপাড়া থেকে আসা খাঁপাড়া সড়কটি চলাচলের অনুপযোগী। বৃষ্টি হলে এ সড়কে রিকশা পর্যন্ত যেতে চায় না। আবার হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। রাস্তার পাশে নর্দমা না থাকায় সড়কের ওপর পানি জমে থাকে।’স্থানীয় বাসিন্দারা জানান, খাঁপাড়া সড়কটির মাটির কাজ হয়েছিল ১৯৮০ সালে। তিন বছর আগে সড়কটি পিচঢালাই করা হয়েছিল। পানি জমে পিচঢালাই নষ্ট হয়ে গেলে স্থানীয় লোকজন ইটের খোয়া দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। সড়কের পাশে জমি কিনে বাড়িঘর করায় নর্দমা তৈরির জায়গা নেই। এ কারণে বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে যায়। আশপাশের উত্তর বড় দেওরা, আদর্শপাড়াসহ কয়েকটি এলাকারও একই অবস্থা। টঙ্গীর ৪ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের কাছে আবাসিক এলাকায় বৃষ্টির পানি জমে থাকে দিনের পর দিন। বৃষ্টি থেমে গেলেও এলাকার মানুষকে জুতা খুলে কাদা পানি ডিঙিয়ে চলাচল করতে হয়। বিদ্যালয়গামী ছেলেমেয়েদের ভোগান্তির শেষ থাকে না। স্টেশন রোড থেকে আরিচপুর ইউনুস আলী সড়কের সংযোগ সড়ক পর্যন্ত, মাছিমপুরের গদুমোল্লা সড়ক, গাফুরিয়া মাদ্রাসা সড়ক চলাচলের অনুপযোগী।স্টেশন রোডের বাসিন্দা আবদুল আলী বলেন, ‘পৌরসভা হয়েছে অনেক দিন হলো। কিন্তু নাগরিকদের জন্য নেই বিশেষ কোনো সুবিধা। বছর বছর বাড়তি পৌর কর গুনতে হচ্ছে। সিটি করপোরেশন হলেও নাগরিক সুবিধা বাড়বে বলে মনে হয় না। এখন যাঁরা সুবিধা পাচ্ছেন, তখনো তাঁরাই সুবিধা পাবেন। সাধারণ নাগরিকদের জন্য কিছুই হবে না।’ এলাকার সমস্যা প্রসঙ্গে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, অর্থের অভাবে চাইলেও অনেক কাজ করা সম্ভব হয় না। তার পরও বরাদ্দ অনুযায়ী যতটা সম্ভব উন্নয়ন হচ্ছে। সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলে বরাদ্দ বাড়বে, আরও বেশি উন্নয়ন করা যাবে।পৌরসভার রাস্তাঘাটসহ অন্যান্য সমস্যা অনেকটাই কমেছে বলে দাবি করে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আগে সড়কের পাশে ড্রেন ছিল না। অনেক এলাকায় রাস্তার ওপর পানি জমে থাকত। আমাদের কার্যক্রমের ফলে এখন অনেক এলাকা সে অবস্থা থেকে মুক্তি পেয়েছে। সিটি করপোরেশন হলে বরাদ্দ বাড়বে, লোকবল বাড়বে। বেশি কাজ করতে পারব।’এলাকার মানুষের মাঝে হতাশা থাকলেও আশাবাদী পৌর মেয়র আজমতউল্লা খান। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পৌরসভায় সামর্থ্য অনুযায়ী আমরা অনেক কাজ করছি। অনেক সীমাবদ্ধতা রয়েছে। সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলে আমাদের অনেক কাজের সুযোগ হবে। অনেক সমস্যার সমাধান হবে।’রাজধানী ঢাকার মূল কেন্দ্র থেকে ২৪ কিলোমিটার উত্তরে টঙ্গী। এর আয়তন ৩২ দশমিক ৩৬ বর্গকিলোমিটার। দক্ষিণে তুরাগ নদ, উত্তরা ও উত্তরখান। উত্তরে গাজীপুর সদরের গাছা ইউনিয়ন। পূর্বে পুবাইল ও পশ্চিমে তুরাগ নদ। সাত লক্ষাধিক জনসংখ্যা-অধ্যুষিত এ পৌরসভায় ভোটারসংখ্যা তিন লাখের কিছু বেশি।