অন্তরাত্মায় বড় হওয়ার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপময় অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মানুষকে উদ্ধার করতে ঈশ্বরতনয় যিশু জন্ম নিলেন বেথলেহেমের মরিয়ম নামের এক কুমারীর গর্ভে। অসীম ঈশ্বর সসীমতায় নেমে এলেন। ঈশ্বরত্বকে আঁকড়ে না থেকে মানুষ হয়ে মানুষের ঘরে জন্ম নিলেন। ঈশ্বরতনয়ের এই জন্ম হয়েছে পবিত্র আত্মার বিশেষ শক্তিতে। কোনো দেহগত সম্পর্কে নয়, বরং ঈশ্বরের সুমহান ইচ্ছানুসারেই যিশুর জন্ম হয়েছে কুমারী মরিয়মের গর্ভে। ঈশ্বরের এই দেহগ্রহণ মানবজাতির জন্য আশীর্বাদ। ঈশ্বর নিজেই উদ্যোগী হয়ে রক্তমাংসের মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিলেও এই মানবযিশুর মধ্যে ঈশ্বরত্ব অক্ষুণ্ন রইল। যিশুর দেহগ্রহণের মাধ্যমে মানবজাতির জন্য ঈশ্বরের মহান প্রেম ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। তাই বড়দিন হলো ঈশ্বরের সঙ্গে মানুষের, স্বর্গের সঙ্গে মর্ত্যের এবং মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার সম্বন্ধ ও যোগাযোগ স্থাপিত হওয়ার দিন। জগৎসংসারে পরস্পরের সঙ্গে প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে থাকা একটি সর্বজনীন আহ্বান। যিশুর জন্ম হয়েছে বেথলেহেমের এক জীর্ণ গোশালায় অত্যন্ত দরিদ্র পরিবেশে। এই দীনহীন দরিদ্র পরিবেশে যিশুর জন্মের তাৎপর্য রয়েছে। পৃথিবীর সব দীন-দুঃখী, অভাবী, অসহায়, নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত ও বঞ্চিত মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন। অধিকারবঞ্চিত ও ক্ষমতাহীন মানুষের মানবিক মর্যাদা ও সমাজে তাদের পুনঃপ্রতিষ্ঠা করার মহান ব্রতে তিনি নিবেদিত হলেন। এ জন্য তাঁকে অনেক দুঃখ-দাহ, প্রতিকূলতা, মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে, তবু তিনি পিছপা হননি। তিনি সব কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, সামাজিক অন্যায্যতা, বৈষম্য ও ধর্মীয় পুঁজিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ধর্মীয় নেতারা তাঁর প্রচণ্ড বিরুদ্ধাচরণ করেন। তাতেও তিনি ক্ষান্ত হননি। ইহুদি ধর্মীয় বিধান অনুসারে, যিশুর বিরুদ্ধে দেশদ্রোহ ও ঈশ্বরনিন্দার অভিযোগ আনা হয়। ঈশ্বরকে নিজের পিতা বলে দাবি করায় ঈশ্বরনিন্দার অভিযোগে তাঁকে অভিযুক্ত করে ক্রুশকাষ্ঠে ঝুলিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এসব কিছু পাশ কাটিয়ে কিংবা অলৌকিক ক্ষমতা দিয়ে, ঈশ্বরপুত্র হিসেবে তাঁর বিরুদ্ধে আনীত শাস্তি মৃত্যুদণ্ড তিনি উপেক্ষা করতে পারতেন; কিন্তু করেননি। আর তাতে মানবজাতির মুক্তির জন্য তাঁর আত্মদান বা আত্মোৎসর্গ পরিপূর্ণতা পেয়েছে। তিনি স্বেচ্ছায় বেছে নিলেন ক্রুশ-মৃত্যুদণ্ড। কেন? যেকোনো মহৎ কাজের জন্য চাই বড় ত্যাগ। বাংলাদেশের স্বাধীনতা তথা লাল-সবুজের পতাকার প্রতিষ্ঠা পেতে লক্ষ-কোটি শহীদ এবং অগণিত ভাইবোনের আত্মত্যাগ ও জীবন উৎসর্গের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যিশুর নিঃস্বার্থ ও নিঃশর্ত আত্মদান ও আত্মত্যাগের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে গোটা মানবজাতির মুক্তির সনদ প্রতিষ্ঠা পেয়েছে। যিশুর আত্মত্যাগ বা আত্মোৎসর্গ সদিচ্ছাসম্পন্ন মানুষকে কল্যাণকাজে প্রতিনিয়ত প্রেরণা ও শক্তি জোগায়।বড়দিন হলো অন্তরাত্মায় বড় হওয়ার দিন। তাই প্রতিটি সদিচ্ছাসম্পন্ন মানুষের প্রয়োজন, গোশালা থেকে ছোট শিশু যিশুকে তুলে এনে প্রত্যেকের হূদয়মন্দিরে আসন করে দেওয়া, যেটি তাঁর প্রকৃত স্থান।জয়ন্ত এস গমেজ: পরিচালক, খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্র, সম্পাদক, সাপ্তাহিক প্রতিবেশী।