অন্ধ সংস্থার দুই বিপণিবিতান অন্যদের নিয়ন্ত্রণে
রাজধানীর অদূরে সাভার বাজারের বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি দুটি বিপণিবিতান। এতে রয়েছে প্রায় ৯০০ দোকান। এই বিশাল স্থাপনার মালিক দৃষ্টিপ্রতিবন্ধীদের সংগঠন জাতীয় অন্ধ সংস্থা। কিন্তু বিপণিবিতান দুটিতে কোনো কর্তৃত্ব নেই দৃষ্টিপ্রতিবন্ধীদের। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, দোকানের মালিকানা হস্তান্তর, ভাড়া আদায় ও তদারকির দায়িত্বে রয়েছেন বিপণিবিতানের এক ব্যবসায়ীসহ নির্মাণ ঠিকাদারেরা।জাতীয় অন্ধ সংস্থা কমিটির একাংশের নেতারা এই বিপণিবিতানের আয়ের সামান্য অংশ পেয়ে থাকেন দখলদারদের কাছ থেকে। আর ভাড়ার টাকার এই ‘সামান্য অংশের’ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অন্ধ সংস্থায় দলাদলির সূত্রপাত বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আর এই দলাদলিকে কেন্দ্র করে চলতি বছর অন্ধ সংস্থার দুই পক্ষের দুই কর্মকর্তা খুন হয়েছেন। এসব খুনের নেপথ্যে যে সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ বড় কারণ, তা তদন্তে বেরিয়ে এসেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।অন্ধ সংস্থাসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ১৯৭৮ সালে জাতীয় অন্ধ সংস্থার নামে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাজাসন সড়কের পাশে এক একর ৬৪ শতাংশ জমি কেনা হয়। এই জমির ওপর নির্মাণ করা হয় পাশাপাশি দুটি বিপণিবিতান। দুটি বিপণিবিতানে রয়েছে প্রায় ৯০০ দোকান। প্রায় সব দোকানই বিক্রি হয়ে গেছে। এসব দোকান থেকে জমিদারি (জমি-মালিকের ভাড়া) ভাড়া আদায় করা হচ্ছে জাতীয় অন্ধ সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে। তবে ভাড়া আদায়ে সংস্থার কোনো কর্তৃত্ব নেই।অন্ধ সংস্থা মার্কেট (প্রথম ইউনিট): জাতীয় অন্ধ সংস্থা সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে প্রথম ইউনিটের তিনতলা ভবনের কাজ শুরু হয়। ১৯৯১ সালে এর নির্মাণকাজ শেষ হলে ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হয়। ‘জাতীয় অন্ধ সংস্থা মার্কেট’ নামে পরিচিত বিপণিবিতানটির প্রথম ইউনিটে প্রতি তলায় ৭০টি করে দোকান রয়েছে। এসব দোকানের নিচতলার জমিদারি ভাড়া এক হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় তলার দোকানপ্রতি ভাড়া ৬০০ টাকা করে।প্রথম ইউনিটের আরজিএক্স ফ্যাশনের মালিক রনি ঘোষ জানান, অন্ধ সংস্থার কাছ থেকে আবদুর রহমান নামের এক ব্যক্তি দোকানটি ক্রয় করেন। বছর দু-এক আগে পাঁচ লাখ টাকা জামানত দিয়ে ওই দোকান ভাড়া নেন। প্রতি মাসে তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা ভাড়া আদায় করা হয়। এখান থেকে অন্ধ সংস্থা পায় মাসে এক হাজার টাকা। তিনি বলেন, মার্কেটের ব্যবসায়ী আবুবকর সিদ্দিক ও তাঁর লোকজন মাসের শেষে দোকানে দোকানে ঘুরে ভাড়া আদায় করেন।জাতীয় অন্ধ সংস্থার সদস্য মো. মনিরুজ্জামান বলেন, অন্ধ সংস্থার তত্ত্বাবধানে থাকা প্রথম ইউনিটের ২১০টি দোকানের ভাড়া আদায় করা হয় জাতীয় অন্ধ সংস্থার নামে। অন্ধ সংস্থার পক্ষে মার্কেটের নিচতলার ‘আজাদ কনফেকশনারি অ্যান্ড কসমেটিকসের’ মালিক আবুবকর সিদ্দিক এই ভাড়া আদায় করেন। তিনি বলেন, আবুবকর অন্ধ সংস্থার কেউ নন। তিনি জাতীয় অন্ধ সংস্থার একাংশের নেতা ও ভারপ্রাপ্ত মহাসচিব ওমর ফারুক ওরফে দাদনের আস্থাভাজন ব্যক্তি। এ সুবাদেই তাঁকে ভাড়া আদায়ের কর্তৃত্ব দেওয়া হয়েছে।মনিরুজ্জামান বলেন, প্রতি মাসে এই ২১০টি দোকান থেকে ভাড়া আদায় হয় এক লাখ ৪০ হাজার টাকা।