নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপের ব্যাপারে সরকার ও সরকারি দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চায় তারা। নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত কাউকে মানবে না আওয়ামী লীগ।সরকার ও আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, বিরোধী দলের সঙ্গে সংলাপের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকালীন সরকারপদ্ধতি সম্পর্কে মতৈক্যে পৌঁছানো। আলোচনায় বসার জন্য তারা কোনো পূর্বশর্ত মানবে না। প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানে বিরোধী দলকে শর্তহীন সাড়া দিতে হবে। অবশ্য আলোচনায় বসার পর বিরোধী দলের যেকোনো প্রস্তাব এবং তার গ্রহণযোগ্যতা বা যৌক্তিকতা নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগের কোনো আপত্তি থাকবে না।আওয়ামী লীগের নেতারা বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে তাঁরা বোঝাতে সক্ষম হয়েছেন যে সরকারের পক্ষে সাংবিধানিক কাঠামোর বাইরে যাওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ায় এখন আর এ পদ্ধতিতে ফিরে যাওয়া সম্ভব নয়। জাতিসংঘের ওই কর্মকর্তাও এ বিষয়ে একমত পোষণ করেছেন বলে তাঁরা দাবি করেন।আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, সংলাপের ব্যাপারে বিরোধী দলের সঙ্গে তাঁদের যোগাযোগ, অনানুষ্ঠানিক কথাবার্তা বেশ কিছুদিন ধরেই চলছে। তার ফলেই বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের অবস্থান থেকে সরে এসেছে। এরপর জাতিসংঘের সহকারী মহাসচিবের সফরের সময় বিরোধী দলের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। তারা এখন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সংলাপে বসতে আগ্রহী।ওই নেতারা বলেন, সংলাপের বিষয়বস্তু অর্থাৎ নির্বাচনকালীন সরকারপদ্ধতি সম্পর্কে বিরোধী দলের সঙ্গে সরকারের মতপার্থক্য অনেকটাই কমে এসেছে। এখন বিষয়টি কেন্দ্রীভূত হয়েছে নির্বাচনকালীন সরকারপ্রধান অনির্বাচিত কেউ হবেন, নাকি নির্বাচিতদের মধ্য থেকেই কাউকে করা হবে, এ নিয়ে। তাঁরা মনে করেন, খোলা মন নিয়ে সংলাপে বসলে এ বিষয়টিরও ফয়সালা করা অসম্ভব হবে না। সরকারি দলের ওই নেতারা মনে করেন, আগামী সপ্তাহেই সংলাপের ব্যাপারে বিরোধী দলের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও কথাবার্তা শুরু হতে পারে। এ ব্যাপারে আজ বুধবার অনুষ্ঠেয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। আজকের এই সভার মাধ্যমেই সরকারের অবস্থান এবং সরকারি দলের মতামতের মধ্যে সমন্বয় করে একটি পথনির্দেশনা তৈরি করা হবে।তাঁরা বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের অনুষ্ঠেয় সভাটিও গুরুত্বপূর্ণ। কারণ, ওই সভায় বিরোধী দলের সঙ্গে সংলাপ, নির্বাচনকালীন সরকারপদ্ধতি প্রভৃতি নীতিগত বিষয়ে জোটের মতামত প্রতিফলিত হবে। জোটের বিষয়টিও আওয়ামী লীগ গুরুত্ব সহকারেই দেখছে।তবে এসব বিষয়ে মহাজোটের অংশীদার জাতীয় পার্টির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কি না, কিংবা আদৌ হবে কি না, সে সম্পর্কে এই নেতারা স্পষ্ট কিছু জানাতে পারেননি। বিষয়টি সম্পর্কে প্রাথমিক সিদ্ধান্ত নেবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।