অনেককে সংসদে দেখি না, ‘টক শো’তে দেখি: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘অনেককে সংসদে নিয়মিত দেখি না কিন্তু টেলিভিশন ‘টক শো’তে দেখা যায়। কিছু তো বলার নাই। আমি তো আর বলতে পারি না, তাই কইলজ্যা ফাইট্টা যায়। তবে বলতে পারি, সংসদ সদস্যরা সংসদে না এলে আমরা মনটা ভেঙে যায়। কাজেই আপনাদের যেন সংসদে বেশি বেশি দেখি।’আজ মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনার ফাঁকে তিনি এ কথা বলেন। স্পিকার আলোচনার জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নাম ঘোষণা করেন। কিন্তু তিনি তাঁর আসনে উপস্থিত ছিলেন না। এ সময় রওশন এরশাদের আসনে বসে ছিলেন সরকারি দলের ইসরাফিল আলম। পাশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের আসনে বসে ছিলেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। দৃশ্যটি দেখে স্পিকার বলেন, ‘আমি অনেক সদস্যকে দেখেছি, তাঁরা অনেক সময় নিজের চেয়ারে না বসে অন্য চেয়ারে বসে থাকেন। কাজের প্রয়োজনে যেতে পারেন। কিন্তু অনেকে শুধু গল্পই করতে থাকেন, এটা ঠিক নয়। আমি সবাইকে যাঁর যাঁর আসনে যেতে অনুরোধ করছি।’রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল ২০১৩ সংসদে পাস হয়। বিলটি উত্থাপন করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। আইনে শিল্প কল-কারখানার বার্ষিক লভ্যাংশের পাঁচ শতাংশ অর্থ শ্রমিককল্যাণ তহবিলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলটি সংশোধনের জন্য আজ আইন মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে নোটিশ পাঠানো হয়েছে। বিলটি কাল বুধবার উত্থাপিত হতে পারে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শেষে সংসদের অধিবেশন কাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।