অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে সম্মত নেপালের দলগুলো
নেপালের রাজনৈতিক দলগুলো দেশটির প্রধান বিচারপতি খিলারাজ রেজমির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জুনের মধ্যভাগে সাধারণ নির্বাচনে অংশ নিতে সম্মত হয়েছে। গতকাল সোমবার দলগুলোর নেতারা এ ব্যাপারে সম্মত হন। আজ মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।বিচারপতি রেজমি সাবেক আমলা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত ১১ সদস্যের মন্ত্রিসভার নেতৃত্ব দেবেন। দীর্ঘমেয়াদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের থাকবে না। তাঁরা শুধু সরকার পরিচালনার জন্য নিয়মিত কাজগুলো করতে পারবেন।এই সমঝোতার খসড়া তৈরির সঙ্গে যুক্ত নেপালি কংগ্রেসের নেতা বিমলেন্দ্র নিধি জানান, প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর মর্যাদায় কাজ করবেন। এ সময় তিনি বিচারকার্য থেকে সম্পূর্ণ দূরে থাকবেন।দেশটির রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ নিতে সম্মত হওয়ায়, গত বছরের মে থেকে চলে আসা রাজনৈতিক অস্থিতিশীলতা কাটবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।পাঁচ বছরমেয়াদি ৪৯১ জন সাংসদ নিয়ে নতুন সংসদীয় পরিষদ গঠনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে।