অনেক সম্পদ নিয়ে দুস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র মুক্তিযোদ্ধাদের কল্যাণে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করে ২২টি লাভজনক প্রতিষ্ঠান দিয়েছিল। পরে ট্রাস্টকে আরও কয়েকটি প্রতিষ্ঠান দেওয়ায় মোট প্রতিষ্ঠান দাঁড়ায় ৩২টি। কিন্তু ৩৯ বছর পরের বাস্তবতা হচ্ছে, ট্রাস্টের ২৯টি প্রতিষ্ঠান বন্ধ। চালু আছে তিনটি। এর মধ্যে লাভজনক কেবল একটি। বেদখল হয়ে গেছে কয়েক শ কোটি টাকার সম্পদ। এ ছাড়া ট্রাস্টের বিরুদ্ধে অডিট আপত্তি রয়েছে প্রায় ৩০০ কোটি টাকার।ট্রাস্টের পদস্থ একজন কর্মকর্তা জানান, বেতন-ভাতা নিয়মিত চালু রাখতে সাড়ে তিন কোটি টাকার একটি স্থায়ী আমানত ভাঙানো হয়েছে। এ দিয়ে আরও তিন মাস প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জোগান দেওয়া যাবে। এরপর কী হবে, ভেবে কূলকিনারা পাচ্ছেন না প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা।চালু তিন প্রতিষ্ঠান: ট্রাস্টের চালু প্রতিষ্ঠানের মধ্যে আছে মিমি চকলেট লিমিটেড, পূর্ণিমা ফিলিং স্টেশন এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসিআই লিমিটেড নামের রাসায়নিক দ্রব্য উৎপাদনের একটি প্রতিষ্ঠান। পূর্ণিমা ফিলিং স্টেশন থেকে প্রতি মাসে ১০ থেকে ১২ লাখ টাকা করে লাভ হচ্ছে।বন্ধ ও লিজ দেওয়া প্রতিষ্ঠান: গাজীপুরের বাংলাদেশ গ্লাস ইন্ডাস্ট্রি (হাইসন্স) বন্ধ হয় ১৯৯৪ সালে। বন্ধ হওয়া অন্য প্রতিষ্ঠানের মধ্যে আছে ১৯৯৩ সালে গাজীপুরের ইউনাইটেড টোবাকো কোম্পানি, ১৯৯০ সালে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার সিরকো সোপ ও ১৯৯৫ সালে মেটাল প্যাকেজেস লিমিটেড, একই বছর পোস্তগোলার পারুমা (ইস্টার্ন) লিমিটেড নামের জুতার কারখানা, ১৯৯৯ সালে চট্টগ্রামের নাসিরাবাদের বাক্সলী পেইন্টস, ২০০৫ সালে চট্টগ্রামের কালুরঘাটের এমজেসিসি এবং ঢাকার মিরপুরে ট্রাস্ট আধুনিক হাসপাতাল। সর্বশেষ ২০০৮ সালে বন্ধ হয়ে যায় ট্রাস্টের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান কোমলপানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান তাবানী বেভারেজ। এ ছাড়া চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের দেলোয়ার পিকচার্স লিমিটেড ১৯৯৪ সালে লিজ দেওয়া হয়েছে।গুটিয়ে ফেলা প্রতিষ্ঠান: ঢাকার আনিস ফিল্ম করপোরেশন গুটিয়ে ফেলা হয় ২০০৩ সালে। এ ছাড়া ১৯৮৮ সালে লাভজনক চু-চিন-চৌ চায়নিজ রেস্তোরাঁ, ফিল্ম ইকুইপমেন্ট ও মডেল ইলেকট্রিক্যাল, ১৯৯২ সালে বক্স রাবার ইন্ডাস্ট্রিজ ও রাজধানী সুপার মার্কেটের হরদেও গ্লাস ওয়ার্কস, ২০০৩ সালে দুর্বার অ্যাড গুটিয়ে ফেলা হয়। পুঁজি প্রত্যাহার: পুঁজি প্রত্যাহার করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রামের মদিনা ট্যানারি, হামিদিয়া অয়েল, হামিদিয়া মেটাল, ঢাকার বেঙ্গল ট্যানারি, ন্যাশনাল ট্যানারি, ওমর সন্স এবং যান্ত্রিক পাবলিকেশন। বেতন-ভাতা দেওয়ার টাকা নেই: ট্রাস্টের কর্মকর্তারা জানান, বর্তমানে তাঁদের কর্মকর্তা-কর্মচারী ৫৪১। বেতন-ভাতাসহ অন্যান্য খরচ মাসে প্রায় ৯০ লাখ। ট্রাস্টের মাসিক আয় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। সরকার থেকে দেওয়া হচ্ছে ৩৫ লাখ টাকা। মাসে ঘাটতি থাকে ২০ লাখ টাকা। এ অবস্থায় কর্মীদের শুধু মূল বেতন দেওয়া হচ্ছে।প্রসঙ্গত, সরকার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ শহীদ পরিবার ও বেগম তারামন বিবি বীর প্রতীকসহ মোট সাত হাজার ৮৩৮ জনকে যে আর্থিক সুবিধাদি দেয়, তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমেই দেওয়া হয়।শতাধিক মামলা: মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বেশ কয়েকটি মূল্যবান প্রতিষ্ঠান ও জায়গা হাতছাড়া হয়ে গেছে। এ ছাড়া অনেক ক্ষেত্রেই ভাড়াটেরা ট্রাস্টের সম্পত্তির ভাড়া না দিয়ে দখল করে রেখেছেন। সারা দেশে ট্রাস্টের জমিজমাসংক্রান্ত মামলা আছে ১০২টি। কিন্তু মামলা পরিচালনার জন্য কোনো তহবিল নেই।