অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, প্রত্যাখ্যাত রাজনীতিকে লালন-পালনের মধ্য দিয়ে বিরোধী দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এ প্রচেষ্টায় তারা লাভবান হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে ‘জাতির পিতার ৬ দফা ও জননেত্রীর ভিশন-২১’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।শিল্পমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের জোটকে আবারও ক্ষমতায় আনবে। কারণ এ জোট দেশের মানুষের সেবা ও কল্যাণে দর্শনের রাজনীতি করে।পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ফিরিয়ে আনা হয়েছে উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, যাঁরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম ও মাঠ গরমের কথা ভাবছেন, তাঁরা দেশে মূলত অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছেন। তিনি বলেন, এতে কোনো লাভ হবে না। কারণ, মাঠ গরম করার ক্ষমতা তাঁদের নেই।দিলীপ বড়ুয়া আরও বলেন, ‘আমরা কে কী পেয়েছি, সেটা বড় কথা নয়, আগামীতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দেশ পরিচালনা করতে হবে—এই অঙ্গীকার নিয়েই শেখ হাসিনার নেতৃত্বে সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ছাত্রলীগের সাবেক নেতা হায়দার আলী ও মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশনের মহাসচিব এ বি এম আবদুল হালিম প্রমুখ বক্তৃতা করেন।