‘আমি মইরাও প্রেতাত্মা হইয়া আকাশে-বাতাসে ঘুইরা বেড়ামু তত দিন, যত দিন পর্যন্ত এই নরকের কীট তৈরি করার কারিগররা না মরবে।’ কালান্তর নাটকে পপি চরিত্রে রূপদানকারী চিৎকার করে যখন সমাজের প্রতি এভাবেই ধিক্কার জানান, তখন সবার বিবেক নাড়া দেয়। এক প্রতিবাদী নারীর প্রতিচ্ছবি গেঁথে যায় সবার অন্তরে। নিজের অভিনয়দক্ষতা দিয়ে পুরো নাটককে করে তোলেন প্রাণবন্ত। আর যিনি এ নাটকের কেন্দ্রীয় চরিত্র, তিনি হচ্ছেন অন্তরা বিশ্বাস। সিলেটের সংস্কৃতি অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ এই তরুণী শুধু কালান্তর নয়, রঙ্গমালা, সুখপাখি, বধ, ভাবনা, আলো আশার নতুন দিন, ভালো মন্দের গল্প, আশার আলো, বিবেক, শুভবুদ্ধি, রসুলপুরের কড়চাসহ প্রায় ১৫টি মঞ্চ এবং পথনাটকের দুই শতাধিক প্রদর্শনীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের তুমুল প্রশংসা কুড়িয়েছেন।অভিনয় ছাড়াও গান, নৃত্য ও উপস্থাপনায় তিনি সমান পারদর্শী। তাই অনেকেই তাঁকে বলেন, ‘একের ভেতরে চার।’ নিজের প্রতিভায় স্বমহিমায় উজ্জ্বল হয়ে অনেকটাই যেন সিলেটবাসীর ‘অন্তরে অন্তরা’। কোথাও গণসংগীতের সুরে জনমানুষকে জেগে ওঠার ডাক, কোথাও অন্যায়-মিথ্যার বিরুদ্ধে সোচ্চার দাবি, কোথাও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকরের দাবিতে কড়া হুঁশিয়ারি, কোথাও সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। সাধারণ মানুষের স্বার্থবাহী এই সোচ্চার দাবিগুলো নিয়েই শহর থেকে প্রত্যন্ত গ্রামের পথে ঘুরে বেড়ান অন্তরা।অন্তরা জানান, ১৯৯১ সালে বিদ্যালয়ে পড়ার সময় নৃত্য দিয়ে সংস্কৃতি অঙ্গনে যাত্রা শুরু। তাঁর বাবা সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস এবং মা সংগীত-নৃত্যশিল্পী অনিতা সিনহা। মা-বাবার একমাত্র সন্তানটি পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি নৃত্যগুরু মুনমুন আহমদ, কচি রহমান, নন্দিতা দাস, শাহজাহান কবীর, মাধবী সিনহা, এল সান্ত্বনা দেবী ও পার্থপ্রতীম দাসের কাছ থেকে গান ও নৃত্যে তালিম নেন। একসময় আষ্টেপৃষ্ঠে জড়িত হয়ে পড়েন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে। ২০০৫ সালে রঙ্গমালা নাটকে অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে পদচারণ। তিনি নাট্যমঞ্চ সিলেট, নজরুলসংগীতশিল্পী পরিষদ ও নৃত্যশ্রম সিলেটের সদস্য। নিয়মিত নাটক মঞ্চায়নের পাশাপাশি গান ও নৃত্যে সরব অন্তরা। এমনকি নিজে নিজে গান লেখেন ও সুর করেন। ২০০৮ সালের ১ ডিসেম্বর মা-বাবাকে সঙ্গে নিয়ে ত্রিরত্ন নামের একটি পারিবারিক অ্যালবাম বেরিয়েছে।অন্তরার সঙ্গে আলাপকালে জানা যায়, ‘লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৫’ প্রথম রানারআপ হন। এ সময় তাঁর করা ‘লাক্সের সাথে আয়না ফ্রি’ শিরোনামের একটি বিজ্ঞাপনচিত্র বেশ জনপ্রিয়তা পায়। একই বছর দুবাইয়ের শারজায় লাক্স চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের সঙ্গে একটি নৃত্যে অংশ নেন। একবার ভারতের শিলংয়ে আমন্ত্রিত শিল্পী হিসেবে নৃত্যে অংশ নিয়ে দর্শকদের সমীহ আদায় করে নেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের আধুনিক ও নজরুলগীতির এই তালিকাভুক্ত শিল্পী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষ এবং এসিসিএ দ্বিতীয় পর্বে পড়াশোনা করছেন। ২০০৩ সালে মণিপুরি নৃত্যে পেয়েছেন স্বর্ণপদক। নজরুলসংগীতের পাশাপাশি বাউলসম্রাট শাহ আবদুল করিমসহ লোককবিদের গান তাঁর পছন্দের তালিকায় রয়েছে। অন্তরা বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে মানসিক প্রশান্তি পাই।’