বেদখল সম্পত্তি: ট্রাস্টের মালিকানাধীন গুলিস্তান সিনেমা হলটি লাভজনক অবস্থায় ২০০১ সালে দি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয় সেখানে বহুতল ভবন নির্মাণের জন্য। ছয় বছরে ২০ তলা বাণিজ্যিক ভবন গড়ে তোলার চুক্তি ছিল। ট্রাস্টের অভিযোগ, ১১ তলার কাজ শেষ হওয়ার পর দোকানের পজেশন বিক্রি করে পাওয়া প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে প্রতিষ্ঠানটি। মালিক বিএনপির নেতা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া-বুড়িচং থেকে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এ এস এম আলাউদ্দিন আর ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করছেন না বলে ট্রাস্ট জানায়। এই ভবন থেকে ট্রাস্ট কোনো ভাড়াও পাচ্ছে না। ফলে গোটা ভবনটি এক অর্থে বেদখলই হয়ে গেছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে।ট্রাস্টের আরেক সম্পদ মুন সিনেমা হলও উচ্চ আদালতের রায়ে হাতছাড়া হয়ে গেছে।মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের টিকাটুলীর হরদেও গ্লাস ফ্যাক্টরির ৬৫ বিঘা জায়গার মধ্যে ট্রাস্টের দখলে আছে মাত্র সাত বিঘা। বেদখ জয়গার মধ্যে দয়াগঞ্জ ট্রাকস্ট্যান্ড, ঢাকা সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টার, মসজিদ, মন্দির, ওয়াসার পানির ট্যাংক, স মিল, ফিলিং স্টেশন, সুপার মার্কেট, আবাসিক বাড়ি এবং পুলিশের উপ-কমিশনারের কার্যালয় পর্যন্ত রয়েছে। এর মধ্যে দয়াগঞ্জ ট্রাকস্ট্যান্ডের দখলেই রয়েছে প্রায় সাত বিঘা জায়গা।ট্রাস্টের দখলে থাকা সাত বিঘা জমিতে ১৯৯৪ সালে রাজধানী সুপার মার্কেট তৈরি করা হয়। এখানে দোকান আছে এক হাজার ৭৮০টি। তখন একটি প্রভাবশালী গোষ্ঠী প্রতিটি দোকানের জন্য ট্রাস্টকে পাঁচ হাজার করে টাকা দিয়ে দেড় থেকে দুই লাখ টাকা করে ক্রেতাদের কাছে বিক্রি করে বলে অভিযোগ আছে। এর মধ্যে অনেক দোকান বহু বছর ধরে ভাড়া দেয়নি। ট্রাস্টের হিসাব অনুযায়ী প্রায় ৬০ লাখ টাকা ভাড়া বকেয়া আছে।নারায়ণগঞ্জ বাজারে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ১৯৯৪ সালে ট্রাস্টের ৩৪ শতাংশ জমি দখল করেন। ট্রাস্টের হিসাবে এই জমির দাম কম করে হলেও ৬০ কোটি টাকা হবে। এ নিয়ে মামলা চলছে। খেলাপি ঋণ ও বিল: গত জুলাই মাসে ট্রাস্টে জনতা ব্যাংকের পাঠানো উকিল নোটিশে তাবানী বেভারেজ, গুলিস্তান সিনেমা হল ও সিরকো সোপ ইন্ডাস্ট্রিজ নিলামে তোলার কথা জানানো হয়। এরপর ট্রাস্টের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক খোঁজ নিয়ে জানতে পারেন জনতা, অগ্রণী, রূপালী ও শিল্প ব্যাংকে ট্রাস্টের ঋণ সুদ- আসলে মিলিয়ে দাঁড়িয়েছে ১২৪ কোটি ২০ লাখ তিন হাজার টাকা। এদিকে কল্যাণ ট্রাস্টের তিন হাজার ৮১টি অডিট আপত্তি আছে। সম্প্রতি ট্রাস্ট কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে যে প্রতিবেদন পাঠিয়েছে, তাতে অন্তত ৩০৪ কোটি ৭৬ লাখ টাকার অডিট আপত্তি থাকার কথা জানানো হয়েছে।সূত্র জানায়, পরিষেবা খাত যেমন—পৌরকর, ভূমিকর, বিদ্যুৎ বিল, গ্যাস ও পানির বিল বাবদ বন্ধ প্রতিষ্ঠানগুলো পাঁচ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকা বাকি রেখেছে।পূর্ণিমা ফিলিং স্টেশনের নামেও এক কোটি ২০ লাখ টাকা বকেয়া দেখানো হয়েছে। কিন্তু কার কাছে এই বিপুল পরিমাণ বকেয়া আছে, সেসব কাগজপত্র ফিলিং স্টেশনটির কাছে নেই। এই ঘটনায় একটি তদন্ত হয়েছে।