অন্তরের প্রেরণা থেকে লেখা আসতে হবে: বিক্রম শেঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ান কবি ও ঔপন্যাসিক আলেক্সান্দর পুশকিনের সনেটের খুবই অনুরাগী ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অর্থনীতিতে পিএইচডি করার জন্য। অর্থনীতির গবেষণার পাশাপাশি মজে গিয়েছিলেন কাব্যচর্চায়। গোল্ডেন গেট নামে প্রথম কবিতার বইটিও বেরিয়ে গেল পিএইচডি পর্ব শেষ করার আগেই। তারপর সাহিত্যের সঙ্গেই সম্পর্কটি হলো পাকাপোক্ত। অর্থনীতির গবেষণা আর এগোয়নি। অর্থনীতিবিদ না হয়ে বিক্রম শেঠ খ্যাতিমান হলেন সাহিত্যিক হিসেবে।গতকাল শুক্রবার বাংলা একাডেমীর নতুন ভবন মিলনায়তনে হে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে মধ্যাহ্নের অধিবেশনে নিজের সাহিত্যিক হয়ে ওঠা, সাহিত্য-ভাবনা, সাড়া জাগানো উপন্যাস এ সুইটেবল বয় নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। এ পর্বের সঞ্চালনা করেন ঔপন্যাসিক ও প্রকাশক ডেভিড ডেভিদার।প্রাণবন্ত এই আলোচনায় বিক্রম শেঠ এ সুইটেবল বয় উপন্যাসটি সম্পর্কে বলেছেন, অস্ট্রেলিয়ায় থাকার সময় এই উপন্যাসের পরিকল্পনা করেন। দীর্ঘ এই উপন্যাসে তিনি তাঁর শৈশব-কৈশোরের বিভিন্ন স্মৃতি, ব্যক্তি, আকাঙ্ক্ষা, অভিজ্ঞতাকেই প্রধান অবলম্বন করে নানা চরিত্র ও ঘটনার মধ্য দিয়ে বিবৃত করেছেন।এ প্রসঙ্গে বিক্রম শেঠ বলেন, ‘আমি মনে করি, লেখাটা আসবে লেখকের ভেতরের প্রেরণা থেকে। বিভিন্ন লেখকের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে। তবে আরোপিতভাবে কোনো মতাদর্শ লেখার মধ্যে উপস্থাপনের পক্ষপাতী নই।’ এ প্রসঙ্গে তিনি বলেন, সমাজ, রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে উপমহাদেশের লেখকদের পূর্ব-এশিয়ার ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা থাকাটা জরুরি।লেখকের সামাজিক দায়িত্ববোধের কথাও বলেছেন বিক্রম শেঠ। জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে সাহিত্যচর্চা তাঁর কাছে গ্রহণযোগ্য মনে হয় না। সাহিত্যের কেন্দ্রে থাকবে মানুষ। সামাজিক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে মানুষের জীবনপ্রবাহ, তার মানবিক মূল্যবোধকে লেখার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ফুটিয়ে তোলার প্রতিই তিনি গুরুত্ব দিয়েছেন। জীবনবিমুখ সাহিত্য, কোনো বিশেষ ভাব-ভাবনা আরোপিত সাহিত্য পাঠকের মনে সত্যিকার অর্থে কোনো দাগ কাটে না বলে তিনি উল্লেখ করেন।আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গও এসেছিল। তাঁর মায়ের শৈশবের একটি সময় কেটেছে খুলনায়। তাই খুলনা যাওয়ার খুব ইচ্ছা ছিল। এবার খুলনার পাশাপাশি শিলাইদহে রবীন্দ্র-কুঠিবাড়ি, কুষ্টিয়ার লালন সাঁইয়ের আখড়াও ঘুরে এসেছেন। ঘুরে এসেছেন চট্টগ্রামে। এল পদ্মার ইলিশের প্রসঙ্গও। সরস কথনে বললেন, পশ্চিমবঙ্গবাসীর খুব খেদ আছে সেখানে পদ্মার ইলিশ সচরাচর মেলে না বলে। হে উৎসবে আসার এই সুযোগে পদ্মার ইলিশের স্বাদ নিতেও ভোলেননি তিনি।