বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলন বা ধর্মঘটের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই-সঙ্গে ওই আন্দোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে বুয়েট ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে (ডিএমপি) নির্দেশ দেওয়া হয়েছে। আর শিক্ষাসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, বুয়েটের উপাচার্য ও সহউপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।বুয়েট বন্ধের আদেশ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারসহ বেশ কয়েকটি নির্দেশনা চেয়ে গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিট আবেদনটি করেন। সোমবার সংক্ষিপ্ত শুনানির পর আদালত মঙ্গলবার আদেশ দেওয়ার দিন ধার্য করেন।আদেশের আগে আদালতে আবেদনের পক্ষে রিটকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ ও নুসরাত জাহান। আর বুয়েটের উপাচার্যের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন।আদেশের পর এম কে রহমান প্রথম আলোকে বলেন, আদালত রুল জারির পাশাপাশি বুয়েটের শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকের আহ্বানে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। সার্বিক দিক বিবেচনা করে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।রিটকারী ইউনুস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, আদালত ৪৪ দিন ছুটি ঘোষণা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। একইসঙ্গে বুয়েটের চলমান ধর্মঘটের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছেন। এর ফলে বুয়েটে সৃষ্ট অচলাবস্থার অবসান হবে। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেবে। ওই রিট আবেদনে বুয়েটের উপাচার্য ও সহউপাচার্যের কার্যক্রমে স্থগিতাদেশ এবং শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের আন্দোলনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, বুয়েটে নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনা তদন্তে সাত দিনের মধ্যে একটি বিচার বিভাগীয় কমিটি গঠনেরও আরজি জানানো হয়।দুপুরের বিরতির পর সংবাদপত্রে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রকাশিত ছবি তুলে ধরে শুনানিতে আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, ‘বুয়েটে আন্দোলন চলছে। ছাত্ররা প্ল্যাকার্ড বহন করছে। এ অবস্থায় সচেতন নাগরিক হিসেবে আদালতে এসেছি। ৪৪ দিন গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে। আগে বুয়েটে গ্রীষ্ম বা বর্ষায় কোনো ধরনের ছুটি ছিল না।’আদালত বলেন, সরকার কি ব্যবস্থা নিয়েছে? জবাবে ইউনুস আলী আকন্দ বলেন, কোনো ব্যবস্থা নেয়নি। আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চাইলে এম কে রহমান বলেন, সরকার বিষয়টি নিরসনের উদ্যোগ নিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। শিক্ষকেরা তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন। পরে উপাচার্যের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন বলেন, বুয়েটের পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতি অবগত আছেন। পরে আদালত আদেশ দেন।বুয়েট উপাচার্য নজরুল ইসলাম ও সহউপাচার্য হাবিবুর রহমানের অপসারণের দাবিতে ১১ জুলাই থেকে শুরু হওয়া অবস্থান ধর্মঘট গতকাল পর্যন্ত অব্যাহত ছিল। যথারীতি বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করা হয়। তবে হাইকোর্টের নিষেধাজ্ঞার পর আন্দোলনের বিষয়ে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বুয়েট শিক্ষক সমিতি।সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশ শিরোধার্য। তবে উপাচার্য ও সহউপাচার্যের অপসারণই আমাদের দাবি। আদেশের অনুলিপি হাতে পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।কোষাধ্যক্ষ আতাউর রহমান বলেন, রাতে শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।