অন্ধ সংস্থার অর্থের নিয়ন্ত্রণ নিয়ে খলিল খুন হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অন্ধ সংস্থার সম্পদ ও অর্থের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে সংস্থার মহাসচিব দৃষ্টিপ্রতিবন্ধী খলিলুর রহমানকে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সম্প্রতি এই হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে, অন্ধ সংস্থার বিপুল সম্পদ ও আয়ের নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে। সংস্থাটির নির্বাচনে পরাজিত সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী তহবিলের অর্থ লুটপাট করতে খলিলুর রহমানকে হত্যার পরিকল্পনা করেন।২০১১ সালের ১ জানুয়ারি রাতে খলিলুর রহমান মিরপুর ১ নম্বরে শাহ আলী বাগে জনতা হাউজিংয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াকুব আলীর ভাড়া বাসায় নির্বাচনে পরাজিত সভাপতি ও মহাসচিব পদপ্রার্থীর সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। সেখানেই খলিলুরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী হাছিনা পারভীন আটজনের নাম উল্লেখ করে মিরপুর থানায় হত্যা মামলা করেন। ডিবি পুলিশ তদন্তে এ ঘটনায় আরও দুজনের সম্পৃক্ততা পায়।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারক সেলে থাকা এই মামলাটির তদন্ত শেষে ডিবি পুলিশ গত ৩১ জুলাই অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রভুক্ত ১০ জনের মধ্যে পাঁচজন অন্ধ সংস্থার সদস্য। দৃষ্টিপ্রতিবন্ধী এই পাঁচজন হলেন মিনহাজউদ্দিন, আইয়ুব আলী, ইয়াকুব আলী, নুরুল আলম সিদ্দিক ও সোহাগ হোসেন। বাকি পাঁচজন ভাড়াটে খুনি। তাঁরা হলেন রমজান আলী, হাসানুর রহমান ওরফে রুবেল, মো. শহিদ, টিপু ওরফে হীরা ও শহিদুল ইসলাম। হাসানুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রমজান ছাড়া বাকি নয়জন কারাগারে আছেন। হত্যাকাণ্ডের সঙ্গে এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম ও জাকির হোসেন এবং সন্দেহভাজন বাবুলের সম্পৃক্ততা না পাওয়ায় মামলা থেকে তাঁদের অব্যাহতি দিতে আদালতে আবেদন করা হয়েছে। বাবুলকে মামলায় সাক্ষী করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ জানান, তাঁর আগে আরও তিনজন কর্মকর্তা মামলাটি তদন্ত করেন। ২০১০ সালের আগস্টে অন্ধ সংস্থার নির্বাচনে সভাপতি পদে মিনহাজউদ্দিন ও মহাসচিব পদে আইয়ুব আলী পরাজিত হন। এতে তাঁরা খলিলুর রহমানের ওপর ক্ষুব্ধ হন। তাঁদের সরাসরি নির্দেশে ইয়াকুব আলীর বাসায় সমঝোতা বৈঠক ডেকে খলিলুরকে হত্যা করা হয়। এর জের ধরে পরে বকশীবাজারে সংস্থাটির কার্যালয়ে সংস্থার সদস্য ইদ্রিস আলী খুন হন।তদন্ত সূত্র জানায়, বিপণিবিতান, পরিবহন ব্যবসা, সরকারি, বেসরকারি ও বিভিন্ন দাতা সংস্থা থেকে বিপুল টাকা আসে অন্ধ সংস্থায়। মিনহাজ ও আইয়ুব নির্বাচিত কর্মকর্তা না হওয়ায় সংস্থার সম্পদ ও বিপুল অর্থের নিয়ন্ত্রণ নিতে পারেননি। কয়েকবার নির্বাচন করে হেরে যান তাঁরা। এরপর তাঁরা খলিলুরকে হত্যার পরিকল্পনা করেন।অন্ধ সংস্থার সদস্যরা জানান, ১৯৭৮ সালে সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রাজাসন সড়কের পাশে এক একর ৬৪ শতাংশ জমি কিনে জাতীয় অন্ধ সংস্থার নামে বিপণিবিতান করা হয়। সেখানে ৯০০টির মতো দোকান ৬০০ থেকে এক হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে। এই আয়ের নিয়ন্ত্রণ নিয়ে দলাদলির জের ধরে প্রথমে খলিলুর ও পরে খুন হন ইদ্রিস আলী।জাতীয় অন্ধ সংস্থার কমিটির সদস্য হারুন অর রশীদ বলেন, ২০১০ সালের ২৬ আগস্ট নির্বাচনে খলিলুর জাতীয় অন্ধ সংস্থার তিন বছর মেয়াদে মহাসচিব নির্বাচিত হন। এর আগেও তিনি তিনবার নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত প্যানেলের সভাপতি প্রার্থী মিনহাজ ও সাধারণ সম্পাদক প্রার্থী আইয়ুব আলীসহ অন্যরা ফল মেনে না নিয়ে ভোট পুনর্গণনার আবেদন করেন। ৬ জানুয়ারি ভোট পুনর্গণনার তারিখ ধার্য ছিল। তিনি দাবি করেন, ভোট পুনর্গণনা করে লাভ হবে না ভেবে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটান।মামলার বাদী দৃষ্টিপ্রতিবন্ধী হাছিনা পারভীনের সঙ্গে গত মঙ্গলবার রাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি তাঁকে জানানো হয়নি। স্বামী হত্যার পর তিনি অর্থকষ্টে ভুগছেন। অনেক কষ্টে তিন সন্তানকে পড়াশোনা করাচ্ছেন।