বিএনপি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন মানতে পারে। তবে নির্বাচনকালীন সেই সরকারের প্রধানকে অবশ্যই নির্দলীয় ব্যক্তি হতে হবে। বিএনপি মনে করে, ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো নেতা সরকারপ্রধান থাকলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে এ কথাই বলেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা এ কথা জানিয়েছেন।বিএনপির ওই নেতা বলেন, তারানকো নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি। তবে তিনি বিএনপির মনোভাব বোঝার চেষ্টা করেছেন। বিএনপিও জাতিসংঘের প্রতিনিধির কাছে তার অবস্থান পরিষ্কার করতে পেরেছে বলে নেতারা মনে করছেন।তারানকো সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সদস্যদের নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে, বিশেষ করে রাষ্ট্রপতি বা স্পিকারকে প্রধান করে সরকার গঠনের ব্যাপারে বিএনপির মনোভাব জানতে চেয়েছেন। বিএনপি এ ব্যাপারে আপত্তির কথা জানিয়েছে।বিএনপি নির্বাচনকালীন সরকারের প্রধান পদে একজন নিরপেক্ষ ব্যক্তিকে রাখার কথা বলেছে। অন্তর্বর্তী সরকারের অন্য সদস্যরা দলীয় বা দলীয়-নির্দলীয় মিলে হতে পারেন বলে মত দিয়েছে বিএনপি। প্রয়োজনে ওই সরকারে বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য দলের নেতাদেরও রাখা যেতে পারে, এমন আলোচনাও হয়েছে।সূত্র জানায়, তারানকো কোনো শর্ত ছাড়া আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই। কথা না বলার যে বরফ প্রধান দুই দলের মধ্যে জমেছে, তা গলানোই ছিল তারানকোর লক্ষ্য। বিএনপি তাঁকে সে ব্যাপারে আশ্বস্ত করতে পেরেছে।সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য সরকার পদ্ধতি খুঁজে বের করতে খালেদা জিয়া আলোচনার পথ খোলা আছে বলে তারানকোকে জানিয়েছেন। তিনি বলেছেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতিসংঘ সবার অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ যে নির্বাচন চাইছে, তা করতে হলে বিরোধী দলের যৌক্তিক অবস্থানকে সরকারের বিবেচনায় নিতে হবে।সূত্র জানায়, খালেদা জিয়া জাতিসংঘের প্রতিনিধিকে বলেছেন, সরকার একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংকট তৈরি করেছে। এই ব্যবস্থা বাতিলের কোনো কারণ ছিল না। আদালত যে আটজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছিলেন, তার মধ্যে একজন ছাড়া সবাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার কথা বলেছিলেন।যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, তারানকোর সফরের মাধ্যমে সংলাপের পথ সুগম হয়েছে। তবে এই আলোচনার শুরু, শেষ এবং এর সাফল্য নির্ভর করবে সরকারের সদিচ্ছার ওপর। আলোচনা শুরু হলে বিএনপি প্রয়োজনীয় সব সহায়তা করবে। তখন নির্বাচনকালীন সরকারের রূপরেখাসহ সব বিষয় আলোচনায় আসবে। তিনি বলেন, আলোচনার জন্য সরকার যে চিঠি দেবে, তার ভাষা দেখলেই বোঝা যাবে এর সফলতার ব্যাপারে তারা কতটা আন্তরিক। তবে বিএনপি আলোচনায় বসতে চায়।