দ্বিতীয় শপিং কমপ্লেক্স: অন্ধ সংস্থার একাধিক কর্মকর্তা ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বিতীয় শপিং কমপ্লেক্সের ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ এবং ‘এনএক্স’ ব্লক নামে ছয়টি ব্লক রয়েছে। এসব ব্লকের দ্বিতীয় ও নিচতলায় ছয় শর বেশি দোকান রয়েছে। এসব দোকানের বরাদ্দ দেওয়া ও ভাড়া আদায় করছে বিপণিবিতানটি নির্মাণকাজে জড়িত দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।অন্ধ সংস্থা সূত্র জানায়, দ্বিতীয় শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য অন্ধ সংস্থার পক্ষ থেকে ১৯৯৫ সালে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নিয়ে কাঁচাবাজারসহ বিপণিবিতানটি নির্মাণের কাজ পায় ‘ঊর্মি এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স রাজীব কনস্ট্রাকশন’ নামের দুটি প্রতিষ্ঠান।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঊর্মি এন্টারপ্রাইজ ১৯৯৯ সাল নাগাদ কাজ শুরু করে ২০০৩ সালে ‘বি’ ও ‘সি’ ব্লকের পুরোটাসহ ‘ডি’ ও ‘ই’ ব্লকের আংশিকের নিচ ও দ্বিতীয় তলার কাজ শেষ করে। এরপর পর্যায়ক্রমে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোকানগুলো বিক্রি করা হয়। বিক্রি হওয়া দোকান থেকে জমিদারি ভাড়া আদায় করা হচ্ছে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে।নিচতলার রুমা ফ্যাশনের মালিক উত্তম কুমার রায় বলেন, তাঁর দোকানটির মালিক জনৈক করিম পালোয়ান। তিনি চার বছর আগে ৫০ হাজার টাকা জামানত দিয়ে করিমের কাছ থেকে দোকানটি ভাড়া নিয়েছেন। প্রতি মাসে ভাড়া বাবদ দোকানের মালিককে দিতে হয় তিন হাজার টাকা।উত্তম কুমার বলেন, তাঁর দোকানের জমিদারি ভাড়া ৬০০ টাকা। এই ভাড়া আদায় করেন ঊর্মি এন্টারপ্রাইজের মালিক মো. জামাল উদ্দিন।ঊর্মি এন্টারপ্রাইজের মালিক মো. জামাল উদ্দিন বলেন, বিপণিবিতানটি নির্মাণ-ব্যয় বাবদ চুক্তি অনুযায়ী জাতীয় অন্ধ সংস্থা অর্থ পরিশোধ করতে পারেনি। এ কারণে নির্মাণ-ব্যয় তোলার জন্য অন্ধ সংস্থার পক্ষ থেকে তাঁকে দোকান বিক্রি ও ভাড়া আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি জানান, নিচতলার সব কটি দোকান বিক্রি হলেও দ্বিতীয় তলার সব দোকান বিক্রি না হওয়ায় নির্মাণ-ব্যয় এখনো বকেয়া রয়েছে। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই দোকান ভাড়া আদায় করা হচ্ছে। দ্বিতীয় শপিং কমপ্লেক্সের ‘এ’ ও ‘এনএক্স’ ব্লকের পুরোটাসহ ‘ই’ ও ‘ডি’ ব্লকের আংশিকের নিচ ও দ্বিতীয় তলার কাজ করে রাজীব কনস্ট্রাকশন। এসব ব্লকের নির্মাণকাজও শেষ হয় ২০০৩ সালে। নির্মাণকাজ শেষ হওয়ার পর এসব ব্লকের দোকানগুলো বিক্রি করা হয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ‘এনএক্স’ ব্লকের নিচতলার মতলব কালেকশনের মালিক হারুন-অর-রশিদ জানান, ১৯৯৩ সালে রাজীব কনস্ট্রাকশনের কাছ থেকে তিনি দোকানটি কিনেছেন। ৭০ বর্গফুটের এই দোকানটির জন্য তাঁকে দিতে হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। তিনি প্রতি মাসে ৬০০ টাকা হারে ভাড়া দিয়ে আসছেন। তিনি বলেন, রাজীব কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমান খানের লোকজন মাস শেষে তাঁর কাছ থেকে ভাড়া নিয়ে যান।জাতীয় অন্ধ সংস্থার কার্যকরী পরিষদের সদস্য মো. ইজ্জত আলী বলেন, ‘নিজেদের মধ্যে কোন্দলের কারণে বিপণিবিতানটি কোনো নিয়মের মধ্যে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। গুটি কয়েক ব্যক্তির কাছে আমরা জিম্মি। আর এ কারণে এখানকার আয়-ব্যয়ের কোনো হিসাব আমাদের কাছে নেই।’