অন্তরের ভালোবাসা আর ফুলেল শ্রদ্ধায় জ্যোতি বসুকে বিদায়
উপমহাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে পশ্চিমবঙ্গবাসী ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানাল গতকাল মঙ্গলবার। গতকাল বিকেলে কলকাতায় এ মহান নেতার মরদেহ নিয়ে শোক মিছিলের পর তাঁকে শেষ বিদায় জানানো হয়। এর আগে এ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশি-বিদেশি অন্যান্য নেতা ও সাধারণ জনগণ। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু গত রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সোম ও মঙ্গলবার ভারতে রাষ্ট্রীয় শোক পালিত হয়। জ্যোতি বসুর মরদেহ নিয়ে যে রাস্তা দিয়ে গতকাল শোক মিছিল গেছে, সেই রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে শেষ অভিবাদন জানায়। তাঁর কফিনে তুলে দেন ফুল আর মালা। শ্রদ্ধা জানায় হাতে ব্যানার আর প্লাকার্ড বহন করে। প্লাকার্ডে লেখা ছিল: ‘তুমি ঘুমাও, আমরা জেগে আছি।’ সকাল ১০টা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত জ্যোতি বসুর মরদেহ শায়িত ছিল বিধানসভা ভবনে। এখানে তাঁকে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতারা এবং সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা জানান আগত বিদেশি নেতারাও। এর আগে গতকাল সকাল সাড়ে সাতটায় জ্যোতি বসুর মরদেহ নিয়ে পিস হ্যাভেন থেকে শুরু হয় শোক মিছিল। সকাল আটটায় এ শোক মিছিল পৌঁছে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দলীয় প্রধান কার্যালয়ে। এখানে মরদেহ রাখা হয় সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত। দেশের বিভিন্ন স্থান এবং রাজ্যের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর লাল কাপড়ে আচ্ছাদিত একটি শববাহী যানে জ্যোতি বসুর মরদেহ নিয়ে যাওয়া হয়, পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্র মহাকরণে। এখানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সরকারি কর্মকর্তাদের পক্ষে মুখ্য সচিব। এরপর সকাল ১০টায় মরদেহ নেওয়া হয় রাজ্য বিধানসভা ভবনে। এখানে বিকেল সোয়া তিনটা পর্যন্ত সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় মরদেহ। বিদেশের নেতারাও এখানেই তাঁকে শ্রদ্ধা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ফুল দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান ভারতের শাসকজোট ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।শ্রদ্ধা জানান ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, শারদ পাওয়ার, এস জয়পাল রেড্ডি, বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেরালার মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দ, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী শিবু শোরেন, অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি-প্রধান লালুপ্রসাদ যাদব, জনতা পার্টির নেতা শারদ যাদব প্রমুখ নেতা। বিকেল সোয়া তিনটায় জ্যোতি বসুর মরদেহ বিধানসভা ভবন থেকে সেনাবাহিনী পৃথক একটি শববাহী শকটে তুলে নিয়ে শেষ যাত্রা শুরু করে। সেনাবাহিনীর ছয় কর্মকর্তা জ্যোতি বসুর মরদেহ কাঁধে তুলে নিয়ে যান তাঁদের শববাহী শকটে। এ সময় জ্যোতি বসুর দেহ আচ্ছাদিত ছিল সিপিএমের দলীয় পতাকা এবং ভারতের জাতীয় পতাকায়। এখান থেকে শুরু হয় জ্যোতি বসুর অন্তিম যাত্রা। এতে যোগ দেন লাখো মানুষ। এ অন্তিম যাত্রা মোহরকুঞ্জে পৌঁছে বিকেল সাড়ে চারটায়। বিকেল চারটা ৩৫ মিনিটে সেনাবাহিনী এখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানায় জ্যোতি বসুকে। তাঁকে দেওয়া হয় ‘গান স্যালুট’। এরপর কলকাতার এ বিশাল জনসমুদ্রের মাঝেই সেনাবাহিনী জ্যোতি বসুর মরদেহ তুলে দেয় কলকাতা পিজি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। স্থানীয় সময় তখন বিকেল পাঁচটা। উল্লেখ্য, জ্যোতি বসু মৃত্যুর আগে তাঁর চোখ এবং দেহ দান করে যান। উল্লেখ্য, সিপিএমের নেতা জ্যোতি বসু টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০০ সালে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে দায়িত্ব ছেড়ে দেন। তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদী গ্রামে।