দেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় সংকটের শেষ নেই। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ—সব ক্ষেত্রেই রয়েছে নানা সমস্যা। এসব কারণে ভোলার এই দ্বীপের প্রায় দেড় লাখ মানুষের জীবন চলছে ধুঁকে ধুঁকে। দুজন ডাক্তার দিয়ে চলছে সেখানকার ৩১ শয্যার হাসপাতাল। দারিদ্র্যের কারণে শিক্ষাদীক্ষায়ও পিছিয়ে আছে এই দ্বীপের মানুষ। যোগাযোগের সংকট দ্বীপের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বিচ্ছিন্ন এই ভূখণ্ডের জেলেরা যুগের পর যুগ পেরিয়ে গেলেও মহাজনী দাদন ব্যবসায়ীদের খপ্পর থেকে বের হতে পারছেন না।এত সংকটের মধ্যেও এই দ্বীপে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। দ্বীপের দক্ষিণে জেগে ওঠা চর ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। স্থাপিত হতে পারে শিল্প কলকারখানা। তবে এ জন্য যোগাযোগ ও বিদ্যুতের সংকট কাটাতে হবে। সরেজমিন ঘুরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।৩১ শয্যার হাসপাতালে দুজন চিকিৎসক: মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে মনপুরার ৩১ শয্যার উপজেলা হাসপাতাল। এর মধ্যে একজন অধিকাংশ সময় ছুটিতে থাকেন। চিকিৎসকের ১১টি পদের মধ্যে বাকিগুলো খালি রয়েছে দীর্ঘদিন ধরে। মাত্র একজন চিকিৎসককে সামলাতে হচ্ছে বহির্বিভাগ ও অন্তবিভাগের রোগীদের চাপ। চিকিৎসকের অভাবে হাসপাতালে আসা রোগীদের একমাত্র ভরসা সেবিকা (নার্স)।সরেজমিন ঘুরে হাসপাতালের বারান্দায় রোগীদের ভিড় চোখে পড়ে। দূরদূরান্ত থেকে আসা রোগীরা ডাক্তারের অপেক্ষায় রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষের সামনের বেঞ্চে বসেছেন নারীরা। কক্ষের ভেতরেই রোগী দেখছেন চিকিৎসক। একজনের বের হওয়ার অপেক্ষায় অনেকজন। অন্যদিকে বহির্বিভাগ থেকে ব্যবস্থাপত্র নিয়ে কেউ কেউ ওষুধসহ বাড়ি ফিরছে। প্যারাসিটামলসহ কিছু সাধারণ ওষুধ হাসপাতালে পাওয়া যায়। বেশির ভাগ ওষুধ কিনতে হয় বাইরে থেকে।হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের সব বিভাগের অবস্থা শোচনীয়। বহির্বিভাগে দুজন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন একজন। এক্স-রে টেকনিশিয়ান থাকলেও মেশিন নেই। ল্যাবরেটরির যন্ত্রপাতি নেই। হাসপাতালে অপারেশন থিয়েটার নেই। নেই পরীক্ষা-নিরীক্ষার কোনো ধরনের ব্যবস্থা। ডায়াবেটিস রোগীর গ্লুকোজ পরীক্ষা করাতেও ছুটতে হয় ঢাকায়। বিদ্যুতের সংকটে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মনপুরায় সন্ধ্যা ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। দিনের মনপুরা থাকে বিদ্যুৎবিহীন।সংকটের কথা জানাতে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এফ এম রফিকুল হাসান প্রথম আলোকে বলেন, ছোটখাটো পরীক্ষার ব্যবস্থাও নেই এখানে। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের অনেক পদ শূন্য। এভাবে একটি সরকারি হাসপাতাল চালানো কঠিন।শিক্ষায় পিছিয়ে থাকার কারণ দারিদ্র্য: নয় বছরের শিশু মমিন স্কুলে না গিয়ে বাবার সঙ্গে সাগরে মাছ ধরছে। বাড়ি মনপুরা উপজেলা সদরের কাছেই চরবোয়ালিয়া এলাকায়। বাবা আবদুল মালেক প্রায় ১৫ বছর ধরে সাগরে মাছ ধরে সংসার চালাচ্ছেন। নিজের জমিজমা নেই। পরিবার নিয়ে বসবাস করছেন সরকারি খাসজমিতে। অভাব-অনটনের সংসারে ছেলেকে স্কুলে পাঠাতে পারেননি তিনি।