অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা তৈরি এখন বড় কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন মহাজোটের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টির সাংসদেরা মনে করেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাসের পর এখন বড় কাজ হলো অন্তর্বর্তী সরকারের ওপর সবার আস্থা তৈরি করা।এই সাংসদদের মতে, আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়ে গেলেও এর বিকল্প হিসেবে এখন একটি শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো তৈরি করতে হবে। আর এ জন্য প্রথমে নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।মহাজোটের এই পাঁচ সাংসদের মধ্যে চারজন সংশোধনীতে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতি বিলোপের সুপারিশ করেন। এ ছাড়া জাতীয়তা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংজ্ঞায় কিছুটা পরিবর্তনের সুপারিশ করেন। অপর সদস্য মঈন উদ্দীন খান বাদল তাঁর সংশোধনী প্রস্তাবে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একজন প্রধান উপদেষ্টা ও ১০ জন উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। কিন্তু তাঁদের সব প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে গেলেও তাঁরা বিভক্তি ভোটের সময় এসব ধারায় আপত্তির কথা লিখে সই করেন।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গতকাল প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুসারে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়েছে। তবু প্রধান বিরোধী দল সংসদে এসে প্রস্তাব দিলে হয়তো রাজনৈতিক সমঝোতার সুযোগ থাকত। কিন্তু তারা তো এলই না। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে সমৃদ্ধ করতে কাজ করতে হবে। যাতে করে বিরোধী দলসহ সবার মধ্যে আস্থা তৈরি হয়। এ ব্যাপারে বিরোধী দল সংসদে এসেও প্রস্তাব দিতে পারে। মেনন বলেন, ‘সংবিধানে রাষ্ট্রধর্ম বহাল ও ধর্মীয় রাজনীতির সুযোগ থাকা ভুল হয়েছে বলে আমি মনে করি। কারণ এতে করে উগ্রবাদী ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলো আরও উগ্রবাদী হয়ে উঠতে পারে। আর রাষ্ট্রধর্ম বহাল রেখেও যে তাদের তুষ্ট করা যায়নি, তার প্রমাণ তো দেখা যাচ্ছে। ইতিমধ্যে ওই সব জঙ্গি দলগুলো হরতাল দিতে শুরু করেছে।’ সামরিক শাসকেরা ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্মের বিধান যুক্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নতুন ফর্মুলা হতে পারে। সবার সঙ্গে আলোচনা করে এটি করতে হবে। সবাই চায় নির্বাচনকে বিতর্কহীন করতে। সেটা তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তীকালীন কিংবা দলীয় সরকার—যার অধীনেই হোক না কেন। তিনি বলেন, তাঁদের পাঁচটি সংশোধনী গ্রহণ না করলেও এ সংশোধনীর কারণে দেশ আলোর দিকেই যাত্রা শুরু করবে। বাহাত্তরের সেই সংবিধানে দেশ ফিরে যেতে পারল না, তবে সেখানে যাওয়ার কাজ শুরু হলো। কারণ সংবিধানে বাহাত্তরের চার মূলনীতি ফিরে এসেছে। এটি সবচেয়ে বড় অর্জন।হাসানুল হক ইনু বলেন, ‘সংবিধান সংশোধনের কিছু বিষয়ে একমত হতে পারিনি। তাই আপত্তি দিয়েছি। ধর্ম মানুষের জন্য, রাষ্ট্রের জন্য নয়। সংবিধানে বিসমিল্লাহ রাখার জন্য মুক্তিযুদ্ধ করিনি। রাষ্ট্রের কোনো ধর্ম থাকাও উচিত নয়।’ মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘আমরা চাইলেও শেষ পর্যন্ত সংবিধানে আমাদের সংশোধনীগুলো রাখা যায়নি। তবে আমি আশাবাদী মানুষ, এটি হবে।’ তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ফর্মুলা তত্ত্বাবধায়কের চেয়ে ভালো হবে।ফজলে হোসেন বাদশা বলেন, ‘সংবিধানে এমন কোনো পরিবর্তন চাইনি, যা মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত। এ জন্যই নোটিশ দিয়েছিলাম। ভোটে হেরে গেছি।’ তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। সে জন্য সবাই আলোচনা করে নতুন এ ব্যবস্থার ফর্মুলা তৈরি করতে পারলে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হবে না। এটি করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।’