অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে সজাগ। তারা যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের সদর উপজেলার সারটিয়া গ্রামে বেগম আমেনা মনসুর উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়েছে। এতে প্রমাণিত হয়, তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার সময় এই জামায়াত-বিএনপি জোট দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এখন যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্ত। কিন্তু সব বাধা উপেক্ষা করে এ আমলেই যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া সম্পন্ন হবে।’