অন্তিম শয়ানে ফিদা হুসেন
শেষ পর্যন্ত মৃত্যুর পরও জন্মভূমিতে ফেরা হলো না ‘ভারতের পিকাসো’ মকবুল ফিদা হুসেনের। রঙিন ক্যানভাসের মতো বর্ণময় জীবন ছিল যে শিল্পীর, তিনি চিরনিদ্রায় শায়িত হলেন জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে। গত শুক্রবার প্রখ্যাত এই চিত্রশিল্পীর দাফন সম্পন্ন হয়েছে লন্ডনের বাইরে ওকিংয়ের ব্রুকউড সমাধিস্থলে অত্যন্ত সাদামাটাভাবে।দাফনের আগে দক্ষিণ লন্ডনের টুটিংয়ের ইদারা-ই-জাফেরিয়া মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হয়। ভক্তরা যাতে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারে, এ জন্য তাঁর কফিন সেখানে কিছু সময়ের জন্য রাখা হয়। শিল্পীর চার ছেলে ও দুই মেয়ে সেখানে উপস্থিত ছিলেন। আত্মীয়-বন্ধু থেকে শুরু করে হুসেনের বহু গুণগ্রাহী শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিলেন। অংশ নিয়েছিলেন জানাজা ও দাফন অনুষ্ঠানে। ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু, শিল্পসংগ্রাহক আনোয়ার সিদ্দিকী, সৌন্দর্য বিশেষজ্ঞ শেহনাজ হুসেন, শিল্পপতি লক্ষ্মী মিত্তাল, লেখিকা শোভা দেসহ আরও অনেকে। ছিলেন ভারতের হাইকমিশনার নলিন সুরিও। তবে তাঁর পরিবারের গোপয়ীনতা রক্ষার্থে সেখানে গণমাধ্যমকে প্রদেশের অনুমতি দেওয়া হয়নি।ইদারা-ই-জাফেরিয়া মসজিদ থেকে হুসেনের লাশের কফিন নিয়ে যাওয়া হয় দক্ষিণ ওকিংয়ের ব্রুকউড সমাধিস্থলে। দীর্ঘদিন নানা অসুস্থতায় ভুগে গত বৃহস্পতিবার সকালে লন্ডনের রয়েল ব্রমটন হাসপাতালে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মকবুল ফিদা হুসেন। ফিদা হুসেন ২০০৬ সাল থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। হিন্দু দেব-দেবীদের নিয়ে আঁকা কিছু ছবি প্রকাশের পর তাঁর ওপর ক্ষিপ্ত হয় উগ্র হিন্দুরা। তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। এরপর তিনি দেশ ছেড়ে চলে যান। আর কখনো দেশে ফেরেননি। কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন ২০১০ সালে। দেশ ছাড়ার পরের দিনগুলো তাঁর কেটেছে কাতার ও লন্ডনে।ভারত সরকার জানিয়েছিল, হুসেনের পরিবার চাইলে তাঁর দেহ ভারতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। কিন্তু হুসেনের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের ক্ষোভ, বড্ড দেরি করে ফেলেছে ভারত সরকার। তাই শেষ পর্যন্ত লন্ডনেই চির শায়িত হলেন ‘ভারতের পিকাসো’। ব্রুকউডের সমাধিস্থলে শেষ হলো হুসেন অধ্যায়। পিটিআই, দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন।