খোন্দকার দেলোয়ারের অভিযোগ
অনৈতিক সুবিধা নিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, অনৈতিক সুবিধা নিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। তিনি বলেন, দুই বিচারপতির জ্যেষ্ঠতা লঙ্ঘন করার পেছনে আর কোনো কারণ থাকতে পারে না। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার দেলোয়ার এ অভিযোগ করেন। খোন্দকার দেলোয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার আসনে বসিয়ে ক্ষমতাসীন দলকে কোনো অনৈতিক সুবিধা হাসিল করতে দেওয়া হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হবে। কিন্তু নিউইয়র্কে প্রধানমন্ত্রী বলেছেন, এ ব্যবস্থা থাকবে। নিজেদের পছন্দের বিচারপতিকে উপদেষ্টা হিসেবে বসানোর সব আয়োজন সম্পন্ন করেই তিনি এ কথা বলেছেন। বিএনপির মহাসিচব বলেন, ‘দেশের মানুষকে এত বোকা ভাববেন না। আপনাদের হুমকিতে বিচারপতি কে এম হাসান উপদেষ্টার দায়িত্ব নেননি। প্রয়োজনে বিএনপিও আন্দোলন করবে। আমরাও এমন পরিস্থিতি সৃষ্টি করব।’ তিনি অভিযোগ করেন, ওয়ান ইলেভেনে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে নয় বরং রাষ্ট্রকেই দুর্বল করে দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় এলে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াবে। আর প্রতিবেশী বৃহত্ রাষ্ট্র কখনো তা চায় না। এ জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে আসার ১৩ তিন পরে পরিকল্পিতভাবে শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি সরকারকে ক্ষমতা থেকে হঠাতে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব শক্তিকে একই কাতারে আসার আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ কখনোই ৭২-এর সংবিধানে ফিরে যেতে পারবে না। কারণ বাকশাল গঠন করে তারাই ৭২-এর সংবিধানকে কেটে-ছিঁড়ে ফেলেছে। ওলামা দলের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ বক্তব্য দেন।