অন্তঃসত্ত্বা কেট ও নার্সের করুণ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজকুমার প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন মা হতে যাচ্ছেন—সম্প্রতি এই খবর প্রকাশ পেলে ব্রিটেনের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। কিন্তু আনন্দের রেশ না কাটতেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। গর্ভাবস্থাজনিত অসুস্থতা নিয়ে লন্ডনের যে কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেট মিডলটন, সেই হাসপাতালের একজন সেবিকাকে (নার্স) মৃত পাওয়া যায়। জেসিনথা সালদানহা (৪৬) নামের ভারতীয় বংশোদ্ভূত ওই সেবিকার মাধ্যমেই গণমাধ্যমের লোকজন কেটের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান। প্রচারমাধ্যমের জন্য অস্বস্তিকর বিষয় হচ্ছে, অস্ট্রেলীয় একটি এফএম বেতারের দুই উপস্থাপক রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স চার্লসের (কেটের শ্বশুর) মিথ্যা পরিচয় দিয়ে ওই সেবিকার মাধ্যমে খবর নেন। সম্ভবত রাজপরিবারের একজন সদস্যের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা না করতে পারার গ্লানি থেকে আত্মহত্যা করেন সেবিকা জেসিনথা। কর্মী হিসেবে তাঁর বেশ সুনাম ছিল। এ ঘটনায় যুক্তরাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। আরেক দফা বিতর্কের ঝড় ওঠে প্রচারমাধ্যমের দায়িত্ব ও নৈতিকতা নিয়ে।কেট মিডলটন অসুস্থ হয়ে ৩ ডিসেম্বর লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হন। তিন দিন পর সেখান থেকে তিনি ছাড়া পান। কেট প্রায় ১৫ সপ্তাহ আগে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ তাঁকে গত ৩০ নভেম্বর প্রকাশ্যে দেখা যায়। কেট ও উইলিয়াম গত বছর বিয়ে করেন। প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়ামের পর সিংহাসনের উত্তরাধিকারীর সারিতে তৃতীয় স্থানে থাকবে তাঁদের অনাগত এই সন্তান।কেট হাসপাতালে ভর্তির পরের দিনই তাঁর অন্তঃসত্ত্বার খবরটি ফাঁস হয়ে যায়। রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স চার্লসের পরিচয়ে অস্ট্রেলিয়ার বেতারকেন্দ্র টুডে এফএমের দুই উপস্থাপক মেল গ্রেগ ও মাইকেল ক্রিস্টিয়ান কেটের খবর জানতে ওই হাসপাতালে ফোন করেন। সেবিকা জেসিনথা প্রথমে ফোনটি ধরেন। খোদ রানি ও প্রিন্সের ফোন দেখে হতবিহ্বল জেসিনথা দেরি না করে কলটি কেট যে বিভাগে চিকিৎসাধীন ছিলেন, সেখানে পাঠিয়ে দেন। ওই বিভাগের দায়িত্বে থাকা সেবিকা কেটের অন্তঃসত্ত্বার খবরটি টুডে এফএমকে দেন। দ্রুতই এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তথ্য ফাঁসের এ ঘটনার তিন দিনের মাথায় জেসিনথার রহস্যজনক মৃত্যু ঘটে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলেছে, এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য তদন্ত প্রয়োজন।এদিকে চরম বিতর্কের পরিপ্রেক্ষিতে সেবিকা জেসিনথার মৃত্যুর পরের দিনই সরিয়ে দেওয়া হয় টুডে এফএমের ওই দুই উপস্থাপককে। এই মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বেতারকেন্দ্রটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাউদার্ন ক্রস অস্টেরিওর এক বিবৃতিতে বলা হয়, ‘এ ঘটনাকে কেবল বেদনাদায়ক হিসেবেই বর্ণনা করা যেতে পারে। ...আমরা তাঁর (সেবিকার) পরিবার ও বিশ্বব্যাপী এই বেতারকেন্দ্রের মাধ্যমে যারা প্রভাবিত হয়েছে, তাদের সবার প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সেবিকার মৃত্যুর বিষয়টিকে ‘ভয়ংকর বেদনাদায়ক’ হিসেবে বর্ণনা করেছেন।উপস্থাপক মেল গ্রেগ ও মাইকেল ক্রিস্টিয়ানও দৃশ্যত চরমভাবে অনুতপ্ত। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাভেজা কণ্ঠে তাঁরা বলেন, ‘আমরা ঘটনার পর প্রতিমুহূর্তে জেসিনথার পরিবারের কথা ভেবেছি। তাঁর মৃত্যুর খবরে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। ভেবেছিলাম, শত শত মানুষ তো ওই রকম ভুয়া ফোন করে তথ্য জানতে চায়। ব্যাপারটা যে এমন করুণ পরিণতি বয়ে আনবে, তা আমাদের ধারণার বাইরে ছিল।’সেবিকা জেসিনথা সালদানহার মরদেহ ১৬ ডিসেম্বর তাঁর জন্মভূমি ভারতের কর্ণাটকে নিয়ে আসা হয়। একদিন পর ম্যাঙ্গালোর শহরের উপকণ্ঠে স্বামী বেনেডিক্ট বারবোজার জন্মস্থান শিরভা এলাকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।  আবু হুরাইরাহ্