মনপুরার অধিকাংশ জেলে পরিবারের অবস্থা এমনই। হাজিরহাট, সাকুচিয়া, চরগোয়ালিয়া, রামনেওয়াজ, আন্দিরপাড়, কলাতলীসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে একই চিত্র মেলে। সংসারে অভাব-অনটনের কারণে অভিভাবকেরা ছেলেমেয়েদের স্কুলে না পাঠিয়ে কাজে পাঠান। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার প্রায় ৪০ শতাংশ। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাও তূলনামূলক অনেক কম। কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক কম আবার কোনো বিদ্যালয়ে শিক্ষকের তুলনায় শিক্ষার্থী কম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মর্তা।প্রাথমিক বিদ্যালয়ের এই দুরবস্থার প্রভাব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পড়ছে বলে দাবি করেন দুই কলেজের অধ্যক্ষ। মনপুরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার মান অত্যন্ত খারাপ। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানও ভালো নয়। এর প্রভাব পড়ছে উচ্চমাধ্যমিক স্তরে। এখানকার ৫ শতাংশ শিক্ষার্থী মনপুরার বাইরে উচ্চশিক্ষার সুযোগ পায়। বাকিদের এখানেই লেখাপড়া করতে হয়। এ জন্য এখানকার একটি কলেজ সরকারীকরণ করা প্রয়োজন।মনপুরায় শিক্ষার সংকট প্রসঙ্গে মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে মনপুরা অনেকটাই পিছিয়ে। শিক্ষার্থী কমছে বছরে বছরে। কলেজের প্রতিষ্ঠাকালে ২০০২-০৩ শিক্ষাবর্ষে ১১৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও পরের বছরই শিক্ষার্থীর সংখ্যা ৪৩ জনে নেমে আসে। পরের বছরগুলোতে কোনো বছর শিক্ষার্থী কমেছে, কোনো বছর সামান্য বেড়েছে।মহাজনী দাদনে বন্দী: চরজ্ঞানের জেলে মতলব বেপারী মহাজনের কাছ থেকে ১৫ হাজার টাকা দাদন নিয়েছিলেন সাত বছর আগে। মাছ বিক্রি করে এই সময়ে কমিশন হিসেবে ৭০ হাজার টাকা মহাজনকে শোধ করেছেন তিনি। তার পরও আসল টাকা শোধ হয়নি। আন্দিরপাড়ের জেলে আবদুল খালেক, জুয়েল মিয়া, সালাহউদ্দিন আহমেদ, সাকুচিয়ার জনতা বাজারের সাইফুল ইসলামসহ অনেকের অবস্থা এমনই। এভাবেই মনপুরার হাজার হাজার জেলে বন্দী হয়ে আছেন মহাজনী দাদনের জালে।জেলেরা জানান, মাছ ধরার জন্য দাদন নিয়ে তাঁরা নৌকা ও জাল কিনে নদীতে মাছ ধরতে নামেন। দাদন নেওয়ার কারণে নির্ধারিত মহাজনের কাছেই মাছ বিক্রি করতে বাধ্য জেলেরা। প্রতিবার মাছ বিক্রির টাকা থেকে সর্বোচ্চ ১৬ শতাংশ কমিশন কেটে রাখেন মহাজন। একবার দাদন নিলে এর বৃত্ত থেকে জেলেরা আর বের হতে পারেন না। ব্যাংকের ঋণ নীতিমালা মেনে জেলেরা ঋণ নিতে পারেন না। ব্যাংক থেকে তাঁদের ঋণ নিতে হয় কৃষক সেজে। কিন্তু তা অনেকের ভাগ্যেই মেলে না। এ কারণেই জেলেরা মহাজনী দাদনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ব্যাংক ঋণের প্রক্রিয়া আরও সহজ করে জেলেদের মহাজনী দাদনের হাত থেকে বাঁচানোর দাবি জানিয়েছেন জেলেরা।বিচ্ছিন্নতাই বড় সমস্যা: যোগাযোগবিচ্ছিন্ন থাকায় সব দিক থেকে পিছিয়ে রয়েছে মনপুরা। নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র যায় বাইরে থেকে। কোনো কারণে সরবরাহে ঘাটতি দেখা দিলেই সব পণ্যের দাম বেড়ে যায়। স্বাভাবিক সময়েও বিভিন্ন পণ্যের দাম অনেক বেশি থাকে। ভোলা থেকে তজুমদ্দিন হয়ে মনপুরা যেতে হয়। তজুমদ্দিন ঘাট থেকে দুপুর দুইটায় একটি সি-ট্রাক ছাড়ে মনপুরার উদ্দেশে। তবে এই সি-ট্রাক অধিকাংশ সময়ই অকেজো থাকে। বিকল্প ব্যবস্থা হিসেবে রয়েছে ট্রলার। সকাল ১০টা ও দুপুর দুইটায় দৈনিক দুবার মনপুরা থেকে ভোলায় যাওয়ার সুযোগ রয়েছে।