পাওনা: ট্রাস্টের মোটা অঙ্কের টাকাও পাওনা রয়েছে। তাবানী বেভারেজের সাত কোটি টাকা বাজারে বাকি আছে। তবে এর সঠিক কোনো কাগজপত্র কর্তৃপক্ষের কাছে নেই। মিমি চকলেট কর্তৃপক্ষের বাজারে পাওনা আছে ৭৭ লাখ টাকা ও ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৫০ লাখ টাকা। এ ছাড়া আশির দশকের মাঝামাঝি শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার ট্রাস্টের কয়েকটি সম্পত্তি এক কোটি ৬৯ লাখ টাকায় করে। ৩০ বছরেও সেই টাকা ট্রাস্টকে দেওয়া হয়নি। অনেক চিঠি চালাচালির পর গত জুন মাসে ২৫ লাখ টাকার চেক দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেব’।ট্রাস্টি বোর্ডের সভা ১৩ বছরে একবার: প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে ভাইস চেয়ারম্যান করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটি ট্রাস্টি বোর্ড আছে। নিয়ম অনুযায়ী বোর্ড তাৎক্ষণিক সভা থেকে ট্রাস্টের যেকোনো সমস্যা সমাধানে সিদ্ধান্ত নেবে। কিন্তু বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একবারও বোর্ড সভায় বসেনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের একবার সভা হয়েছিল। গত ১৩ বছরে ট্রাস্টি বোর্ডের কোনো সভা হয়নি বলে অভিযোগ করেছে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ।উদ্যোগ: এ অবস্থায় কল্যাণ ট্রাস্টকে দেওয়া যেসব জমি অব্যবহূত অবস্থায় পড়ে আছে সেসব স্থানে বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভবন নির্মাণের চিন্তাভাবনা করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী শিকদার ট্রাস্টকে বাঁচিয়ে রাখতে ছয়টি প্রকল্পের মাধ্যমে ১৩৫ কোটি টাকার একটি উদ্ধার প্যাকেজসহ সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন। মন্ত্রণালয় এ প্রস্তাবটি যাচাই-বাছাই করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আবারও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চায়। এ ক্ষেত্রে সরকারিভাবে না হলে বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে হলেও এ ট্রাস্টকে কার্যকর করতে হবে। তিনি বলেন, ‘ট্রাস্ট থেকে আমাদের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা তা যাচাই করছি। শিগগিরই ট্রাস্টি বোর্ডের চেয়্যারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’ ট্রাস্টের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী সিকদার বলছেন, কর্তৃপক্ষের অবহেলা, উদ্যোগের অভাব, আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা কারণে ট্রাস্টের এখন বেহাল দশা। মুক্তিযোদ্ধাদের কল্যাণের বদলে এই প্রতিষ্ঠানগুলো এখন সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ট্রাস্টকে বাঁচাতে হলে একে ঢেলে সাজানো ছাড়া উপায় নেই। বিধিবিধান পরিবর্তন করে নতুন লোক নিয়োগ করতে হবে। সিকদার প্রথম আলোকে জানান, ট্রাস্টকে লাভজনক করতে তিন বছরের কর্মপরিকল্পনার তৈরি করেছেন। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৪ সালের মধ্যেই ট্রাস্টের সব দায়দেনা পরিশোধের পরও উদ্বৃত্ত অর্থ থাকবে। এই প্রস্তাব ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কিন্তু গত জুন মাসে ট্রাস্টি বোর্ডের বৈঠক করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত সেই বৈঠক হয়নি। তবে উদ্যোগ নিলে ট্রাস্টকে যে লাভজনক করা যায়, সেটি দেখিয়েছেন এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী। ১৯৮৬ সালে দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যে তিনি ১৭টি শিল্পকে লাভজনক করেছিলেন। পাঁচটির লোকসান প্রায় শূন্যের কোটায় নিয়ে আসতে পেরেছিলেন। বর্তমান অবস্থা থেকে উত্তরণের উপায় সম্পর্কে তিনি প্রথম আলোকে বলেন, ব্যবসায় সময় খুবই গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত দেরি করা চলবে না। যত দেরি হবে, দায়দেনা তত বাড়বে। দ্রুত বাজেট করে কাজে নামতে হবে। আর উন্নত ব্যবস্থাপনা প্রয়োজন। তিনি বলেন, অনেকে চাচ্ছেন ট্রাস্টের এসব সম্পদ বিক্রি করে দেওয়া হোক। তাতে একটি গোষ্ঠীর লাভ হবে। এটা ঠেকাতে হবে।’