অন্ধকারেই হারিয়ে গেল সম্ভাবনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ অন্ধকার হয়ে গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেই অন্ধকারই ঢেকে দিল সব সম্ভাবনা! মিনিট দশেকের অন্ধকার সময়টায় দর্শকদের হাতে থাকা অসংখ্য মুঠোফোন গ্যালারিতে মিটি মিটি জ্বলল জোনাকির মতো। কিন্তু জোনাকির আলোয় অন্ধকার আর কতটা দূর হয়! বিসিবি থেকে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের কোথায় যেন ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। সেটারই পার্শ্বপ্রতিক্রিয়ায় নিভে গিয়েছিল স্টেডিয়ামের ফ্লাড লাইট। কিন্তু অন্ধকার এই সময়টা এল এমন এক মুহূর্তে, যখন ইনিংসের প্রথম বলেই তামিম ইকবালকে হারানো বাংলাদেশ-শিবিরে জ্বলে উঠছিল আশার আলো, পাকিস্তানের ১৭৭ রানের জবাবে বাংলাদেশের স্কোর বোর্ডে তখন ১ উইকেটে ৬১ রান। শাহরিয়ার নাফীস-মাহমুদউল্লাহর দ্বিতীয় উইকেট জুটি সম্ভাবনার আলো দেখাচ্ছিল গ্যালারির সাড়ে চৌদ্দ হাজার দর্শককে।বিদ্যুৎবিভ্রাট শেষে আবার খেলা শুরু হলেও সম্ভাবনাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি মাহমুদউল্লাহ-শাহরিয়ার। শেষ পর্যন্ত হার ৫৮ রানের। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকও বললেন, হঠাৎ অন্ধকার সুর বদলে দিয়ে থাকতে পারে ম্যাচের। ‘এটা একটা কারণ অবশ্যই। কারণ ওই সময় আমরা ভালো একটা অবস্থার দিকে যাচ্ছিলাম। তবে খেলায় এ রকম বিরতি পড়তেই পারে। আমাদের যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে’—সংবাদ সম্মেলনে বলেছেন মুশফিক। পরে পাকিস্তান অধিনায়কও বলেছেন, ‘বিদ্যুৎ চলে যাওয়ায় আমাদের সুবিধা হয়েছিল। এই সময়টুকু পেয়ে আমরা নতুন করে পরিকল্পনা সাজাতে পেরেছি। বিদ্যুৎ আসার পর পরিকল্পনা ছিল উইকেট টু উইকেট বল করা, যত বেশি সম্ভব ডট বল দেওয়া।’তবে বিদ্যুৎবিভ্রাট ব্যর্থতার একটা কারণই হতে পারে কেবল। নইলে সিরিজেই জুড়েই যে ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল, আজ শেষ হওয়া ওয়ানডেতেও বের হওয়া যায়নি সেই বৃত্ত থেকে। মুশফিক নিজেও স্বীকার করেছেন, ‘দল শুধু না, আমি নিজেও হয়তো ব্যাটিং ভুলে গেছি। রানের মধ্যে না থাকলে ব্যাটসম্যানরা মানসিকভাবে দুর্বল থাকে। শট সিলেকশনে ভুল হতে থাকে তখন। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে।’ বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সমালোচনা শোনা গেছে মিসবাহর মুখেও, ‘বাংলাদেশ বোলিং খুব ভালো করেছে। তবে ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে তাদের।’ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবল-ধোলাই করার পরও স্বাগতিক বোলিংয়ের কারণেই টেস্ট সিরিজটাকে সহজ ভাবছেন না মিসবাহ, ‘মনে হয় না, সিরিজটা সহজ হবে আমাদের জন্য। এই উইকেটে এই বোলিংয়ের সামনে সংগ্রাম করতে হতে পারে ব্যাটসম্যানদের।’ তবে কোচ মহসিন খানের কথায় মনে হলো টেস্টের আগে অন্তত একটা পরীক্ষায় উত্তীর্ণ তাদের ব্যাটসম্যানরা, ‘সকালে উইকেট দেখে আমি আর মিসবাহ ঠিক করলাম, টস জিতলে ব্যাটিংই নেব। এই উইকেটে ব্যাটসম্যানদের একটা পরীক্ষা হয়ে যাবে তাতে। টেস্টে তো এ রকম উইকেটেই খেলতে হবে।’ওয়ানডেতে বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকও। তিনি আশাবাদী, ওয়ানডের হতাশা ভুলতে পারবেন টেস্টে। তবে সেটার জন্য সতীর্থদের মানসিকভাবে আরও দৃঢ় হওয়ার পরামর্শ তাঁর, ‘হাতে মাত্র দুই দিন আছে। দুই দিনের অনুশীলনে সব ভালো হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। খেলোয়াড়দের মনে রাখতে হবে, এটা ক্লাব ক্রিকেট না। আমরা দেশের হয়ে খেলছি। আমাদের আরও ইতিবাচক হওয়া উচিত।’ অন্য ব্যাটসম্যানদের মতো এই সিরিজে অধিনায়কের নিজের পারফরম্যান্সও ভালো ছিল না খুব। টেস্টে এই ব্যর্থতা কাটিয়ে সামনে থেকেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছা মুশফিকের।৯ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।