অন্তর্বর্তীকালীন সরকার-প্রধান আলোচনার ভিত্তিতে: আশরাফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো অসাংবিধানিক ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন।আজ রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন। বিরোধী দল ও সংলাপ বিষয়ে আশরাফসংলাপের আহ্বান জানিয়ে বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ইতিমধ্যে বিরোধী দলকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। সংসদে এসে তিনি তাদের দাবি পেশ করার কথা বলেছেন। আশরাফ যোগ করেন, ‘একজন প্রবীণ রাজনীতিবিদ বলেছেন, জাতীয় স্মৃতিসৌধে আলোচনা হবে। আমাদের জানামতে, সেখানে কোনো আশ্রয়কেন্দ্র নেই যে বসে কোনো আলোচনা করা যাবে।’ ‘সংসদে গিয়ে আমরা কোনো ফর্মুলা পেশ করব না। কারণ, সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটা সরকার বাতিল করে দেবে’—বিরোধী দলের এমন অবস্থানের বিষয়ে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘তাদের প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে আলোচনা হবে। এই আলোচনা ভোটাভুটির মাধ্যমে বাতিল করা হবে, সেটা তো বলা হয়নি।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শর্তহীন সংলাপে রাজি হয়েছেন। তাহলে সরকারের পক্ষ থেকে অন্য সময়ের চেয়ে বেশি সাড়া মিলছে না কেন—এমন প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘একবার তিনি বললেন, তলে তলে আলোচনা হয় না। আমাদের আলোচনার আহ্বানকে গুরুত্ব না দিয়ে তিনি আলটিমেটাম দিয়ে আমাদের সংলাপের প্রস্তাব নাকচ করে দিলেন। তাঁর কোনো প্রস্তাব দেওয়ার আগে নিকট অতীতে কী হয়েছে, সেটা মনে রাখতে হবে।’ বাংলাদেশে আর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নয়সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশে আর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা ২০০৭-২০০৮ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে সংবিধান সমুন্নত রাখা হবে। তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো অসাংবিধানিক ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আশরাফ আরও বলেন, আওয়ামী লীগের বর্ধিত সভা দৃঢ়ভাবে মনে করে, বর্তমান সংবিধানের আওতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কেবল নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই করা সম্ভব। বিশ্বব্যাপী পরীক্ষিত নির্বাচনকালীন সরকারব্যবস্থাই হলো সংসদীয় গণতন্ত্রের অপরিহার্য অনুকরণীয় পথ। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নেওয়ার জন্য দেশের সব গণতান্ত্রিক দলকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।সভা-সমাবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সবার ওপরই কার্যকর হবেসভা-সমাবেশের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মাসের নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সব সময় সাংবিধানিক অধিকার বাস্তবায়ন হয় না। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মৃত্যুর হার বেশি না হলেও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন। এ জন্য এক মাস সভা-সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’ তিনি বলেন, ‘এটি শুধু বিরোধী দলের ওপর নয়, সরকারি দলের ওপরও কার্যকর হবে।’দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার তাগিদআওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দলের বর্ধিত সভায় বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার তাগিদ দেওয়া হয়েছে। যেসব জেলা ও উপজেলায় সম্মেলন অসমাপ্ত রয়েছে, অবিলম্বে সেসব জেলা ও উপজেলা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া, সর্বস্তরের দলীয় সংগঠন এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে অবিলম্বে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়। সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সফর করবেন বলে তিনি জানান। পাট ও বস্ত্র মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে দুর্যোগপীড়িত এলাকার মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম চালানো হবে বলেও তিনি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক প্রমুখ।