অন্ত্রের রোগ সম্পর্কে সচেতনতা বাড়াবেন বিশেষজ্ঞরা
উত্সবের আমেজ শেষে অন্যরা যেখানে কম খেয়ে শরীরের মেদ ঝরাতে ব্যস্ত, ১৮ বছর বয়সী মুহাম্মদ মিয়া সেখানে স্বাভাবিকভাবে কলের পানিও খেতে পারেন না। কারণ তাঁর পাকস্থলী অনেক বেশি সংবেদনশীল। অন্ত্রের গুরুতর সমস্যার কারণে জন্ম থেকেই তাঁকে কৃত্রিমভাবে পুষ্টি গ্রহণ করতে হয়। দিনের বেলায় তাঁকে আমিষ, শর্করা, চর্বি ও ভিটামিন-সমৃদ্ধ খাবার তরল আকারে দেওয়া হয়। আর রাতে অন্য পুষ্টিদায়ক উপাদানগুলো একটি বিশেষ নলের সাহায্যে সরাসরি তাঁর পাকস্থলীতে সঞ্চালন করা হয়।লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের চিকিত্সকদের মতে, মুহাম্মদের ক্ষুদ্রান্তের মসৃণ মাংসপেশি বিকল হওয়ায় তাঁর অন্ত্রে এ ধরনের সমস্যার তৈরি হয়েছে।মুহাম্মদ মিয়ার এই রোগটি ইনটেস্টিনাল সিওডো অবস্ট্রাকশন নামে পরিচিত। এই রোগে ক্ষুদ্রান্ত, মানুষের পাকস্থলীর অন্ত্রনালীর মধ্য দিয়ে খাবার, মল ও বায়ুপ্রবাহের ক্ষমতা হারিয়ে ফেলে। রোগীরা প্রচণ্ড মাত্রায় কোষ্ঠকাঠিন্যে ভোগে। যুক্তরাজ্যে ১২ থেকে ১৫ শতাংশ শিশু এই রোগে আক্রান্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ লন্ডন’স ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের জ্যেষ্ঠ প্রভাষক ড. নিখিল থারপার এই রোগে আক্রান্ত শিশুদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিত্সার জন্য ন্যাশনাল সেন্টারকে দায়িত্ব দিয়েছে। তবে তিনি জানান, এই রোগ নিরাময়ের স্থায়ী কোনো চিকিত্সাপদ্ধতি নেই। এর একমাত্র চিকিত্সা হলো মুহাম্মদের মতো রোগীদের বেঁচে থাকতে মানসিকভাবে সাহায্য করা। তিনি আরও বলেন, ইনটেস্টিনাল সিওডো অবস্ট্রাকশনে আক্রান্ত শিশুরা কখনোই স্বাভাবিক অবস্থায় খেতে পারে না। আজীবনই তাদের এই কষ্ট বয়ে বেড়াতে হয়।আসছে ফেব্রুয়ারিতে ইনটেস্টিনাল সিওডো অবস্ট্রাকশনের মতো দুরারোগ্য ব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এবং অন্ত্র-সংক্রান্ত রোগ নিয়ে উন্নততর গবেষণা পরিচালনার জন্য অর্থ সংগ্রহে ড. থারপার কিলিমাঞ্জারো পর্বতে আরোহণ করবেন। শরীরে অনেকবার অস্ত্রোপচার হওয়ায় মুহাম্মদ এই ক্লান্তিকর পথচলায় থারপারের সঙ্গী হতে পারবে না ঠিকই কিন্তু এই যাত্রা এবং ভবিষ্যত্ গবেষণা তাঁর জন্য জীবন পরিবর্তনের একটি উপলক্ষ নিয়ে আসবে—এমনই স্বপ্নে বিভোর মুহাম্মদ। বিবিসি অনলাইন।