অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মন্ত্রী বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর বাইরে গিয়ে কোনো কিছু করার ইচ্ছা নেই সরকারের। অসাংবিধানিক পথেও কোনো কিছু করতে দেওয়া হবে না। অনেকেই চেষ্টা করছেন, কিন্তু দেশের জনগণ তা চায় না।’আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের ভয়াবহতার বিষয়ে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশ চরম অবস্থায় গেলে কারও জন্যই মঙ্গল হবে না। এমনকি সেটা তাঁর (খালেদা) জন্যও না। বিএনপিতেও অনেক নেতা রয়েছেন, যাঁরা জানেন নির্বাচনের বাইরে কোনো কিছু হলে তাঁদের কোনো লাভ হবে না। তাই তাঁরাও নির্বাচন চান।’বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘তলে তলে আলোচনা হয় না, ষড়যন্ত্র হয়’ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র কীভাবে করতে হয় তা বিএনপি ভালোভাবেই জানে। তিনি (খালেদা জিয়া) ষড়যন্ত্র করেন, জানেন এবং তিনিই ষড়যন্ত্র বোঝেন। আলোচনার পথ তো বন্ধ হয়ে যায়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের (বিরোধী দলের নেতা) সঙ্গে দেখা হচ্ছে, কথাও হচ্ছে। কাজেই কথা যে হচ্ছে না, তা নয়। আনুষ্ঠানিক আলাপ-আলোচনা না হলেও সামাজিক অনুষ্ঠান ও সংসদের বিভিন্ন কমিটির বৈঠকে তাঁদের সঙ্গে দেখা হচ্ছে, কথাও হচ্ছে। মূল কথা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সে সরকারে বিএনপি তাদের সদস্য দিতেই পারে।’মতিয়া চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চাইলে বিরোধী দলকে সংসদে এসে বিল উত্থাপন করতে হবে। আলাপ-আলোচনার পর সংসদ সিদ্ধান্ত নেবে।