অনেকে বলে সরকারের দুর্নীতির তথ্য থাকায় খুন হন সাগর-রুনি : খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বাংলাদেশকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা না দিলে ভারতকে কোনো ট্রানজিট নয়, করিডর নয়। ভারত আমাদের নিকট প্রতিবেশী দেশ। আর তিস্তা একটি আন্তর্জাতিক নদী। আমরা ভারতের কাছে তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। আর তা না দিলে এ সরকারের আমলে ভারতকে দেওয়া করিডর, ট্রানজিট, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু বন্ধ করতে হবে।’আজ সোমবার লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে খালেদা জিয়া এসব কথা বলেন।পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে খালেদা জিয়া বলেন, এই হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী। ঢাকাতে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা সম্পর্কে খালেদা জিয়া বলেন, অনেকেই বলে সরকারের অনেক দুর্নীতির তথ্য এই দুজন সাংবাদিকের কাছে ছিল। তাই তাঁদের নৃশংসভাবে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে খুনিকে ধরা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তা রক্ষা হয়নি। প্রধানমন্ত্রী বলছেন কারও বেডরুম পাহারা দেওয়া সরকারের কাজ নয়। সরকারের এসব বক্তব্য প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, যে সরকার জানমালের নিরাপত্তা দিতে পারে না, দেশি-বিদেশি বিনিয়োগ আনতে পারে না, সে সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। খালেদা জিয়া আরও বলেন, ‘ভারতে আমাদের দেশের পণ্য রপ্তানি হয় না কিন্তু ভারতের পণ্যে আমাদের বাজার সয়লাব। আমাদের চামড়াশিল্প ধ্বংসের মুখে। ভারতে কাঁচা চামড়া পাচার হয়ে যাচ্ছে আর ভারত থেকে আসে পাচার হয়ে আসে ফেনসিডিল।’বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার আগামী ১২ মার্চ বিএনপির চলো চলো ঢাকা চলো কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি দেবে বলে খবর পাওয়া গেছে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, সংঘাতে নয়। কিন্তু পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাত্ করার চেষ্টা করা হলে আমরা বসে থাকব না।’একই সঙ্গে বিএনপির এ কর্মসূচি বানচাল করতে চাইলে যেকোনো বিপর্যয়ের দায়ভার বর্তমান সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া।খালেদা জিয়া এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে আগামী ১২ মার্চের কর্মসূচিতে সবাইকে জমায়েত হওয়ার আহ্বান জানান।