অন্দরের বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধার্থ কি পারবে কোমল হাতে এত কঠিন কাজ করতে? কিংবা ঝিলিক কি জেলেই যাবে? ভারতীয় টিভি চ্যানেলের সিরিয়ালের এসব ভাবনায় আর ডুব মারতে রাজি নন বাড়ির গৃহিণীরা। কেননা, তাঁরাও এখন বিশ্বকাপের খেলা নিয়ে ব্যস্ত। এই সময় টিভির পর্দায় সাকিব, ধোনি আর আফ্রিদিদের উল্লাস ছাড়া অন্য কিছু দেখার অবসর নেই কারও। টিকিট নামক সোনার হরিণের পায়ে শেকল বাঁধতে পারেননি যাঁরা, টিভিই এখন তাঁদের শেষ ভরসা।ঘরের মাঠের বিশ্বকাপকে টিভিতে দেখতে কত আয়োজন! খেলা দেখার সময় যদি ভুল করে রিমোটের বাটনে চাপ পড়ে চ্যানেল পরিবর্তন হয়ে যায়? না, এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে কেউ কেউ রিমোটটি নিরাপদ দূরত্বে রেখে দেন। ‘খেলা চলার সময় রিমোট যেন হাঁফ ছেড়ে বাঁচে।’ বলছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল পারভেজ।‘পরিবারে আয়োজন করে খেলা দেখা, সে তো মাঠে বসে দেখার চেয়েও অনেক মজা।’ বলছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানিয়া সুলতানা। ‘বাসায় খেলা দেখার সময় চা, কফি কিংবা কখনো কখনো মুড়িমাখা খাওয়া—খেলা দেখার আমেজটাকে বৃদ্ধি করে বহুগুণ।’ বলছিলেন তানিয়ার ছোট বোন ইশরাত জাহান।খেলা দেখতে গিয়ে রান্নাবান্নায় কোনো সমস্যা হয় কি? এমন প্রশ্নের উত্তর দিলেন বাসাবোর গৃহিণী আসমা খাতুন, ‘আমি তো টিভির সামনে থেকে উঠতেই চাই না, তার পরও রান্নাটা ঝটপট করে ফেলি। এ সময় তানিয়ার বাবাও সাহায্য করে। আর কোনো দিন তো রাতের খাবারটা বাইরেই খাওয়া হয়, সেদিন খেলা দেখা হয় শুরু থেকে শেষ পর্যন্ত।’বাড়ির বয়সী সদস্যরাও খেলা দেখা থেকে বিচ্ছিন্ন নন বরং তাঁদেরই যেন তাগাদা বেশি। তাঁরাই যেন তরুণ হয়ে ওঠেন খেলা চলার সময়। সলিমুল্লাহ রোডে কথা হয় ৫৩ বছর বয়সী মোসলেম উদ্দিনের সঙ্গে, ‘শুধু নামাজের সময় টিভির সামনে থেকে উঠে নামাজ পড়ে আসি।’এত দিন যাঁরা টিভি কিনব কিনব করে কেনেননি, বিশ্বকাপ আসার পর তাঁরা আর বিলম্ব করতে পারেননি। খেলা দেখার উদ্দেশ্য সামনে রেখে অনেক বাসায় কেনা হয়েছে নতুন টিভি। ‘নতুন টিভিতে বিশ্বকাপ দেখার জন্যই টিভি কিনেছি।’ বলছিলেন আইডিবি ভবনের সামনে শিহাব মুন্তাহা নামের এক ক্রেতা। কেউ কেউ আবার টিভি থাকা সত্ত্বেও অন্য কক্ষের জন্য কিনেছেন বাড়তি আরেকটি টিভি। আবার যাঁদের বাসায় শুধু কম্পিউটার ছিল, টিভি কার্ড কিনে তাঁরাও বিশ্বকাপ দেখছেন অন্দরে বসে। বিশ্বকাপ আসার কারণে বিক্রি হয়েছে প্রচুর টিভি কার্ড, বলছিলেন আইডিবি ভবনের একজন বিক্রেতা।