অন্তঃকোন্দলে জনসংহতি সমিতির আরও এক সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় অন্তঃকোন্দলের জেরে প্রকাশ চাকমা (২৬) নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আরও এক সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে তাঁর মৃত্যু হয়। তিনি দলের সন্তু লারমাবিরোধী পক্ষের (সংস্কারপন্থী হিসেবে পরিচিত) সদস্য বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, লংগদু উপজেলা সদর থেকে ছয়-সাত কিলোমিটার পশ্চিমে নির্মাণাধীন নানিয়ারচর লংগদু সড়কের ভূইওছড়া ও মানিক্যাপাড়ার মাঝামাঝি স্থানে সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষের গোলাগুলিতে প্রকাশ চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। প্রকাশের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। দলের কোনো পক্ষই এই হত্যার দায়িত্ব স্বীকার করেনি।খবর পেয়ে সেনাবাহিনী ওই এলাকার গভীর জঙ্গলে তল্লাশি শুরু করেছে। লংগদু থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অন্তঃকোন্দলের জেরে এর আগে ২৬ জুন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরং ইউনিয়নের চিত্রসেন কার্বারিপাড়ায় সংস্থারপন্থী পক্ষের দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে দায়ী করে জনসংহতি সমিতির সংস্কারপন্থী পক্ষ ও পাহাড়ি ছাত্র পরিষদ।গত ১০ এপ্রিল দলের সংস্কারপন্থী অংশের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের ভাঙন প্রকাশ্য রূপ নেয়। ওই বৈঠকের পর সংস্কারপন্থীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (মানবেন্দ্র নারায়ণ লারমা ওরফে এম এন লারমা) নামে একটি নতুন আঞ্চলিক রাজনৈতিক দল ঘোষণা করে।