অনৈক্য আর দলাদলির কারণেই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন বলে মনে করেন দলের উপদেষ্টারা। জাতীয় নির্বাচনের আগে দ্রুত সব পর্যায়ের দ্বন্দ্ব নিরসন করে দলকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তাঁরা। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য দলীয় উপদেষ্টাদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচনে দলের পরাজয়ের কারণ নির্ণয়ের জন্য একটি সেল গঠন করা হবে বলেও জানান তিনি।উপস্থিত সূত্র জানায়, উপদেষ্টা অধ্যাপক হামিদা বানু বৈঠকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সমালোচনা করেন। জনপ্রশাসনে পদোন্নতি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামেরও সমালোচনা করা হয়।কোটাবিরোধী আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতার সমালোচনা করে হামিদা বানু বলেন, সরকারি কর্মকমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে ছাত্রদের আন্দোলন যৌক্তিকতা পেয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা না বলে দলের অন্য কেউ কথা বলতে পারতেন। দলীয় সাধারণ সম্পাদকের সমালোচনা করে তিনি বলেন, দলে তিনি সক্রিয় হচ্ছেন না। তিনি জ্যেষ্ঠ ও অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিককে সাধারণ সম্পাদক করার আহ্বান জানান।হামিদা বানু আরও বলেন, দাম্ভিকতা ও অহংকারের জন্য নির্বাচনে দলীয় প্রার্থীরা পরাজিত হয়েছেন। উপজেলা চেয়ারম্যানদের ওপর সাংসদদের বসিয়ে তাঁদের অকার্যকর করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।হামিদা বানুর এ বক্তব্যে উপদেষ্টাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়। বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাঁর বক্তৃতার জন্য দুঃখ প্রকাশ করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনুপম সেন বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। এ ব্যাপারে প্রচারের ওপর গুরুত্ব দেন তিনি।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক বলেন, নির্বাচনে পরাজয়ের জন্য দলীয় অনৈক্য ও সমন্বয়হীনতা কাজ করেছে।এ ছাড়া বৈঠকে বক্তব্য দেন এস এ মালেক, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির প্রমুখ। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্য: উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন করতে হবে। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপনির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে হয়ে যাওয়া পাঁচ হাজার ৬৪৪টি নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাহস দেখিয়েছে। অন্য কেউ তা পারেনি।২০০১ সাল ছাড়া সব সময়েই ‘অসাংবিধানিকভাবে’ ক্ষমতা পরিবর্তন হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। তা না হলে আর্থসামাজিক অগ্রগতি হবে না।’যুদ্ধাপরাধীদের বিচারের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জামায়াতের রাজনীতি বিএনপির হাতে শুরু। তাই তাদের রক্ষায় তারা ধ্বংসাত্মক কাজ শুরু করে দিয়েছে। কিন্তু নবচেতনার সৃষ্টি হয়েছে। আমাদের তরুণ সমাজ শিকড়ের সন্ধানে এগিয়ে এসেছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। রায়ও কার্যকর হবে।উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, হোসেন তৌফিক ইমাম, আলাউদ্দিন আহমেদ, এম জমির, হোসেন মনসুর, কাজী আকরাম উদ্দিন, এম এ জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।