অন্ধ সংস্থার কার্যালয়ে নেতা খুন
জাতীয় অন্ধ সংস্থার কার্যালয়ে ঢুকে সংস্থার সাংগঠনিক সচিব ইদ্রিস আলী বেপারীকে (৪৩) গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে এ ঘটনা ঘটেছে। এর আগে গত জানুয়ারি মাসে মিরপুরে অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমানকে (৫০) গুলি করে হত্যা করা হয়।নিহত ব্যক্তির স্ত্রী ও অন্য দৃষ্টিপ্রতিবন্ধীরা জানান, খলিলুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত (৫ নম্বর) আসামি ছিলেন ইদ্রিস। ওই ঘটনার প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটতে পারে বলে তাঁদের সন্দেহ। এক বছর আগেও ইদ্রিসকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় বলে জানা গেছে।পুলিশ জানায়, জাতীয় অন্ধ সংস্থার সাভারে মার্কেটসহ জমিজমা ও অন্যান্য সম্পদের দখল নিতেই দুই দলের মধ্যে এই দ্বন্দ্ব ও খুনোখুনি। সংস্থার কমিটিতে যাঁরা প্রভাবশালী, তাঁরাই এগুলোর আয়ের টাকা তুলতে পারেন।বকশীবাজারে জাতীয় শিক্ষা বোর্ডের পাশেই অরফানেজ রোডে জাতীয় অন্ধ সংস্থার প্রধান কার্যালয়। ১০ কাঠা জমির ওপরে একটি পুরোনো দোতলা ভবন; সামনে-পেছনে ফাঁকা। এ ভবনের নিচতলার তিনটি কক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীরা থাকেন। গতকাল সকালে কার্যালয়ে আসার পর শরীর খারাপ করায় নিচতলার একটি কক্ষে বিশ্রাম নিতে যান ইদ্রিস। ওই কক্ষ থেকে ১০-১২ গজ দূরেই ভবনের মূল ফটকে চেয়ার পেতে বসেছিলেন তাঁর স্ত্রী পারভীন আক্তারসহ ছয়জন। বেলা পৌনে তিনটার দিকে হঠাৎ ইদ্রিসের চিৎকার শোনা যায়।ইদ্রিসের স্ত্রী পারভীন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, কাটা গলা চেপে ধরে চিৎকার করছিলেন তাঁর স্বামী। বারবার বলছিলেন, ‘আবু বকর ও শুক্কুর আমারে মাইরা ফেলল।’ তবে পারভীন কাউকে পালিয়ে যেতে দেখেননি। আহত ইদ্রিসকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।ঘটনার পর পাশের নালা থেকে ফল কাটার মতো ছোট ছুরি উদ্ধার করেছে পুলিশ। রক্তমাখা ছুরিটি বাঁকিয়ে নালায় ফেলে দেওয়া হয়েছে।অন্ধ সংস্থার সদস্যরা জানান, ১৫ বছর সংস্থায় কোনো কমিটি ছিল না। গত বছরের আগস্টে সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫ সদস্যের পরিষদের মধ্যে খলিল-কামাল পরিষদ সাতটি ও আইয়ুব-মিনহাজ পরিষদ আটটি পদ পায়। ওই নির্বাচনের পরই এ বছরের ১ জানুয়ারি খলিলুর রহমান খুন হয়েছিলেন। খলিল খুনের পর গত এপ্রিল মাসে এক সাধারণ সভায় মিনহাজ-আইয়ুব পরিষদের লোকজন আইয়ুব আলীকে মহাসচিব ও মিনহাজ উদ্দীনকে চেয়ারম্যান মনোনীত করেন। শুধু তাই নয়, নির্বাচিত খলিল-কামাল পরিষদের পাঁচজনকে বাদ দিয়ে নিজ দলের পাঁচজনকে মনোনীত করেন মিনহাজ-আইয়ুবেরা। ইদ্রিস আলী মনোনীতদের একজন। এঁদের মধ্যে বর্তমান মহাসচিব আইয়ুব আলী সাবেক মহাসচিব খলিলুর রহমান হত্যা মামলার প্রধান আসামি।বর্তমান মহাসচিব আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, সাভারের ১৬৪ শতক জমির ওপর মার্কেটের দখল নিয়ে কয়েক দিন ধরেই আবু বকর, শুক্কুর আলী, জাহেদুল ইসলাম রিপনসহ (নিহত খলিলের শ্যালক) কয়েকজন তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। এমনকি তাঁরা বকশীবাজারের অফিস ত্যাগ করার জন্য একাধিকবার হুমকি দেন। এ বিষয়ে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।আইয়ুব আলীর দাবি, খলিল-কামাল পরিষদের কামালসহ অন্যরা খলিল হত্যার বদলা হিসেবে ইদ্রিসকে খুন করেছেন।ইদ্রিসের স্ত্রী পারভীন আক্তার বলেন, ‘সম্পদের দখল ও খলিল হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে আবু বকর ও শুক্কুর। তারা কয়েক দিন ধরেই হুমকি দিয়ে আসছিল।’পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার এ এইচ এম কামরুজ্জামান বলেন, পাশের বাসার এক শিশু দুই তরুণকে পালিয়ে যেতে দেখেছে। তাদের পরনে ছিল লাল গেঞ্জি। অন্ধ সংস্থার দুই দলের মধ্যে দ্বন্দ্ব থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ইদ্রিসের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তাঁর দুই ছেলে। স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি আগে অন্ধ সংস্থার কার্যালয়েই থাকতেন। চলতি বছরের জানুয়ারি থেকে তাঁরা অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেন।ইদ্রিসের স্ত্রী পারভীন জানান, তিনি বা ইদ্রিস কেউই কিছু করতেন না। অন্ধ-ভাতা ও অন্ধ সংস্থা থেকে আয় দিয়েই তাঁদের সংসার চলে।